Wednesday, July 22, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

মিনি নিলাম হবে আবু ধাবিতে!‌ ডিসেম্বরের ১৫-১৬ তারিখে আইপিএল ইভেন্ট

আবু ধাবিতে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মিনি নিলাম হবে। বোর্ড সূত্রে জানা গিয়েছে, ডিসেম্বরের ১৫-১৬ তারিখ নাগাদ ইভেন্ট হবে। এবার নিয়ে তৃতীয় বছরও দেশের বাইরে হবে নিলাম। শেষ দুটো আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল জেদ্দা ও দুবাইয়ে। এবার মিনি নিলাম হবে আবু ধাবিতে। আইপিএল-২০২৬ মরশুমের উত্তেজনা বাড়তে শুরু করে দিয়েছে। আইপিএলের অফিসিয়াল সম্প্রচারক চ্যানেল জিওস্টার স্পষ্ট করে দিয়েছে যে সমস্ত আইপিএল ফ্র্যাঞ্চাইজি ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা ১৫ নভেম্বর ঘোষণা করবে। ব্রিসবেনে অনুষ্ঠিত পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির জন্য ধুয়ে যায়। ভারত সিরিজ জিতে নেয়। তার পরই আইপিএল-এ খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার প্রতীক্ষিত দিনক্ষণ জানিয়ে দেওয়া হয়। আইপিএল ২০২৬-এর নিলাম ডিসেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা এবং ছেড়ে দেওয়া খেলোয়াড়ের তালিকা চূড়ান্ত করতে ব্যস্ত। গত বছরই একটি মেগা নিলাম হয়েছিল আইপিএলে। ফ্র্যাঞ্চাইজিগুলি যাতে তিন বছরের চক্রের জন্য দল তৈরি করতে পারে, তাই এই বছর ধরে রাখা খেলোয়াড়ের সংখ্যা কিছুটা আলাদা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রতিটি দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে তার কোনও সীমা থাকবে না। বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ট্রেডিং উইন্ডোতে সক্রিয় রয়েছে বলে জানা গিয়েছে। এমন একটি সময়ে উইন্ডো সক্রিয় যখন খেলোয়াড়দের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলি বিনিময় করতে পারে বা কিনতে পারে। উইন্ডোটি তিনটি পর্যায়ে কাজ করে। একটি মরসুম শেষ হওয়ার সাত দিন পরে খোলে উইন্ডো। নিলামের এক সপ্তাহ আগে বন্ধ হয়ে যায়। তারপর নিলাম শেষ হওয়ার পরপরই আবার খোলে। অবশেষে নতুন মরশুম শুরু হওয়ার এক মাস আগে তা বন্ধ হয়ে যায়। আইপিএল ২০২৬-এর মিনি-নিলামের কাউন্টডাউন, রিটেনশনের সময়সীমা দ্রুত এগিয়ে আসার সঙ্গে সঙ্গে, ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে জল্পনা এবং কৌশলগত পরিকল্পনার স্বাভাবিক উন্মাদনা তৈরি করেছে।

২০২৪ সালে টি–টোয়োন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। ২০২৬ সালে ফের রয়েছে এই টুর্নামেন্ট। এবার খেলা হবে ভারত ও শ্রীলঙ্কায়। টানা দু’‌বার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের সামনে। আগামী বছর ফেব্রুয়ারি মাসে ভারতের মাটিতে টি–টোয়েন্টি বিশ্বকাপ। হেড কোচ গৌতম গম্ভীর জানিয়েছেন, বিশ্বকাপের জন্য তাঁদের দল এখনও পুরো তৈরি নয়। বিশ্বকাপের আগে দলকে তৈরি হওয়ার সময়সীমা বেঁধে দিলেন কোচ গৌতম গম্ভীর। গম্ভীরের একটি ভিডিও প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে সেটি একটি টিজার। ৪৬ সেকেন্ডের সেই ভিডিওয় গম্ভীর জানিয়েছেন, দল এখনও তৈরি নয়। তিনি বলেন, ‘‌বিশ্বকাপের জন্য আমরা এখনও পুরো তৈরি নই। আশা করছি, ক্রিকেটাররা বুঝবে ফিট থাকার গুরুত্ব কতটা। আমাদের হাতে এখনও তিন মাস আছে। তার মধ্যে দলকে তৈরি হতে হবে।’‌ গম্ভীরের কথা থেকে এটা পরিষ্কার, তিন মাসের মধ্যে বিশ্বকাপের দল বেছে ফেলতে চান তিনি। তার আগে ডিসেম্বর মাসে দক্ষিণ আফ্রিকা ও জানুয়ারি মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০ টি–টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। সেই ১০ ম্যাচ দেখেই বিশ্বকাপের দল তৈরি করে ফেলবেন। ভারতীয় দলের সাজঘরের প্রশংসা শোনা গিয়েছে গম্ভীরের গলায়। এমন সাজঘরই চেয়েছিলেন তিনি। ভারতের প্রধান কোচ বলেন, ‘‌আমাদের এই সাজঘরে কোনও লুকোছাপা নেই। এই সাজঘরের প্রত্যেকে খুব সৎ। আমরা তো এ রকমই একটা সাজঘর চেয়েছিলাম।’‌ এখনও প্রতিটি ম্যাচে পরীক্ষা চালিয়ে যাচ্ছেন গম্ভীর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি–টোয়েন্টি সিরিজেও তা দেখা গিয়েছে। গম্ভীর জানিয়েছেন, ক্রিকেটারদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলতে চান তিনি। ভারতের কোচ বলেন, ‘‌ক্রিকেটাররা কতটা দক্ষ, তা দেখার সবচেয়ে সহজ উপায় হল, ওদের গভীর সমুদ্রে ছুড়ে দাও। শুভমান যখন টেস্ট অধিনায়ক হয়েছিল, তখন ওর সঙ্গেও তা–ই করেছিলাম। কঠিন পরিস্থিতিতেই সেরা খেলাটা বেরিয়ে আসে।’‌ হারতে ভালবাসেন না গম্ভীর। কোনও অজুহাতও দিতে চান না। সে কথাও বলেছেন তিনি। গম্ভীর বলেন, ‘‌দেশ হিসাবে বা ব্যক্তিগত ক্রিকেটার হিসাবে আমরা কখনও সিরিজে হার উদযাপন করি না। কোনও অজুহাত দিই না। হারকে হার হিসাবেই দেখি। সেখান থেকে শিক্ষা নিয়ে জেতার চেষ্টা করি।’‌ অবশ্য লাল বলের ক্রিকেটে নজর গম্ভীরের। শুক্রবার থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট কলকাতায়। রবিবার রাতেই শুভমান–সহ কয়েক জন ক্রিকেটারের সঙ্গে গম্ভীর কলকাতায় চলে এসেছেন। সোমবার ধাপে ধাপে বাকি দল আসবে। মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করে দেবে ভারত।

কলকাতার এক পাঁচতারা হোটেলে একটি অ্যাল ডিভাইসের উন্মোচন অনুষ্ঠানে এসে এমন জানান বোর্ডের প্রাক্তন সভাপতি। সৌরভ বলেন, ‘সামি ফিট। খুব ভাল বল করছেন। রঞ্জিতে বাংলাকে একটা ম্যাচে জিতিয়েছে। আশা করছি নির্বাচকরা সেটা দেখছে। জানি না ওর সঙ্গে নির্বাচকদের যোগাযোগ আছে কিনা। সামির তিন ফরম্যাটেই খেলা উচিত। না খেলার আমি কোনও কারণ দেখছি না। ওর দক্ষতা নিয়ে কোনও প্রশ্ন নেই।’ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে টেস্টে একনম্বর দল। সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ জিতেছে। কিন্তু দেশের মাটিতে ভারতকেই ফেভারিট ধরছেন সৌরভ। প্রাক্তন অধিনায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, ঘরের মাঠে ভারতকে হারানো সহজ নয়। সৌরভ বলেন, ‘দেশের মাটিতে ভারত সবসময় ফেভারিট। ভারতের স্পিন আক্রমণ ভাল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দারুণ সিরিজ খেলেছে। শুভমন গিল, কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থরা দুর্দান্ত। ভারতীয় দলে অসংখ্য প্রতিভা। জানি পাকিস্তানের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা ভাল খেলেছে। তবে দেশের মাটিতে ভারত সম্পূর্ণ ভিন্ন দল। তাই টিম ইন্ডিয়া ফেভারিট।’ শুক্রবার থেকে ইডেনে শুরু ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। ক্রিকেটের নন্দনকাননে কি ব়্যাঙ্ক টার্নার অপেক্ষা করছে প্রোটিয়াদের জন্য? সৌরভ জানান, এখনও টিম ইন্ডিয়ার পক্ষ থেকে এমন কোনও চাহিদা আসেনি। এখনও পর্যন্ত পিচ দেখে যথেষ্ঠ ভাল মনে হয়েছে। সৌরভ বলেন, ‘ভারতীয় দলের পক্ষ থেকে পিচ নিয়ে কোনও চাহিদা পেশ করা হয়নি। তাই বলতে পারব না। পিচ যথেষ্ট ভাল দেখাচ্ছে।’ দারুণ ছন্দে আছেন ধ্রুব জুরেল। সৌরভ মনে করেন, তরুণ উইকেটকিপার ব্যাটারের প্রথম টেস্টে সুযোগ পাওয়া সহজ হবে না। কারণ দলে তারকার সমাহার। কোনও জায়গা খালি নেই। ঋষভ পন্থ ফেরায় জুরেলের সম্ভাবনা কমেছে। একমাত্র সাই সুদর্শনের জায়গায় তাঁকে নেওয়া যেতে পারে। একসময় দেশের ফুটবলের সঙ্গে জড়িত ছিলেন সৌরভ। আইএসএলের দল অ্যাটলেটিকো কলকাতায় তাঁর মালিকানা ছিল। বর্তমানে আইএসএলর ভবিষ্যৎ বিশ‌‌ বাঁও জলে। দেশের একনম্বর লিগ হবে কিনা সন্দেহ। এই প্রসঙ্গে কিছু বলতে চাননি সৌরভ। শুধু বলেন, ‘আমি সবটাই দেখেছি। দেখা যাক আগামী সপ্তাহে কী হয়।’ অনুষ্ঠানে যোগ দিয়ে সোমবার বিকেলে সরাসরি ইডেনের উদ্দেশে রওনা দেন সৌরভ। ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট শুরু হতে মাত্র তিনদিন বাকি। তার আগে নিজে পিচ পর্যবেক্ষণ করবেন সিএবি সভাপতি।

ইডেন গার্ডেন্সের পিচ বরাবরই ব্যাটার এবং পেসারদের সাহায্য করে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় দল সেখানে ঘূর্ণি পিচ চেয়েছিল বলে শোনা গিয়েছিল। যদিও সেই জল্পনা উড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবি সভাপতি জানিয়েছেন, পিচ নিয়ে কোনও অনুরোধই করা হয়নি ভারতীয় দলের থেকে।
রবিবার রাতেই কলকাতায় চলে এসেছিলেন গৌতম গম্ভীর। ভারতের কোচ সোমবার সকালে ব্যাটিং কোচ সীতাংশু কোটাকের সঙ্গে ইডেনে আসেন। পিচ ভাল করে পরীক্ষা করে চলে যান। বিকেলের দিকে ইডেনে আসেন সৌরভও। তিনিও পিচ দেখেন। তার পরেই পিচ ঢেকে দেওয়া হয়। সৌরভ বলেন, “পিচ নিয়ে দলের তরফে কোনও বার্তা পাইনি। তাই এই প্রশ্নের উত্তর দিতে পারব না। উইকেট দেখে ভালই মনে হচ্ছে।”
ইডেনে দু’টি রঞ্জির ম্যাচ হয়েছে। সেখানে মন্থর গতির পিচ দেখা গিয়েছে। পেসারেরা বিশেষ সাহায্য পাননি। শনিবার থেকে পিচে জল দেওয়া হয়নি। তবে কিউরেটর সুজন মুখোপাধ্যায় পিচের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তিনি জানিয়েছেন, গম্ভীরও নাকি পিচ দেখে খুশি। গম্ভীর জিজ্ঞাসা করেছেন, কখন থেকে বল ঘোরা শুরু করবে। সুজন জানিয়েছেন, তৃতীয় দিন থেকে। সুজনের কথায়, “ব্যাটার এবং বোলার দুই বিভাগই যাতে সাহায্য পায় এমন পিচ তৈরি করা হবে। স্পিনারদের জন্যও পিচে কিছু থাকবে। সেটা তাড়াতাড়িও হতে পারে।”

দক্ষিণ আফ্রিকা দলে কেশব মহারাজ এবং সাইমন হার্মারের মতো স্পিনার রয়েছেন। সঙ্গে রয়েছেন সেনুরান মুথুস্বামী। ঘূর্ণি পিচ তৈরি করলে ভারতের কাছে হিতে বিপরীত হতে পারে। যেমন হয়েছিল গত বছর নিউজিল্যান্ড সিরিজ়। এ দিকে, ইডেন টেস্টের টস হবে একটি বিশেষ কয়েন দিয়ে। তার এক দিকে মহাত্মা গান্ধী এবং অপর দিকে নেলসন ম্যান্ডেলার ছবি দেওয়া থাকবে। পাশাপাশি ম্যাচের আগে ডালমিয়া স্মৃতি বক্তৃতা আয়োজন করা হবে, যেখানে মূল বক্তা সুনীল গাওস্কর। ম্যাচের টিকিট বিক্রিও ভাল হচ্ছে বলে জানিয়েছেন সৌরভ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles