RK NEWZ কিছু দিন আগে বাইপাসের ধারের এই হোটেলেই গভীর রাতে বন্ধুদের সঙ্গে ডিস্কোয় গিয়ে নিগৃহীত হন এক তরুণী। এ বার ব্রাজিল দলকে অভিবাদন জানাতে গিয়ে মহিলার শ্লীলতাহানির অভিযোগ। কলকাতার হোটেলে ফের মহিলার শ্লীলতাহানি। এ বার গ্রেফতার ভিন্রাজ্যের যুবক। বাইপাসের ধারের অভিজাত হোটেল জে ডব্লিউ ম্যারিয়টে শনি রাতে ব্রাজিল ফুটবল দলকে অভিবাদন জানানোর সময় নাগাল্যান্ডের এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। তিনি প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ওই হোটেল থেকেই। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী মহিলা নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগপত্রে তিনি জানান, জে ডব্লিউ ম্যারিয়টের লবিতে দাঁড়িয়ে ব্রাজিল ফুটবল দলকে অভিবাদন জানাচ্ছিলেন তিনি এবং তাঁর সঙ্গী। ওই সময় তাঁদের দু’জনকেই আপত্তিজনক ভাবে স্পর্শ করা হয়। তাতে তাঁদের শ্লীলতাহানি হয়েছে। মহিলার অভিযোগের ভিত্তিতে প্রগতি ময়দান থানার পুলিশ ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় এফআইআর রুজু করে। রাতেই হোটেলের লবির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। অভিযুক্তকে চিহ্নিত করেন মহিলা। তাঁর গতিবিধি খতিয়ে দেখে ওই হোটেলের একটি ঘর থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পুলিশ জানতে পেরেছে, যুবক উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। তাঁর নাম পলাশ রায়। ঠিকানা নয়ডার সেক্টর 100-এর লোটাস বুলেভার্ড। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিছু দিন আগে বাইপাসের ধারের এই হোটেলেই অনুরূপ আরও একটি ঘটনা ঘটেছিল। গভীর রাতে বন্ধুদের সঙ্গে হোটেলের ডিস্কোয় গিয়ে নিগৃহীত হয়েছিলেন ২০ বছরের এক তরুণী। পথ আটকে তাঁকে শারীরিক ভাবে হেনস্থা এবং অশালীন স্পর্শ করা হয় বলে অভিযোগ। অশালীন ভাষায় তাঁকে গালিগালাজও করা হয়েছিল। তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রগতি ময়দান থানার পুলিশ ওই অভিযুক্তকে গ্রেফতার করেছিল বেনিয়াপুকুর থানা এলাকায় তাঁর বাড়ি থেকে। তার আগে অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েও এক মহিলা শ্লীলতাহানির শিকার হয়েছিলেন বলে অভিযোগ। কসবা থানার পুলিশ সেই ঘটনায় ছ’জনকে গ্রেফতার করেছিল। এ বার ফের শিরোনামে এল জে ডব্লিউ ম্যারিয়ট। কলকাতায় ব্রাজ়িলের ফুটবল দল এবং যুবভারতীতে তাদের ম্যাচকে কেন্দ্র করে নিরাপত্তার কড়াকড়ি রয়েছে। তার মধ্যেও অভিজাত হোটেলে এমন ঘটনা মহিলাদের নিরাপত্তার ফাঁক নিয়ে প্রশ্ন তুলছে।



