RK NEWZ প্রশ্ন, “একজন শিক্ষিত তরুণ যখন অন্য শিক্ষিতদের সঙ্গে একটি আলোচনায় অংশগ্রহণ করে, তাতে সরকার কেন এত ভয় পায়?” বিদেশযাত্রায় ‘বাধা’ পেয়ে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ককরোচ নেতা সৌরভ দাস। অভিযোগ, লন্ডনগামী বিমানে উঠতে ‘বাধা’ দেওয়া হয় তাঁকে। দিল্লি বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারেই তাঁকে আটকে দেওয়া হয় বলে দাবি ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়কের। সৌরভের দাবি, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে যোগ দিতে ব্রিটেনে যাচ্ছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিয়নের প্যানেল আলোচনায় যোগ দিতে যাওয়ার কথা ছিল তাঁর। মঙ্গলবার রাত ১টায় দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনগামী বিমানে চেপে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিমানে ওঠার আগেই ইমিগ্রেশন কাউন্টারে তাঁকে বাধা দেওয়া হয়। এ নিয়ে ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে কেন্দ্রকে একহাত নিয়েছেন তিনি। সৌরভ বলেন, “এই মোদী সরকার ভয় পেয়ে আমাকে দিল্লি বিমানবন্দরে আটকে দিয়েছে। ফলে আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করার জন্য লন্ডনের উদ্দেশে যেতে পারিনি।”
সোমবার রাতের ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন সিজেপির প্রতিষ্ঠাতা তথা সংগঠনের প্রধান মুখ অভিজিৎ দিপকেও। তাঁর দাবি, সৌরভ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রণ পাওয়ায় ‘ক্ষমতার অলিন্দে থাকা কারও হিংসে’ হচ্ছে। দিল্লি বিমানবন্দরে সৌরভকে এ ভাবে ‘বাধা’ দেওয়ার নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধির ইঙ্গিত পাচ্ছেন ককরোচ নেতৃত্ব। সিজেপির সহ-আহ্বায়ক সৌরভের দাবি, ইমিগ্রেশন চেকপয়েন্টে পৌঁছোনোর পর তিনি জানতে পারেন যে, তাঁর পাসপোর্টটি ‘ফ্ল্যাগ’ (সন্দেহজনক তালিকাভুক্ত) করা হয়েছে। তাঁর প্রশ্ন, “একজন শিক্ষিত তরুণ যখন অন্য শিক্ষিতদের সঙ্গে একটি আলোচনায় অংশগ্রহণ করে, তাতে সরকার কেন এত ভয় পায়?” ককরোচদের ধারাবাহিক কর্মসূচি বেশ অস্বস্তিতে ফেলেছে কেন্দ্রীয় সরকারকে। প্রথমে নিট প্রশ্নফাঁসের বিরুদ্ধে ককরোচদের আন্দোলনের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় ধর্মেন্দ্র প্রধানকে। পরবর্তী সময়ে ককরোচদের ‘স্কুল ঠিক করো’ কর্মসূচিও অস্বস্তিতে ফেলে বিভিন্ন রাজ্যের এনডিএ-শাসিত সরকারকে। সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতেও দেশ জুড়ে বিক্ষোভ শুরু করেছে তারা।




