RK NEWZ নভেম্বরে শুরু হতে চলা এই টুর্নামেন্টে ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীরা। অধিনায়ক তিলক বর্মা। চোট সারিয়ে কামব্যাক করছেন হর্ষিত রানা। দলে আছেন বাংলা শাহবাজ আহমেদও। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শেষ। এর পরের টি-টোয়েন্টি সিরিজ ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার মাঝে ওয়ানডে ফরম্যাটের রাইজিং স্টার্স এশিয়া কাপ খেলবে ভারত। ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বরের মধ্যে কাতারে এই টুর্নামেন্ট হবে। মূলত উঠতি তরুণ প্রতিভারা খেলেন। ‘বি’ গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, নেপাল ও সংযুক্ত আরব আমিরশাহী। প্রতি গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে যাবে। ২৬ ও ২৭ নভেম্বর সেমিফাইনাল, ফাইনাল ২৯ নভেম্বর। ভারতের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিলক বর্মা এই দলের অধিনায়ক। দু’বার আইপিএল জয়ী অধিনায়ক রজত পাতিদার সহ-অধিনায়ক। ১৫ জনের দলে আছেন দুই উইকেটকিপার- প্রভসিমরন সিং ও কুমার কুশাগ্র। এছাড়া অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশী, রিঙ্কু সিং ও প্রিন্স যাদবের মতো জাতীয় দলে খেলা তারকারা আছেন। অনেকের মতে অভিষেক ও বৈভবকে ৫০ ওভারের ম্যাচের জন্য তৈরি করা হচ্ছে বলেই সুযোগ দেওয়া হচ্ছে। বাংলা থেকে সুযোগ পেয়েছেন শাহবাজ আহমেদ। সেপ্টেম্বরের পর থেকে চোটের জন্য মাঠের বাইরে হর্ষিত রানা। এই টুর্নামেন্টে কামব্যাক হতে চলেছে তাঁর। সম্ভবত কোচ হিসেবে যাবেন ভিভিএস লক্ষ্মণ। টুর্নামেন্টে ভারতের ম্যাচ ২০ নভেম্বর, নেপালের বিরুদ্ধে। ২২ নভেম্বর পাকিস্তান শাহিনসের বিরুদ্ধে। এরপর ২৪ নভেম্বর নামবে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে। উল্লেখ্য, গতবার টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্টে বৈভবরা খেলেছিল। গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত ‘এ’। তারপর সেমিতে বাংলাদেশের কাছে সুপার ওভারে হেরেছিল। ভারত শেষবার যুব এশিয়া কাপ জিতেছিল ২০১৩ সালে।




