সোম সন্ধ্যায় আচমকাই দিল্লিতে লালকেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণ। এই বিস্ফোরণের পিছনে কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি। সন্ধ্যায় আচমকাই লালকেল্লা মেট্রো স্টেশনের গেটের কাছে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণে দুটি গাড়িতে আগুন লাগার খবর মিলেছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনএসজি, এনআইএ-এর টিম। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা সাতটা নাগাদ আচমকা বিস্ফোরণের খবর মেলে। জানা যায়, লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেটের কাছে বিস্ফোরণ ঘটেছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণের জেরে আশেপাশের আরও কয়েকটি গাড়িতে পরপর আগুন ধরে যায়। বিস্ফোরণের জেরে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর মিলেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, ঘটনাস্থলে ২০টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে যানবাহন চলাচল। জানা যাচ্ছে, পুরনো দিল্লি দিয়ে সমস্ত যানবাহন ঘুরিয়ে দেওয়া হচ্ছে। দিল্লি পুলিশের স্পেশাল সেলও পৌঁছেছে ঘটনাস্থলে। জনবহুল এলাকা হওয়ায় নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। দিল্লি জুড়ে জারি হাই অ্যালার্ট। সূত্রের খবর, ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে। এক স্থানীয় বাসিন্দার দাবি, লালকেল্লা মেট্রোর সামনে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেহাংশ।
লালকেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণের কারণে লালকেল্লা মেট্রো গেটে আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে আরও কয়েকটি গাড়িতে। ২৯০০ কেজি বিস্ফোরক উদ্ধারের পরই এই ঘটনা। দিল্লির দমকলের এক আধিকারিক জানান, একটি গাড়িতে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণের পরই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি গাড়িতেও। বিস্ফোরণের ঘটনাটি ঘটে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের একাধিক ইঞ্জিন। দমকল সূত্রে দাবি, কিছু ক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে এই ঘটনায় কয়েক জন আহত হওয়ারও খবর মিলেছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের সুপার সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, ১৫ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছোনোর আগেই আট জনের মৃত্যু হয়। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। লালকেল্লা মেট্রোর ১ নম্বর গেটের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা এক গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পার্কিংয়ে থাকা আরও কয়েকটি গাড়িতে। বিস্ফোরণের কারণ নিশ্চিত নয়। তবে নাশকতার আশঙ্কাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি, ফরেন্সিক দলও।
দিল্লিতে লালকেল্লার কাছে বিস্ফোরণের পর আশপাশের এলাকার সব সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করতে শুরু করেছে পুলিশ। কী কারণে বিস্ফোরণ হল, তা এখনও স্পষ্ট নয়। আত্মঘাতী হানা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়িটি লালকেল্লার অদূরে মসজিদের কাছে প্রায় তিন ঘণ্টা দাঁড়িয়ে ছিল। সেখান থেকে রওনা দেওয়ার কিছু ক্ষণ পরেই বিস্ফোরণ হয়। সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করার সময় এমনটাই জানা গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর।
প্রকাশ্যে আসা একটি ফুটেজে দেখা যাচ্ছে, বিস্ফোরণে উড়ে যাওয়া ওই গাড়িটি সম্ভবত একটি টোলপ্লাজ়া বা পার্কিংয়ে প্রবেশ করছে। সিসি ক্যামেরার ওই ফুটেজে গাড়িটির মধ্যে এক জনকেই দেখা গিয়েছে। তিনি চালকের আসনে বসে ছিলেন। পরনে ছিল নীল এবং কালো রঙা একটি টি-শার্ট। গাড়ির চালকের আসনের পাশের জানালা দিয়ে ঈষৎ মাথা বার করতেও দেখা গিয়েছে তাঁকে। তবে গাড়িতে ওই সময় আরও কেউ ছিলেন কি না, তা সিসি ক্যামেরার ওই ফুটেজে স্পষ্ট নয়। সাদা রঙের ওই ‘হুন্ডাই আই২০’ গাড়িটি দুপুর ৩টে ১৯ মিনিটে লালকেল্লার অদূরে সুনহেরি মসজিদ কাছে একটি পার্কিংয়ে প্রবেশ করেছিল। সন্ধ্যা ৬টা ৪৮ মিনিট পর্যন্ত গাড়িটি সেখানেই দাঁড়িয়ে ছিল। তার পরে ওই পার্কিং থেকে বেরোয় গাড়িটি। পার্কিং থেকে বার হওয়ার কিছু ক্ষণের মধ্যেই সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে লালকেল্লার কাছে গাড়িটিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণস্থলের অদূরেই রয়েছে গৌরিশঙ্কর এবং জৈন মন্দির। ফুটেজ বিশ্লেষণের ভিত্তিতে অনুমান করা হচ্ছে গাড়িতে এক জনই যাত্রী ছিলেন। ওই সূত্রের কথায়, “সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের সময়ে গাড়িটিকে পার্কিংয়ে প্রবেশ করতে এবং বার হতে দেখা গিয়েছে। ফুটেজ থেকে অনুমান করা হচ্ছে, ওই সময়ে গাড়িতে সন্দেহভাজন একাই ছিলেন। তদন্তকারীরা দরিয়াগঞ্জের দিকের রাস্তাটি ‘ট্র্যাক’ করছেন। গাড়িটির সম্পূর্ণ গতিবিধি জানার জন্য আশপাশের এলাকার টোল প্লাজ়ার ফুটেজ-সহ শতাধিক সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।”




