RK NEWZ যুবভারতী ক্রীড়াঙ্গনে রিয়াল মাদ্রিদ লিজেন্ড বনাম বার্সেলোনা লিজেন্ডদের ম্যাচ হওয়ার কথা ছিল। সেটি হচ্ছে না। পরে কোনও এক দিন সেই ম্যাচ হবে, জানালেন পশ্চিমবঙ্গের ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুই দলেই তারকা ফুটবলারেরা রয়েছেন। সূত্রের খবর, দু’টি দলকেই আসতে হবে সৌদি আরবের রিয়াদ বিমানবন্দর দিয়ে। সেখানে পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে অচলাবস্থা তৈরি হয়েছে। সেটি না মিটলে দুই দল আসতে পারবে না। তাই নিরাপত্তার কারণে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দল পাঠাতে চাইছে না। ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বলেন, “দু’টি দলই এই ম্যাচ পরে খেলবে বলে জানিয়েছে। সেই ই-মেলও আমরা পেয়েছি।” গত ১৩ অক্টোবর সমাজমাধ্যমে একটি পোস্ট করে ক্রীড়ামন্ত্রী লিখেছিলেন, ‘‘এল ক্লাসিকো আসছে। বার্সেলোনা লিজেন্ডস বনাম রিয়াল মাদ্রিদ লিজেন্ডস ম্যাচ ২৫ নভেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।’’ এই লেখার সঙ্গে একটি ছবিও দিয়েছিলেন তিনি। তাতে দেখা গিয়েছিল ‘লিজেন্ডস ইন্ডিয়া ট্যুর ২০২৬’ লেখা। তার নীচে ছিল দুই দলের লোগো। সকলের শেষে লেখা ছিল ‘কলকাতা নভেম্বর ২৫, ২০২৬’। এই ম্যাচে খেলবেন দুই দলের অবসর নেওয়া তারকারা। পর্তুগালের কিংবদন্তি ফুটবলার লুই ফিগো ছাড়াও খেলার কথা কার্লোস পুয়োল, ইকের ক্যাসিয়াসদের। এমনটাই কথা ছিল বলে জানা যায়। আপাতত, কলকাতার ক্রীড়াপ্রেমীদের আপাতত অপেক্ষাই করতে হবে তারকাদের দেখার জন্য।





