Top 5 This Week

spot_img

Related Posts

পুরীতে রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট ১২০, মৃত ২!! জগন্নাথ-বলরাম ও শুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি ভক্তদের

RK NEWZ রথযাত্রা উপলক্ষে সকাল থেকে মন্দির চত্বরে ছিল উপচে পড়া ভিড়। জগন্নাথ-বলরাম ও শুভদ্রাকে রথে তোলার সময়ে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয় ভক্তদের মধ্যে। গরমের কারণে বহু ভক্ত অসুস্থ হয়ে পড়েন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠান পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। রথের রশিতে টান দেওয়ার উদ্দেশে জগন্নাথ-বলরাম-শুভদ্রার ভক্তদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যেতেই বড় বিপত্তি ঘটে। ভক্তদের ঠেলাঠেলিতে হুড়মুড়িয়ে পড়ে যান তাঁরা। ব্যাপক ভিড়ের চাপে কার্যত পিষে যান বহু পুণ্যার্থী। পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, অসুস্থ বহু পুণ্যার্থীই হাসপাতালে চিকিৎসাধীন। বেশিরভাগই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপেই অসুস্থ হয়ে পড়েন।

তাঁদের চিকিৎসার জন্য পুরীর জেলা হাসপাতাল-সহ একাধিক মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে, তবে বাকিদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে আগাম সতর্ক ছিল ওড়িশা প্রশাসন। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থাও। মন্দির চত্বরে মোতায়েন করা হয়েছে হাজার হাজার পুলিশকর্মী, দুর্যোগ মোকাবিলা বাহিনী। প্রস্তুত রাখা হয়েছে দমকল এবং চিকিৎসক টিমও। জরুরি পরিস্থিতিতে দ্রুত উদ্ধারকাজ চালানোর জন্য বিশেষ উদ্ধারপথও আগে থেকে তৈরি রাখা হয়েছিল। প্রশাসনের তরফে ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার করে জগন্নাথ দর্শন এবং নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে। চলছে পুলিশের লাগাতার মাইকিং। রথযাত্রার শ্রীক্ষেত্র পুরীতে চেনা ভিড় এবারও। একটিবার প্রভুকে সচক্ষে দর্শন করার জন্য দেশ-বিদেশের লাখো লাখো ভক্ত ভিড় জমিয়েছেন পুরীতে। সেই বিপুল ভিড় ঠেলে নীলমাধবকে দেখার হুড়োহুড়ির মধ্যেই ঘটল বিপত্তি। ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে যান কমপক্ষে ১২০ জন পুণ্যার্থী। এইমাত্র পাওয়া খবর অনুযায়ী, পদপিষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে। প্রশাসনের তরফে অসুস্থদের দ্রুত উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

ওড়িশার স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিং জানিয়েছেন, পদপিষ্ট হওয়ার কোনও ঘটনাই ঘটেনি। তিনি বলেন, ‘‘শ্বাসরুদ্ধ হয়ে ৬০ বছর বয়সী এক ভক্তের মৃত্যু হয়েছে। অন্য জন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে অনুমান করা হচ্ছে।’’ মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে আলোচনার পর ক্ষতিপূরণের ঘোষণা করা হবে বলেও জানান তিনি। যদিও প্রত্যক্ষদর্শীদের একাংশ জানিয়েছেন, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে রথে তোলার সময় বৃষ্টির মধ্যে লাখ লাখ ভক্তের উপচে পড়া ভিড়ের মধ্যে গ্র্যান্ড রোডে (বড়া দণ্ড) পদপিষ্ট-পরিস্থিতি তৈরি হয়। সেখানে হৃদরোগে আক্রান্ত হন ৪৫ বছরের এক ব্যক্তি। তাঁকে পুরী জেলা হেডকোয়ার্টার্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা ‘মৃত’ ঘোষণা করেন। শ্বাসকষ্টজনিত কারণে ৬০ বছর বয়সি আর এক ভক্তের মৃত্যু হয় বলেও সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে। গ্র্যান্ড রোডে ধাক্কাধাক্কিতে অসুস্থ ও জখম হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি।

এ ছাড়া রথ টেনে নিয়ে যাওয়ার সময় একটি দড়ির বেষ্টনী পড়ে গিয়ে উপস্থিত ভক্তদের অনেকে ভারসাম্য হারান। পড়ে যান প্রায় ৫০ জন। তাঁদের অনেকেই জখম হয়েছেন। অচলাবস্থার কারণে বৃহস্পতিবার স্থগিত হয়ে যায় জগন্নাথ-বলরাম-সুভদ্রার মাসীর বাড়ি যাত্রা। শ্রী জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ পাধী রাতে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টায় আবার রথযাত্রা শুরু হবে। ওড়িশার মুখ্যমন্ত্রীর দফতর জানিয়েছে, এ বার রথযাত্রায় প্রায় ন’লক্ষ ভক্তের সমাগম হয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, ‘‘উৎসবের সামগ্রিক আয়োজন ‘শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সুষ্ঠু ভাবে পরিচালিত’ হয়েছে। পদপিষ্ট হওয়ার কোনও ঘটনা বা জনসমাগম ব্যবস্থাপনায় কোনও প্রাতিষ্ঠানিক ব্যর্থতা ঘটেনি।’’ ওড়িশার দমকল বিভাগের ডিজি উমাশঙ্কর দাস বলেন, ‘‘বৃষ্টিজনিত ও অন্য কিছু কারণে গ্র্যান্ড রোডে (বড়া দণ্ড) প্রায় ১০০ জন অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা তাঁদের উদ্ধার করে অ্যাম্বুল্যান্সে হাসপাতালে নিয়ে গিয়েছি।’’

প্রশাসনের দাবি, ওড়িশা পুলিশের বিশেষ উদ্ধারকারী দল (স্পেশ্যাল রেসকিউ ইউনিট) এবং জরুরি পরিষেবা বিভাগের কর্মীরা দ্রুত ‘চিকিৎসা করিডর’ তৈরি করে আহত ও অসুস্থদের নিকটবর্তী হাসপাতালে সরিয়ে নিয়ে যেতে সক্ষম হন। কিন্তু আগাম সতর্কতার ঘোষণা সত্ত্বেও কেন পদপিষ্ট-পরিস্থিতি তৈরি হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যেই। বস্তুত, প্রতি বছরই পুরীর রথযাত্রায় পদপিষ্ট পরিস্থিতি তৈরি হওয়ার ঝুঁকি থাকে। কিন্তু ওড়িশায় বিজেপি পরিচালিত সরকার এ বার দাবি করেছিল, লক্ষ লক্ষ পুণ্যার্থীর জন্য নিশ্ছিদ্র সুরক্ষার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের গোড়ায় প্রয়াগরাজে মহাকুম্ভের আগেও উত্তরপ্রদেশের বিজেপি সরকার ‘ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট’-এর বন্দোবস্তের দাবি তুলেছিল। কিন্তু সরকারি হিসেবেই পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়। গত বছরে রথযাত্রার সময়ও জগন্নাথদেবের জন্মস্থান হিসেবে পরিচিত গুণ্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হওয়ার ঘটনায় তিন জন মারা গিয়েছিলেন এবং আরও কয়েক জন আহত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles