RK NEWZ মেসিকে দেখতে এসে টিকিট কেটেও মাঠে ঢুকতে না-পারা দর্শকদের জন্য বড় ঘোষণা। মেসিকে দেখতে এসে টিকিট কেটেও মাঠে ঢুকতে না পারা দর্শকদের জন্য বড় ঘোষণা। ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বরে মেসির ম্যাচের জন্য যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদেরই এই টিকিট দেওয়া হবে বলে জানান তিনি। রাজ্য মন্ত্রিসভায় আলোচনা করে সিদ্ধান্তটি চূড়ান্ত করা হবে। সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই সংশ্লিষ্ট দর্শকদের কাছে বিনামূল্যের টিকিটের নোটিফিকেশন পৌঁছে যেতে পারে। গত বছরের ডিসেম্বরে মেসিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভিড়, ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এলএম১০-কে। মোটা টাকা দিয়ে টিকিট কেটেও বহু দর্শক তাঁকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরেছিলেন। সেই সময় ক্ষতিপূরণের কথা বলা হলেও তা নিয়ে বিতর্ক থেকেই গিয়েছিল। এবার সেই দর্শকদেরই উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা করা হল। ব্রাজিলের বিরুদ্ধে ভারতের ম্যাচ শেষে মেসি-পর্বের প্রসঙ্গ টেনে শুভেন্দু জানান, এবার ফিফার নিয়ম মেনেই যুবভারতীতে ম্যাচ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে ভারতীয় ফুটবল দলের পাশেও রাজ্য সরকার দাঁড়াবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। ওড়িশা যেভাবে ভারতীয় হকি দলের সঙ্গে রয়েছে, তেমনই বাংলার ফুটবলের পাশে থাকার কথা জানান মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ জানিয়েছেন, ম্যাচের পর ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তি ভালো পরিকাঠামোয় ম্যাচ আয়োজনের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। ব্রাজিল দলের পক্ষ থেকে ভিনিসিয়াস জুনিয়র-সহ খেলোয়াড়দের সই করা একটি জার্সি শুভেন্দুকে উপহার দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর নাম লেখা সেই জার্সি রাজ্য সরকারের সংগ্রহশালায় রাখা হবে বলে জানানো হয়েছে। শনিবার যুবভারতীতে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের কাছে ০-৪ গোলে হারলেও লড়াকু ফুটবল খেলে দর্শকদের মন জয় করেছে ভারত। এবার সেই যুবভারতীতেই উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচে মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের জন্য বিনামূল্যে প্রবেশের সুযোগ তৈরি হল।
গুরপ্রীতের দোষ দেখছেন না ভারতের কোচ খালিদ
ব্রাজিলের বিরুদ্ধে গোলকিপার গুরপ্রীত সিংহ সান্ধুর জোড়া ভুলের কারণে প্রথমার্ধে দু’টি গোল হজম করেছিল ভারত। তবে ভারতের কোচ খালিদ জামিল একা গুরপ্রীতকে দোষ দিতে চাইলেন না। খালিদের কথায়, “গুরপ্রীত ভারতের অন্যতম সেরা একজন গোলকিপার। দুটো ম্যাচ দিয়ে ওকে বিচার করা উচিত নয়। পরের ম্যাচে ও ফিরে আসবে। গুরপ্রীতের একার জন্য গোল হয়নি। ডিফেন্ডারও কাছেই ছিল। তা ছাড়া ওদের মুভটাও ভাল হয়েছে। সকলেরই দোষ রয়েছে। দলের প্রত্যেকেই এই ম্যাচের গুরুত্ব জানত। যথেষ্ট দক্ষতার সঙ্গে খেলেছে। আমরা সময় নষ্ট করিনি। ওদের সঙ্গে সমানে লড়ে গিয়েছি। ম্যাচের আগে চাপ তো ছিলই। প্রতিপক্ষের নাম ব্রাজিল। কত দিন আগে থেকে ঠিক হয়ে গিয়েছিল ম্যাচ। ম্যাচের পর আনচেলোত্তি বলেছেন, ‘তোমরা ভালই খেলেছো। এ ভাবেই খেলে যাও’।” ব্রাজিলের কোচ। আনচেলোত্তি বলেছেন, “বেশ উত্তেজক একটা ম্যাচ হয়েছে। ভারত নিজেদের মতো করে ভালই খেলেছে। যেমন রক্ষণ করেছে, তেমনই প্রতি আক্রমণেও উঠে এসেছে। শেষের দিকে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে। আমাদের প্রথম গোল করতে যথেষ্ট কষ্ট করতে হয়েছে। তবে গোলের পর খেলাটা নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়ে গিয়েছিল। আমরা নিজেদের সেরা খেলাটাই খেলার চেষ্টা করেছি। এখানে অনেক ব্রাজ়িল সমর্থক ছিলেন। আশা করি তাদের একটা ভাল রাত উপহার দিতে পেরেছি। খুব ভাল একটা অভিজ্ঞতা হল এই ম্যাচ খেলে। আমরা বেশ কিছু ফুটবলারকে কিছু মিনিট খেলার সুযোগ করে দিয়েছি। ফলে ওদের দেখে নেওয়ারও সুযোগ পাওয়া গিয়েছে। তরুণ ফুটবলারদের সুযোগ দেওয়া দরকার, যাতে ভবিষ্যতে ওরা আরও আত্মবিশ্বাস পায়। কিছু ফুটবলারকে আরও উন্নতি করতে হবে। কিছু ফুটবলার ভাল খেলেছে। এটা কোনও পরীক্ষা ছিল না। স্রেফ নিজেদের দক্ষতা দেখানোর একটা মঞ্চ ছিল।”



