RK NEWZ সোশাল মিডিয়ায় এমনিতেই খুব জনপ্রিয় গৌতম। উত্তর ২৪ পরগনার খড়দহের বন্দিপুর মাঠে বিনামূল্যে শিশু-কিশোরদের ফুটবল ট্রেনিং দিতেন। বারুইপুর থেকে হোক বা কাঁচরাপাড়া, ভোরবেলা মাঠে এসে হাজির হয় খুদে ফুটবলাররা। তাঁদের কীভাবে ফুটবল শেখাচ্ছেন, সেই ভিডিও সোশাল মিডিয়ায় শেয়ার করেন গৌতম। গৌতম জানিয়েছেন, তিনি যে মাঠে অনুশীলন করাতেন, সেই মাঠ ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। কারণ ওখানে কর্পোরেট ক্রিকেট হবে। ভিডিওয় কাঁদতে কাঁদতে গৌতম ছোট ফুটবলারদের বলেছিলেন, “কাল থেকে অনুশীলন বন্ধ। ফুটবল গরিবদের খেলা। মানুষ না বুঝলে আর কে বুঝবে? ভারতীয় ফুটবল আজ নিচে একটাই কারণে। আমরা ফুটবলকে সমর্থন করতে পারি না।” এই ভিডিও সোশাল মিডিয়ায় ছড়াতেই পাশে এসে দাঁড়ান আরেক প্রাক্তন ফুটবলার প্রবীর দাস। ভিডিও করে তিনি বলেন, “একজন বিনামূল্যে, বিনাস্বার্থে বাচ্চাদের ট্রেনিং করায়। আর তাঁকেই বলে দেওয়া হল, কাল থেকে আর অনুশীলন করাতে হবে না। সব কিছুতে কেন ফুটবলাররা বঞ্চিত হবেন? আজ যদি আমরা এই ফুটবলার, এই কোচেদের পাশে না দাঁড়াতে পারি, তাহলে নিজেদের ফুটবলপ্রেমী বলতে পারব না। ক্রীড়ামন্ত্রীর কাছে অনুরোধ, আপনি ভালো কাজ করছেন। আপনি দয়া করে এই ক্যাম্পের পাশে দাঁড়াবেন।” একসময় ইস্টবেঙ্গল ও মহামেডানে খেলেছেন। কলকাতা ময়দানের বহু পরিচিত মুখ গৌতম কুজুর। অবসরের পর খড়দহর মাঠে ফুটবল প্রশিক্ষণ দেন। ১৪ বছর ধরে যে মাঠে কোচিং করাচ্ছেন। সদ্য প্রাক্তন ফুটবলার প্রবীর দাসের ভিডিওবার্তার পর বহু মানুষ দাঁড়িয়েছেন গৌতমের পাশে। মাঠের ব্যবস্থাও হয়েছে। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁও যোগাযোগ করেছেন বলে জানা গিয়েছে। সোশাল মিডিয়ায় প্রবীর লিখেছেন, ‘প্রথমেই স্পোর্টস মিনিস্টার স্যরকে অসংখ্য ধন্যবাদ। দু’দিন আগে ফুটবল নিয়ে একটি ভিডিও বানিয়ে স্যারকে ট্যাগ করেছিলাম। ভিডিওটি দেখার পর স্যর আমাকে ফোন করে আশ্বাস দিয়েছিলেন, বিষয়টি নিয়ে কথা বলবেন এবং দেখবেন। এটা কোনও একজনের জয় নয়, এটা সাধারণ মানুষের জয়, এটা ফুটবলের জয়।’





