RK NEWZ ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কল্যাণ চৌবের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলেছে? প্রশ্ন ফুটবল মহলে! কল্যাণ রাজত্বে ভারতীয় ফুটবলে অকল্যাণ? দিনের পর দিন ফিফা র্যাঙ্কিংএ তলানিতে নামতেই চলেছে ভারতীয় ফুটবল। এদিকে, একদা বাংলায় বিজেপির পর্যবেক্ষক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে? সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়বেন অরবিন্দ মেনন। শুক্রবার সরকারি ভাবে জানালেন ইউপি ফুটবল প্রেসিডেন্ট। তৃণমূল স্তর থেকে প্রতিভা তুলে আনার পাশাপাশি দেশের ফুটবলে নতুন করে প্রাণসঞ্চারের প্রতিশ্রুতি দিয়ে এআইএফএফ সভাপতি পদে লড়ার কথা ঘোষণা করলেন। মধ্যপ্রদেশে ২০১৬ সাল পর্যন্ত বিজেপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব সামলেছেন মেনন। ২০১৮ সালের অক্টোবরে পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র বিজেপির পর্যবেক্ষকও ছিলেন তিনি। নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন রাজ্য ফুটবল সংস্থার প্রতিনিধি এবং ফেডারেশনের শীর্ষকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন তিনি। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে মেনন বলেন, “আমি এআইএফএফ সভাপতি নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছি। মনোনয়ন জমা দেওয়ার বিজ্ঞপ্তি ডিসেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হওয়ার কথা।” তিনি আরও বলেন, “রাজ্য সংস্থাগুলির অনেকের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি বেশ কয়েকজন অভিজ্ঞ কর্তার সঙ্গেও আলোচনা হয়েছে। তাঁদের আশীর্বাদ নিয়েই নির্বাচনে লড়তে চলেছি।” এআইএফএফ-এর সভাপতি পদে লড়াই যে সহজ হবে না, তা বলাই বাহুল্য। প্রাক্তন সভাপতি প্রফুল প্যাটেলও এই পদের সম্ভাব্য দাবিদার। যদিও তিনি এখনও নিজের সিদ্ধান্ত জানাননি। মালয়ালি বংশোদ্ভূত মেননের জন্ম বারাণসীতে। ২০২৪ সালের ডিসেম্বরে দ্বিতীয় বারের জন্য উত্তরপ্রদেশ ফুটবল সংঘের সভাপতি নির্বাচিত হন তিনি। আসন্ন নির্বাচনে উত্তরপ্রদেশ ইউনিটের দুই প্রতিনিধির একজন হিসাবে এআইএফএফের নির্বাচকমণ্ডলীতেও জায়গা পেয়েছেন। সভাপতি নির্বাচিত হলে ভারতীয় ফুটবলের সঙ্গে যুক্ত সমস্ত পক্ষকে এক ছাতার তলায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন মেনন। তাঁর কথায়, “আমি নতুন করে শুরু করতে চাই। রাজ্য সংস্থা, বিশেষজ্ঞ, আধিকারিক, প্রাক্তন ফুটবলার, ক্লাব এবং স্টেকহোল্ডারসের সঙ্গে আলোচনা করে রূপরেখা তৈরি করতে চাই।”

এবার কি তাহলে অপসারিত কল্যাণ চৌবে?
ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তৃণমূল স্তরে জোর দেওয়ার পক্ষপাতী মেনন। তাঁর মতে, শুধু সিনিয়র দলের পারফরম্যান্সের দিকে তাকিয়ে থাকলে চলবে না। বরং ছোট বয়স থেকে প্রতিভা চিহ্নিত করে তাদের উপযুক্ত প্রশিক্ষণ ও পরিকাঠামো দেওয়াই হওয়া উচিত প্রধান লক্ষ্য। তিনি বলেন, “এই দেশে প্রতিভার কোনও অভাব নেই। তৃণমূল স্তরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সেই প্রতিভাকে খুঁজে বের করতে হবে। সিনিয়র দলগুলির উন্নতিও গুরুত্বপূর্ণ। তবে আমাদের অনেক বেশি নজর দিতে হবে জুনিয়র এবং তৃণমূল স্তরে।” ফিফা ক্রমতালিকায় ভারতীয় দলের ক্রমাগত অবনতিও ভাবাচ্ছে মেননকে। কয়েক বছর আগেও ৯৯ নম্বরে থাকা ভারতীয় পুরুষ ফুটবল দল বর্তমানে নেমে গিয়েছে ১৪১ নম্বরে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে পারফরম্যান্সে উন্নতি ঘটানোর পাশাপাশি দেশের সর্বত্র ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে হবে বলে মনে করেন তিনি। মেননের মন্তব্য, “আমাদের পারফরম্যান্সের উন্নতি করতেই হবে। কেরল, উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, গোয়ার মতো জায়গায় ফুটবল অত্যন্ত জনপ্রিয়। এবার দেশের অন্যান্য প্রান্তেও এই খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে হবে।” এখন দেখার, ২০ ডিসেম্বরের নির্বাচনে মেননের ‘নতুন শুরু’র প্রতিশ্রুতি রাজ্য সংস্থাগুলির কতটা সমর্থন আদায় করতে পারে। ভারতীয় ফুটবলের প্রশাসনিক মসনদে শেষ পর্যন্ত কে বসেন, সেদিকেই নজর থাকবে ফুটবলমহলের।

দাবার চালটা ভালোই খেললেন একদা ‘তৃণমূল’ বাইচুং?
ফেডারেশনে পরিবর্তনের দাবি! বাইচুং-সহ পনেরো ফুটবলারের চিঠি ক্রীড়ামন্ত্রককে
ফেডারেশনের নির্বাচনের ঠিক আগে চাঞ্চল্য ভারতীয় ফুটবল মহলে। বাইচুং ভুটিয়া-সহ পনেরোজন প্রাক্তন জাতীয় ফুটবলার, ফেডারেশন সভাপতির পদে পরিবর্তন চেয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যকে চিঠি দিলেন। আর তাতেই ফেডারেশনের নির্বাচনের ঠিক আগে চাঞ্চল্য পড়ে গিয়েছে ভারতীয় ফুটবল মহলে। বাইচুং ভুটিয়া, দীপক মণ্ডল, আলভিটো ডি’কুনহা, অরিন্দম ভট্টাচার্য-সহ প্রাক্তন জাতীয় ফুটবলাররা যে চিঠি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে পাঠিয়েছেন, তা সাফে কাপ শুরুর আগে লেখা। লেখা রয়েছে, বর্তমান ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবের সভাপতিত্বে ভারতীয় ফুটবলের মান কতটা নীচে নেমে গিয়েছে। এই মুহূর্তে ভারতীয় ফুটবল ফিফার ক্রমতালিকায় রয়েছে ১৪১ তম স্থানে। যখন বাইচুং সহ পনেরোজন ফুটবলার এই চিঠিটি কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীকে পাঠিয়েছিলেন, তখন ভারতীয় ফুটবল দল ছিল ১৩৮তম স্থানে। ফলে বাইচুংরা চিঠিতে জানিয়েছেন, নতুন সভাপতির সময়ে ভারতীয় ফুটবল ৯৫ তম স্থান থেকে ১৩৮ তম স্থানে পৌঁছেছে। যা আন্তর্জাতিক ক্রীড়ামহলে দেশের মান খর্ব করেছে। এর সঙ্গে চিঠিতে লেখা রয়েছে, কীভাবে ফেডারেশন দেশের শীর্ষ লিগ আয়োজন করতে ব্যর্থ হয়েছে। পাশাপাশি টাটার মতো সংস্থা ভারতীয় ফুটবল থেকে হাত গুটিয়ে নিয়েছে। দেশের ফুটবলকে ঘিরে আর্থিক সঙ্কটের কথা বলাতেই প্রাক্তন ফুটবলাররা ছাড়েননি। তাঁরা জানিয়েছেন, ফেডারেশনে যখন প্রবল আর্থিক সঙ্কট, সেই সময় ব্রাজিল, উরুগুয়ে, পানামার সঙ্গে ম্যাচ খেলে প্রবল আর্থিক সমস্যায় পড়েছে। এমনকী আশিয়ান কাপে খেলার যে সুযোগ এসেছিল, সেই সুযোগও হেলায় হারিয়েছে। আসলে প্রবল আর্থিক সমস্যায় চলা ভারতীয় ফুটবল ফেডারেশনের এই ম্যাচগুলি আয়োজন করা, সস্তা প্রচারে কৌশল ছিল মাত্র। এই সব কারণ দেখিয়েই অবিলম্বে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন প্রাক্তন জাতীয় ফুটবলাররা। ফেডারেশন পরিচালনার জন্য এমন কোনও ব্যক্তিকে দায়িত্ব প্রদানের অনুরোধ করেছেন, যিনি এই পরিস্থিতি থেকে ভারতীয় ফুটবলকে টেনে তুলতে পারবেন।
ক্রীড়া প্রশাসনে সমর্থন ও জল্পনা : ২০২৬ সালের ১৯ নভেম্বর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের প্রতি কর্ণাটকের কংগ্রেস নেতা এন এ হ্যারিসের সমর্থন ভারতীয় ফুটবলে তাঁর ভবিষ্যৎ এবং রাজনৈতিক সমীকরণ নিয়ে বড় প্রশ্ন তুলেছে। এর আগে ২০২২ সালে তিনি গুজরাট রাজ্য সংস্থার মনোনয়নে এবং বিজেপি শীর্ষ নেতৃত্বের সমর্থনে এই পদে আসীন হয়েছিলেন।
নির্বাচনী ফলাফল: রাজনৈতিক ময়দানে কল্যাণ চৌবে বিজেপির টিকিটে একাধিকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর কেন্দ্র থেকে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মানিকতলা কেন্দ্র থেকে এবং ২০২৪ সালের জুলাই মাসে মানিকতলা বিধানসভা উপনির্বাচনে তিনি পরাজিত হন। ২০২৪ সালের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুপ্তি পাণ্ডের কাছে তিনি বড় ব্যবধানে হেরেছিলেন।
বিতর্ক ও অভিযোগ: ২০২৪ সালে এআইএফএফ-এর প্রাক্তন প্রধান আইনি উপদেষ্টা তাঁর বিরুদ্ধে তহবিল তছরুপ ও দুর্নীতির অভিযোগ এনেছিলেন, যা কল্যাণ চৌবে ভিত্তিহীন বলে অস্বীকার করেন। এছাড়া মানিকতলা উপনির্বাচনের আগে তৃণমূল নেতা কুণাল ঘোষের সঙ্গে তাঁর কথিত ফোনালাপের একটি অডিও ক্লিপ নিয়েও বিতর্ক তৈরি হয়েছিল।





