RK NEWZ ব্রাজিল ম্যাচের এই ইতিবাচক মানসিকতাকই মঙ্গলবার উরুগুয়ের বিরুদ্ধে বজায় রাখতে চাইছেন রায়ানরা। ব্রাজিলের বিরুদ্ধে চার গোলে হারলেও প্রশংসা কুড়িয়েছে ভারতীয় দল। ম্যাচের শেষে যখন টিম বাসে উঠছিলেন মনবীর সিংরা, তখন ভারতীয় সমর্থকরা হাততালি দিচ্ছিলেন। ফিফা র্যাঙ্কিংয়ে অনিরুদ্ধদের থেকে ১৩২ ধাপ ওপরে রয়েছেন ভিনিসিয়াস জুনিয়ররা। এমন শক্তিশালী দলের বিরুদ্ধেও দুরন্ত শুরু করেছিলেন রায়ান উইলিয়ামসরা। ২৭ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল ০-০ ছিল। গোলের সুযোগও এসে গিয়েছিল রায়ান উইলিয়ামসের কাছে। কিন্তু সেই হাফ চান্সকে কাজে লাগাতে পারেননি রায়ান। শনিবার গোল খেয়ে শুধুমাত্র রক্ষণাত্মক ফুটবল না খেলে প্রয়োজনে কাউন্টার অ্যাটাকেও গিয়েছে খালিদ জামিলের ভারত। যার ফলে আন্সেলোত্তির মতো বিশ্বখ্যাত কোচকেও স্বীকার করতে হয়েছে বেশ কয়েকবার সমস্যায় ফেলেছেন ভারতীয়রা। ব্রাজিল ম্যাচের এই ইতিবাচক মানসিকতাকই মঙ্গলবার উরুগুয়ের বিরুদ্ধে বজায় রাখতে চাইছেন রায়ানরা। রায়ান বলেন, “ব্রাজিলের বিরুদ্ধে যে মানসিকতার পরিচয় দিয়েছি আমরা উরুগুয়ের বিরুদ্ধেও এমন ইতিবাচক মানসিকতা নিয়েই খেলতে চাই। বড় দলগুলোর বিরুদ্ধে নিজেদের সমক্ষমতা তুলে ধরার সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে। এবং সব চ্যালেঞ্জকে গ্রহণ করতে হবে আমাদের। ফলাফলের চেয়েও আমাদের মূল লক্ষ্য ছিল ভালো পারফর্ম করা। আমরা আগে থেকেই পিছিয়ে না গিয়ে ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছিলাম। ব্রাজিলের মতো দলকেও কয়েকবার সমস্যায় ফেলতে সামর্থ্য হয়েছি। কয়েক মাস আগেও ভারতের থেকে এমন আক্রমণাত্মক ফুটবল কেউ আশা করতে পারত না।” নিজে যে গোলের সুযোগ পেয়েছিলেন সেই সুযোগ কাজে লাগাতে না পেরে কিছুটা হতাশ এই ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারটি। আরও যোগ করেন, “শেষ মুহূর্তে গোলটা বা ক্রসটা ঠিকঠাক করতে পারলে ভালো হত। তবে তখন আমাদের বেশ কিছুটা সময় ডিভেন্সিভ খেলতে হয়েছে। ফলে শেষের দিকে কিছুটা শক্তির ঘাটতি অনুভব করেছি। আমার মনে হয় ঘরোয়া লিগ আগে শুরু হলে এই ম্যাচগুলোর জন্য আমাদের প্রস্তুতি ভালো হত।”
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের জন্য বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বরে মেসির ম্যাচের জন্য যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদেরই এই টিকিট দেওয়া হবে বলে জানান তিনি। ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ভারত-ব্রাজিল ম্যাচ শেষে। প্রশ্ন ছিল, ভারত-উরুগুয়ে ম্যাচের পাস কোথা থেকে পাবেন দর্শকরা? অবশেষে সেই উত্তর জানা গেল ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র পোস্টে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ওই পোস্টে জানিয়েছেন, গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির ‘গোট’ সফরের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁদেরই ভারত-উরুগুয়ে ম্যাচের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে। এই কমপ্লিমেন্টারি পাস সংগ্রহ করা যাবে ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে। পাস নিতে গেলে সঙ্গে রাখতে হবে সরকারের দেওয়া বৈধ ফটো পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট)। একই সঙ্গে দেখাতে হবে গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানের জন্য কেনা আসল টিকিটটিও। গত বছরের ডিসেম্বরে মেসিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভিড়, ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এলএম১০-কে। মোটা টাকা দিয়ে টিকিট কেটেও বহু দর্শক তাঁকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরেছিলেন। সেই সময় ক্ষতিপূরণের কথা বলা হলেও তা নিয়ে বিতর্ক থেকেই গিয়েছিল। এবার সেই দর্শকদেরই উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা করা হল। পাস সংগ্রহের জন্য নির্দিষ্ট করা হয়েছে মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, অভয়ন কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর ২ ও ৩এ। বিধাননগর পুরসভা স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুল থেকেও পাস সংগ্রহ করা যাবে। অন্যদিকে, ভারত-উরুগুয়ে ম্যাচের জন্য C2 Left এবং C2 Right-এর টিকিটের দাম ধার্য করা হয়েছে ১৯৯ টাকা।
ভারত বনাম উরুগুয়ে ম্যাচ। ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে দক্ষিণ আমেরিকার আরেক বিশ্বকাপ জয়ী দেশের বিরুদ্ধে মোকাবিলা। তবে তার আগে বেশ খোশমেজাজে দিয়েগো ফোরলানের দল। ভারত ম্যাচের আগে কলকাতা ঘুরে দেখল উরুগুয়ে। ইডেনে গিয়ে ক্রিকেটে মাতলেন রোনাল্ড আরাউহো, ডারউইন নুনেজরা। মঙ্গলবার মেগা ম্যাচের আগে অনুশীলনে নামেনি উরুগুয়ে দল। মূলত বৃষ্টির জন্য এই সিদ্ধান্ত। তাবলে শহর পরিদর্শনে খামতি রইল না। ‘সিটি অফ জয়’-এ দর্শনীয় জায়গার অভাব নেই। সেই সুযোগ ছাড়লেন না দিয়েগো ফোরলানরা। সোশাল মিডিয়ায় সেই ছবি আপলোড করেছে উরুগুয়ে ফুটবল দল। ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখতে যান ফুটবলাররা। ইতিহাসের বহু নিদর্শনের সাক্ষী থাকেন লুকাস তোরেরারা। সেই ছবি ফ্রেমবন্দি করেন। এরপর যান পাশে সেন্ট পলস ক্যাথিড্রালে। সেখানেও বেশ কিছু সময় কাটান। ইডেন গার্ডেন্সেও যায় উরুগুয়ে দল। ভারতে ক্রিকেট ধর্মের মতো। সেটা ভালোমতো জানে দক্ষিণ আমেরিকার দেশও। তাই ভারতীয় ক্রিকেটের অন্যতম পীঠস্থান ইডেনেও হাজির তাঁরা। শুধু তাই নয়। রীতিমতো ব্যাট-বল হাতে নেমে পড়ে ‘চারুয়াস’রা (উরুগুয়ে ফুটবল দলের ডাকনাম)। লুকাস তোরেরা বল করেন, ব্যাট করে ডারউইন নুনেজ। আসলে দু’জনেই ইংল্যান্ডের ক্লাবে খেলেছেন। তোরেরা দীর্ঘদিন আর্সেনালে খেলেছেন। অন্যদিকে নুনেজ ছিলেন লিভারপুলে। সম্ভবত সেই সূত্রেই ক্রিকেটের সঙ্গে আলাপ। সেই ছবি ক্যাপশনে দিয়ে লেখা হয়েছে, ‘ইডেনে গিয়ে একটু ক্রিকেট খেলার চেষ্টা করলাম। ক্রিকেটে ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা।’ বিশ্বকাপের পর তাঁদের কোচ হয়েছেন দিয়েগো ফোরলান। কিংবদন্তি ফুটবলার একসময় ভারতেও খেলে গিয়েছেন। এবার জাতীয় দলের কোচ হিসেবে ভারতে আগমন ফোরলানের।



