Top 5 This Week

spot_img

Related Posts

পুরভোট কবে? সংশয় বাড়ল! হাই কোর্টে ‘আটক’ হাওড়া?‌ কলকাতায় ওয়ার্ড পুনর্বিন্যাসের এক্তিয়ার নিয়েই সুপ্রিম কোর্টের প্রশ্ন

RK NEWZ রাজ্যের দুই পুরসভা সংক্রান্ত মামলার শুনানি একই দিনে দুই আদালতে। তবে শেষপর্যন্ত সোমবার ওই দুই পুরসভার ভোটঘোষণা নিয়ে আইনি জট কাটল না। কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাসের এক্তিয়ার নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ে রাজ্য। আর হাওড়া পুরসভার ভোটঘোষণা নিয়ে নির্বাচন কমিশনকে সতর্ক করেছে কলকাতা হাই কোর্ট। ফলে কলকাতা এবং হাওড়া পুরসভায় ভোট কবে হবে, তা নিয়ে সংশয় থেকেই গেল। সম্প্রতি কলকাতা এবং হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস করা হয়। কলকাতার ক্ষেত্রে ওয়ার্ডের সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ হয়েছে। আর হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বাড়িয়ে ৬৮ করার বিল পাস হয় রাজ্য বিধানসভায়। এই দুই পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে আপত্তি ওঠে। কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস বেআইনি ভাবে হয়েছে, এই অভিযোগ তুলে গত ১১ সেপ্টেম্বর হাই কোর্টে মামলা করেছিলেন সিপিএম নেত্রী দীপু দাস। হাওড়ার ক্ষেত্রেও একই অভিযোগে হাই কোর্টে মামলা করেন সিপিএমের প্রাক্তন মেয়র পারিষদ তথা বিধানসভা ভোটে মধ্য হাওড়া কেন্দ্রের প্রার্থী ইমতিয়াজ আহমেদ। কলকাতা পুরসভার মামলা হাই কোর্ট ঘুরে এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। আর হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস মামলা বিচারাধীন হাই কোর্টে। সোমবার দুই আদালতে এই দুই মামলার শুনানি ছিল।

কলকাতার পুরভোট ঘোষণায় গত ৬ নভেম্বর স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য এবং বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, সিঙ্গল বেঞ্চে মামলাটি বিচারাধীন। সেখানে নিষ্পত্তি না-হওয়া পর্যন্ত ভোটঘোষণা করা যাবে না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস এবং পুরভোট ঘোষণার জটিলতা সংক্রান্ত মামলাটি সোমবার শোনে প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ। সেই শুনানিতে রাজ্যের হয়ে সওয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। আদালতে তিনি জানান, হাই কোর্টে যে মামলাটি করা হয়েছিল, তাতে কলকাতা পুরসভার ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়নি। মূল আপত্তি জানানো হয়েছিল ওয়ার্ডগুলির সীমানা পুননির্ধারণ নিয়ে। তাঁর সওয়াল, এই ওয়ার্ড পুনর্বিন্যাস রাজ্য সরকারই করেছে। পুর কমিশনার স্মিতা পাণ্ডে স্বাধীন ভাবে কোনও সিদ্ধান্ত নেননি বলেই আদালতে জানান। ভেঙে দেওয়া পুরসভার সুপারিশে কী করে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যের পদক্ষেপ নিয়ে প্রশ্ন শীর্ষ আদালতের, ফের শুনানি বুধবার। ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষেত্রে আপত্তি শোনার জন্য রাজ্য সরকার কী কী পদক্ষেপ করেছিল, তা-ও এ দিন এজলাসে তুলে ধরেন সলিসিটর জেনারেল। তিনি জানান, এর জন্য রাজ্য সরকার ১০ জন আধিকারিককে নিযুক্ত করেছিল। তাঁরাই আপত্তির শুনানি করেছিলেন। মোট ২৮৫টি শুনানির নোটিস পাঠানো হয়েছিল। দু’দফায় আপত্তি জানানোর সুযোগও দেওয়া হয়েছিল। সর্বদল বৈঠকও করা হয়। পুরো প্রক্রিয়ায় ‘স্বচ্ছতা’ বজায় রাখা হয়েছে বলে প্রধান বিচারপতির বেঞ্চে জানান সিলিসিটর জেনারেল।

সওয়াল-জবাব চলাকালীন কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাসে রাজ্য সরকারের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। বিচারপতি বাগচি রাজ্যের কাছে জানতে চান, ‘‘কলকাতা পুরসভা যদি ভেঙে দেওয়া হয়ে থাকে এবং নির্বাচিত পুরসভার অস্তিত্বই না থাকে, তা হলে সেই পুরসভার কাছ থেকে ৬০১ নম্বর ধারায় সুপারিশ কী ভাবে পাওয়া সম্ভব? যে সংস্থার অস্তিত্ব নেই, তার সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকার কী ভাবে ওই আইনি ক্ষমতা (ওয়ার্ড পুনর্বিন্যাসের ক্ষমতা) প্রয়োগ করবে?” আগামী বুধবার (২৫ নভেম্বর) আবার এই মামলা শুনবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। পুরভোটের আগে নাম বাদ পড়া ভোটারদের আর্জির দ্রুত বিচার চায় সুপ্রিম কোর্ট! কমিশনকে ট্রাইবুনাল-সংখ্যা বৃদ্ধির নির্দেশ। অন্য দিকে, হাওড়া পুরসভার ওয়ার্ড বিন্যাস সংক্রান্ত মামলার শুনানিতে কমিশনকে সতর্ক করেছে হাই কোর্ট। মামলাকারীর বক্তব্য ছিল, নিয়ম মেনে সঠিক পুনর্বিন্যাস করা হয়নি। তাঁর দাবি, নিয়ম না-মেনে ওয়ার্ড বিন্যাস করায় কলকাতা পুরসভার মতো হাওড়াতেও আইনি জটিলতা তৈরি হয়েছে। হাওড়া পুরসভার ভোটের নির্ঘণ্ট ঘোষণা নিয়ে সোমবার হাই কোর্টের বিচারপতি রাজা বসু চৌধুরীর একক বেঞ্চ কোনও স্থগিতাদেশ দেয়নি। তবে আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির আগে যদি ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হয়, সে ক্ষেত্রেও মামলার ভবিষ্যতের উপর বিষয়টি নির্ভর করবে। অর্থাৎ, ভোট ঘোষণা হয়ে গেলেও মামলায় যা নির্দেশ হবে, তা মানতে হবে কমিশনকে। এই মামলার পরবর্তী শুনানি ১ ডিসেম্বর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles