Top 5 This Week

spot_img

Related Posts

বড়দিনে চার্চ বা প্রার্থনাসভায় হামলার শঙ্কা! শুভেন্দুকে আবেদন খ্রিস্টানদের?‌ মিশনারী স্কুলে ধর্মান্তরণের অভিযোগে দিন কয়েক ধরে জোর বিতর্ক চলছে বঙ্গ রাজনীতিতে।

RK NEWZ বড়দিনের মরশুমে চার্চ বা প্রার্থনাসভায় এবং মিশনারী স্কুলের অনুষ্ঠানে হামলার আশঙ্কা করছেন রাজ্যের খ্রিস্টান সম্প্রদায়। কারণ, গত ছয় মাসে ইতিমধ্যে পুলিশে নথিভুক্ত ৫১ হামলার ঘটনা ঘটেছে। কিন্তু কোনও থানাই হামলাকারী দুষ্কৃতীদের গ্রেপ্তার বা কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বস্তুত সেই কারণে রাজ্যের প্রায় এক হাজার চার্চ ও ৮০০ মিশনারী স্কুলের নিরাপত্তা চেয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্যপাল আর এন রবির কাছে আবেদন জানাচ্ছে চার্চ ও মিশনারী স্কুলের শীর্ষ সংগঠন। একইভাবে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ছাড়াও সংসদের বিরোধী দলনেতা রাহুল গান্ধী, রাজ্যের সিপিএম, কংগ্রেস ও তৃণমূল নেতাদেরও চিঠি দিচ্ছে বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, প্রতিবছর পার্কস্ট্রিট অ‌্যালেন পার্কে বড়দিনের উৎসবে নিরাপত্তার ব্যবস্থা যেমন থাকে তেমনই থাকবে। খ্রিস্টীয় পরিষেবার সাধারণ সম্পাদক হেরোদ মল্লিকের মন্তব্য, পার্কস্ট্রিটের মতো রাজ্যের সমস্ত চার্চ ও বড়দিনের উৎসবেও মুখ্যমন্ত্রী একইধরনের নিরাপত্তার ব্যবস্থা করবেন বলে আশা রাখি।

মিশনারী স্কুলে ধর্মান্তরণের অভিযোগে দিন কয়েক ধরে জোর বিতর্ক চলছে বঙ্গ রাজনীতিতে। বিষয়টি নিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করার পাশাপাশি মিশনারী স্কুলের প্রাক্তনীদের অভিজ্ঞতা জানতে সোমবার ‘বিশ্বব্যাপী প্রচার’ শুরু করল ‘ওয়েস্ট বেঙ্গল এ‌্যসোসিয়েশন অফ খ্রিস্টান স্কুলস’ ও খ্রিস্টীয় পরিষেবা। উল্লেখ, কয়েকদিন আগে বঙ্গ বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, মিশনারী স্কুলের অধ্যক্ষরা ধর্মান্তরণ করাচ্ছেন। পার্কস্ট্রিটের আর্চ বিশপ হাউজে এদিন পরিষেবার তরফে বলা হয়, ‘বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা গত ৫০ বছরের মিশনারী স্কুলের প্রাক্তনীরা ধর্মান্তকরণ কেন্দ্রিক এই প্রচারে অংশ নেবেন। যুক্ত হবেন সেন্ট জেভিয়ার্স, লামারটিন, ক্যালকাটা বয়েজ থেকে শুরু করে রাজ্যের ৮০০ স্কুলের প্রাক্তনীরা। অভিজ্ঞতা ‘শেয়ার’ করবেন প্রাক্তন ও বর্তমান পড়ুয়াদের অভিভাবকরাও। সবাই সোশাল মিডিয়ায় ‘হ‌্যাশ-ট‌্যাগ’ দিয়ে প্রকৃত তথ্য ও অভিজ্ঞতা পোষ্ট করবেন।’ তথ্য তুলে হেরোদ মল্লিক দাবি করেন, ‘‘কেন্দ্রীয়মন্ত্রী জয়শংকর, পীযুষ গোয়েল, নির্মলা সীতারমণ, কিরেণ রিজুজু থেকে শুরু করে রাজ্যের মন্ত্রী স্বপন দাশগুপ্ত, অগ্নিমিত্রা পাল, তাপস রায়দের মতো মিশনারীর প্রাক্তন পড়ুয়ারা প্রকাশ্যে বলুন আদৌ ধর্মান্তরণ হয়েছে কি না? যাঁরা মিশনারী স্কুলে পড়েনি তাঁরাই ধর্মান্তকরের মতো ভুয়া অভিযোগ তুলে বিদ্বেষ ও উসকানি ছড়াচ্ছেন।’’ গত ছয়মাসে রাজ্যের খ্রিস্টান সম্প্রদায় ও চার্চের উপর হামলার তথ্য তুলে অভিযোগ, ‘‘যে সমস্ত হুলিগানরা চড়াও হচ্ছে তাঁরা নিজেদের বিশ্বহিন্দুপরিষদ, বজরং দলের সদস্য বলে দাবি করছে। তবে আমরা বিশ্বাস করি এরা কোনও রাজনৈতিক দলের সদস্য নয়। কিন্তু এই দুষ্কৃতীদের রুখতে প্রশাসনের কড়া নজরদারি জরুরি।’’ এদিন অভিনব পথে হামলা রোখার পরিকল্পনা জানিয়ে হেরোদ বলেন, ‘বড়দিনের মরশুমে কোথাও যদি হামলা হয় তখন ‘গির্জায় পরপর তিনবার ঘণ্টা বাজিয়ে’ সবাই সতর্ক করবেন। একজন থানায় জানাবেন, অন‌্যজন ভিডিও তুলে রাখবেন, বাংলায় সমস্ত সম্প্রদায়ের মানুষ সংঘবদ্ধভাবে হামলা রুখবেন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles