Top 5 This Week

spot_img

Related Posts

শমীকের মন্তব্যে সায়, মন্ত্রীদের মুখ খোলায় লাগাম! তাপস-দীপকদের ‘গুরুদায়িত্ব’ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

RK NEWZ সরকারি, প্রশাসনিক যে কোনও কাজকর্ম নিয়ে সংবাদমাধ্যমের সামনের আর যে কোনও মন্ত্রী মুখ খুলতে পারবেন না! এজন্য বিশেষ পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিষয়ে ‘গুরুদায়িত্ব’ দেওয়া হল রাজ্যের তিন মন্ত্রীর উপরে। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার ভরসার মুখ বলে পরিচিত ওই তিনজন। প্রসঙ্গত, সরকারের কাজকর্ম নিয়ে সংবাদমাধ্যমের সামনে কোনও মন্ত্রীর মুখ খোলা নিয়ে দিন কয়েক আগেই খানিক ‘বিরক্তি’ প্রকাশ করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তারপরই মুখ্যমন্ত্রী এই পদক্ষেপ করলেন। তাহলে কি রাজ্য সরকার এবার সংবাদ মাধ্যমের সামনে ‘বেলাগাম’ হওয়ার বিষয়ে রাশ টানল? নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলনেই বড় বার্তা দিয়েছেন তিনি। রাজ্য সরকার, প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে যে কোনও মন্ত্রী আর সংবাদমাধ্যমে মন্তব্য করতে পারবেন না। সরকারের মুখপাত্র হিসেবে এখন থেকে এই দায়িত্ব দেওয়া হল তিনজনকে। কেবল নিজেদের দপ্তর নয়, সামগ্রিক বিষয়ে তাঁরাই এবার থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। বাকিরা কেবল তাঁদের নিজেদের দপ্তরের বিষয়েই কথা বলতে পারবেন বলে খবর। তাপস রায়, দীপক বর্মন ও উমেশ রাই-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। উমেশ রাই কার্যত রাজ্য সরকারের মুখপাত্র? হিন্দি সংবাদমাধ্যমের ক্ষেত্রে কথা বলবেন। মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্য সরকারের পক্ষ থেকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন তাপস রায় ও দীপক বর্মন। হিন্দি সংবাদমাধ্যমের ক্ষেত্রে কথা বলবেন উমেশ রাই। মন্ত্রীরা নিজেদের দপ্তর নিয়ে নিশ্চয়ই তাঁদের প্রয়োজনীয় তথ্য সাংবাদিকদের জানাবেন। আর সরকারের কাজকর্মের সামগ্রিক বিষয় নিয়ে কথা বলতে হলে এই তিন জন বলবেন।” তাহলে কি এবার থেকে তাপস রায়, দীপক বর্মন, উমেশ রাই কার্যত রাজ্য সরকারের মুখপাত্র হয়ে উঠবেন? সেই প্রশ্ন উঠেছে।

দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে উত্তর ও দক্ষিণবঙ্গকেও আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক উত্তরবঙ্গের প্রতিনিধি। এদিকে শিল্পমন্ত্রী তাপস রায় দক্ষিণবঙ্গের প্রতিনিধি। হিন্দিভাষীদের কাছে সরকারি বার্তা পৌঁছনোর জন্য হাওড়ার হিন্দিভাষী নেতা উমেশ রাইকে দায়িত্ব দেওয়া হল। তাপস রায় বেশ কয়েক বছর হয়েছে বিজেপিতে এসেছেন। এদিকে দীপক বর্মন দীর্ঘ সময় ধরে বিজেপিতে রয়েছেন। ফলে আদি-নব্য দ্বন্দ্বও দেখা যাবে না, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে ‘সেবাদূত’ কর্মসূচি শুরু করছে বিজেপি। গত শুক্রবার সেই বিষয়ে বাংলায় ওই কর্মসূচির রূপরেখা বোঝানোর জন্য বিজেপির জেলাস্তরের নেতৃত্বকে নিয়ে বৈঠকে বসেছিলেন শমীক ভট্টাচার্য। সেখানেই এই বিষয়ে মুখ খোলেন বিজেপির রাজ্য সভাপতি। একাধিক মন্ত্রী সংবাদমাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত কথা বলছেন। সবাই মুখ না খুলে সরকারের অবস্থান জানানোর জন্য নির্দিষ্টভাবে কাউকে দিতে দায়িত্ব দেওয়ার কথাও বলেন তিনি। এই বিষয়ে তিনি মুখ্যমন্ত্রীকে বলবেন, সেই কথাও বলা হয়েছিল। শমীক যখন এই কথা বলছেন, তখন পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনসল সেখানে উপস্থিত। দলের অন্দরে সেই নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। সেদিন রাতেই বিজেপির কোর কমিটি এই বিষয়ে বৈঠক করে। সূত্রের খবর, সুনীল বনসলের সঙ্গে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যের কথাও হয়। তখনই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।হাওড়া জেলা হাসপাতাল পরিদর্শনে মন্ত্রী উমেশ!‌
৮ তলা ভবনে ১০০ শয্যার সিসিইউ বিল্ডিংয়ে চিকিৎসা পরিষেবা কবে?

হাওড়া জেলা হাসপাতালে নির্মীয়মাণ সিসিইউ বিল্ডিংটির কাজ প্রায় শেষ হয়ে এসেছে। খুব শীঘ্রই এই একশো শয্যার সিসিইউ বিল্ডিংয়ে চিকিৎসা পরিষেবা চালু হয়ে যাবে। আজ, শুক্রবার হাওড়া জেলা হাসপাতালের এই নতুন সিসিইউ বিল্ডিংটি ঘুরে দেখলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী উমেশ রাই। এদিন এই নতুন বিল্ডিংটি পরিদর্শনের পর মন্ত্রী জানান, ‘‘আগামী দিনে হাসপাতালের পরিষেবা ও সামগ্রিক ব্যবস্থাপনা আরও উন্নত, সুশৃঙ্খল ও সুসংহত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’’ এদিন মন্ত্রীকে নতুন হাসপাতাল বিল্ডিংটি ঘুরে দেখান হাওড়া জেলা হাসপাতালের সুপার শুভাশিস শী। হাওড়া জেলা হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই নতুন সিসিইউ বিল্ডিংয়ের জন্য চিকিৎসার নতুন সরঞ্জাম কেনা হবে। তৈরি করা হবে ক্যাথ ল্যাব। প্রসঙ্গত, এই বিল্ডিং তৈরির জন্য রাজ্য সরকার প্রায় ৪৬ কোটি টাকা বরাদ্দ করে। এই ৪৬ কোটি টাকার মধ্যে সিসিইউ ভবনটি তৈরি করতে খরচ হচ্ছে প্রায় ৩০.৫৫ কোটি, যন্ত্রপাতি কিনতে ১৩.৯৫ কোটি ও ল্যাবরেটরি তৈরি করতে খরচ হচ্ছে ১.২৫ কোটি টাকা। সিসিইউ বিল্ডিং তৈরির পাশাপাশি ওই বিল্ডিংয়েই ইন্টিগ্রেটেড পাবলিক হেলথ ল্যাবরেটরিও তৈরি হচ্ছে। এই বিল্ডিংটি প্রায় ৮ তলা তৈরি করা হয়েছে। রাজ্য সরকারের পূর্ত দপ্তর এই কাজ করছে। হাওড়া জেলা হাসপাতালে ১২ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট রয়েছে। কোভিডের সময় এই সিসিইউয়ের সংখ্যা বাড়িয়ে দ্বিগুন অর্থাৎ ২৪ করা হয়। হাওড়া জেলা হাসপাতালে এই সিসিইউ শয্যাগুলিকে রেখেই নতুন আরও একশো শয্যার এই সিসিইউ বিল্ডিং হয়েছে। বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে অনুমোদন প্রাপ্ত বেডের সংখ্যা ৬৫০টি। এরমধ্যে ফাংশনিং রয়েছে ৫১৬টি। একই সঙ্গে হাওড়া জেলা হাসপাতালের আউটডোর পরিষেবাতেও পরিকাঠামো আরও বাড়ানো হচ্ছে। আউটডোরে নতুন করে নেফ্রোলজিস্ট বা কিডনি রোগের বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে আসা হয়েছে। হাসপাতালের কার্ডিওলজি বিভাগের পরিকাঠামোর উন্নতি করার চেষ্টা করা হচ্ছে। হাওড়া জেলা হাসপাতালের সুপার রাজ্য সরকারের কাছে হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়নের জন্য আবেদন করেছেন। জেলা হাসপাতালের উন্নয়নে কী কী লাগবে, তা জানিয়েছেন। সেই মতোই সরকার জেলা হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে সহায়তা করছে। সব মিলিয়ে হাওড়া জেলা হাসপাতালে সিসিইউ বিল্ডিংটি চালু হলেই এর পরিকাঠামোগত উন্নতি হবে। ফলে হাসপাতালের চিকিৎসা পরিষেবা অনেকটাই উন্নত হবে।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles