Top 5 This Week

spot_img

Related Posts

রাজ্যের নাম পশ্চিমবঙ্গ! শীঘ্রই বিধানসভায় বিল পেশ

RK NEWZ বাংলা, বঙ্গ বা ওয়েস্ট বেঙ্গল নয়, রাজ্যের নাম থাকবে পশ্চিমবঙ্গই। ইংরাজিতেও এই নামই ব্যবহার করা হবে। শীঘ্রই এই সংক্রান্ত একটি বিল বিধানসভায় আনবে রাজ্য সরকার। সোমবার একথা জানান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর কথায়, “এখন থেকে আর কোনও ওয়েস্ট বেঙ্গল, কোনও বাংলা নয়। অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ, সেই বঙ্গের অর্ধেকটা চলে গিয়েছে। শুধু পশ্চিমবঙ্গ পড়ে রয়েছে। তাই রাজ্যের নাম পশ্চিমবঙ্গই হবে।” এর আগে রাজ্যসভাতেও এ রাজ্যের নাম সব ভাষাতেই পশ্চিমবঙ্গ রাখার দাবি জানান শমীক। তাঁর দাবি ছিল, পশ্চিমবঙ্গ নামের একটি নির্দিষ্ট রাজনৈতিক ইতিহাস রয়েছে। তাই পশ্চিমবঙ্গ নামটি রাখার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। রাজ্যে পালাবদলের পরে সেই পথেই হাঁটতে চলেছে বর্তমান সরকার। সোমবার এমনই ইঙ্গিত দিলেন শমীক। তিনি জানান, রাজ্যের জন্মের ইতিহাসের সঙ্গে পশ্চিমবঙ্গ নামটির সম্পর্ক রয়েছে। তাই সব ভাষাতেই যাতে এই নাম থাকে তার জন্য বিধানসভার আসন্ন অধিবেশনেই বিল আনতে চলেছে রাজ্য সরকার। প্রশাসনিক সুবিধার জন্য রাজ্যের ওয়েস্ট বেঙ্গল নামটি বদলের জন্য বহু আগে থেকে শুরু হয় ভাবনাচিন্তা। এই নাম ইংরাজি বর্ণমালা অনুযায়ী শেষের দিকে হওয়ায় রাজ্যের প্রতিনিধিরা কেন্দ্রীয় সরকারের বৈঠকে সবার শেষে বলার সুযোগ পান। দীর্ঘ বৈঠকের শেষে বলার সুযোগ পাওয়ায় গোটা বক্তব্য পেশ করতে পারেন না প্রতিনিধিরা। বক্তব্যের নির্ধারিত সময় কমিয়ে দেওয়া হয়। এই নিয়ে বামফ্রন্টের আমলেও চর্চা হয়েছে। নাম বদলের জন্য হয় পদক্ষেপও করা হয়। কিন্তু তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। পরে রাজ্যের নাম বাংলা করতে বিধানসভায় বিল পাস করেছিল তৃণমূল সরকার। কিন্তু তাতেও মেলেনি কেন্দ্রের অনুমোদন। বিজেপি আগেই জানিয়েছিল ‘বাংলা’ নামে আপত্তি রয়েছে তাদের। রাজ্যের নাম পশ্চিমবঙ্গ রাখার কথাই প্রথম থেকে বলে আসছে তারা। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই মর্মে বিল আসতে চলেছে বিধানসভায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles