Top 5 This Week

spot_img

Related Posts

এশিয়ার বৃহত্তম মার্কেট হাওড়ার বাজার দেশজুড়ে ফুল-সজ্জায় ভরসা!‌২০০৭ সালের পর বামফ্রন্ট ও তৃণমূল সরকার ফুলবাজার নিয়ে কোনও উন্নয়ন করেনি

RK NEWZ এশিয়ার বৃহত্তম ফুলের বাজার হাওড়া ব্রিজ সংলগ্ন মল্লিক ঘাট। তিরুপতি থেকে রাজস্থানের মন্দির, দেবদেবীর ফুল-সজ্জার জন্য সমস্ত ফুলের জন্য এই বাজারের উপর নির্ভরশীল। আর তাই এই মার্কেটের আধুনিকীকরণে নয়া পরিকল্পনা নিল রাজ্য সরকার। পাশাপাশি জগন্নাথ ঘাটের সৌন্দর্যায়নেও কাজ করা হচ্ছে। শনিবার রাজ্যের খাদ‌্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কল‌্যাণ চক্রবর্তী এনিয়ে সাংবাদিকদের বিস্তারিত পরিকল্পনার কথা জানিয়েছেন। খুব দ্রুত কাজ শুরুর বিষয়ে আত্মবিশ্বাসী তিনি। প্রায় ২০০ বছরের প্রাচীন ঐতিহ্যশালী মল্লিকঘাট বাজারের জীর্ণ কাঠামো ও অপরিচ্ছন্ন পরিবেশ বদল নিয়ে কলকাতা পুরসভায় একটি বৈঠক হয়। বৈঠকে মন্ত্রী কল‌্যাণ চক্রবর্তী ছাড়াও ছিলেন পুরসভার কমিশনার ও প্রশাসক স্মিতা পাণ্ডে, কলকাতা পুলিশ, কলকাতা পোর্ট-সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা এবং জোড়াসাঁকো কেন্দ্রের বিধায়ক বিজয় ওঝা। বৈঠকের পর খাদ‌্য প্রক্রিয়াকরণ মন্ত্রী কল‌্যাণ চক্রবর্তী জানিয়েছেন, ‘‘চারতলা বহুতলে ফুলের বাজার বসবে। জেলা থেকে ফুল নিয়ে এসে মজুত করার জন‌্য চাষিদের স্বল্পমূল্যে কোল্ড স্টোরেজ যেমন হবে, তেমনই দূরের ফুলচাষিদের জন‌্য বিশ্রামাগার থাকবে। অবিক্রিত ফুল ও বাতিল পাতা বৈজ্ঞানিকভাবে নষ্ট করার জন‌্য ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের’ আধুনিক প্রযুক্তির মেশিনও বসবে। একইসঙ্গে ফুল দিয়ে তৈরি নানা সামগ্রী ও পণ‌্যও বিক্রির জন‌্য আলাদা শোরুমও হবে।’’ ২০০৭ সালের পর বামফ্রন্ট ও তৃণমূল সরকার, দু’তরফেই ফুলবাজার নিয়ে কোনও উন্নয়ন করেনি বলে অভিযোগ করে শনিবার বিধায়ক বিজয় ওঝা জানিয়েছেন, ফুল বাজার আধুনিকীকরণের পাশাপাশি পুণ্যার্থী ও পর্যটকদের স্বার্থে জগন্নাথঘাটের আমূল সংস্কার হবে। একইসঙ্গে এই ফুলবাজার থেকে রাজস্থান, মধ্যপ্রদেশ-সহ একাধিক রাজ্যের ফুল রপ্তানি করার পরিকল্পনা রয়েছে বলেও খাদ‌্য প্রক্রিয়াকরণ মন্ত্রী জানান। কল্যাণ চক্রবর্তীর বক্তব্য, ‘‘আমরা দেখেছি, এখানকার ফুলের চাহিদা অনেক। কিন্তু সঠিক পরিকাঠামোর অভাবে সংরক্ষণ এবং বিলিব্যবস্থা ঠিকমত হচ্ছে না। অকারণে ফুল নষ্ট হচ্ছে। এসব নিয়ে আমরা নতুন করে সব পরিকল্পনা করছি। আগের সরকার তো এসব কিছুই করেনি। আমরা দ্রুত কাজ করছি। ইতিমধ্যে তিনটি বৈঠক করেছি আমরা।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles