RK NEWZ চাঁদের মাটি পৃথিবীর চেয়ে অনেকটাই আলাদা। পৃথিবীর মাটির মতো চাঁদের মাটিতে কোনও জৈব পদার্থ নেই। চন্দ্রপৃষ্ঠের ওই মাটিকে বলা হয় ‘লুনার রিগোলিথ’, যা আসলে গুঁড়ো হয়ে যাওয়া পাথর এবং ধুলোর মিশ্রণে তৈরি। কোটি কোটি বছর ধরে চন্দ্রপৃষ্ঠে যে সব উল্কাপাত হয়েছে, তা থেকেই তৈরি হয়েছে এই রিগোলিথ। চন্দ্রপৃষ্ঠের বেশির ভাগ অংশ জুড়েই এই মাটি ছড়িয়ে রয়েছে। চাঁদে লম্বা সময়ের জন্য থেকে গবেষণা চালাতে গেলে, সেখানেই খাদ্য উৎপাদনের কৌশল রপ্ত করা জরুরি। কৌশল রপ্ত করার পথে বিজ্ঞানীদের এক ধাপ এগিয়ে দিল সাম্প্রতিক এক গবেষণা। কৃত্রিম ভাবে তৈরি করা চাঁদের মাটিতে সফল ভাবে আলু চাষ করে বিজ্ঞানীমহলে সাড়া ফেলে দিয়েছেন আমেরিকার ওরেগন স্টেট ইউনির্ভাসিটির উদ্ভিদ-জীববিজ্ঞানী অ্যামেরিক গয়ার এবং তাঁর সহযোগীরা। উল্লেখ্য, নির্দিষ্ট কিছু আগ্নেয়গিরির শিলা ও খনিজ পদার্থকে বৈজ্ঞানিক পদ্ধতিতে গুঁড়ো করে, ছেঁকে, তাপ দিয়ে প্রক্রিয়াকরণের মাধ্যমে চাঁদের কৃত্রিম মাটি (সিমুলেটেড রিগোলিথ) তৈরি করা হয়ে থাকে। প্রকৃতিগত ভাবে এই মাটি চন্দ্রপৃষ্ঠে পাওয়া ধুলোর মতোই। চাঁদের রেগোলিথে নাইট্রোজেন থাকে না। কৃত্রিম ভাবে তৈরি করা ওই মাটিতেও ছিল না। ফলে কোনও জৈব উপাদান যোগ না করে সেখানে কোনও ভাবেই ফসল ফলানো সম্ভব ছিল না। গয়ার এবং তাঁর সহযোগীরা চাঁদের ওই কৃত্রিম মাটিতে আলাদা আলাদা মাত্রায় জৈব সার মিশিয়ে পরীক্ষা করে দেখেন। তাতে দেখা যায়, কৃত্রিম আলোর মধ্যে নির্দিষ্ট একটি মাত্রায় জৈব সার মিশ্রিত চাঁদের মাটিতে আলু চাষ করা সম্ভব। গয়ারদের এই গবেষণায় সাহায্য করেছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসাও।গবেষকেরা যে কৃত্রিম রিগোলিথে জৈব সার মেশাননি, সেখানে পোঁতা আলু গাছে কোনও শিকড় বা কন্দ তৈরি হয়নি। ৯৫ শতাংশ রিগোলিথ এবং ৫ শতাংশ জৈব সারের মিশ্রণে শিক়ড় ও কন্দ তৈরি হতে দেখা গিয়েছে। আবার যে রিগোলিথে ৩০ শতাংশ জৈব সার মেশানো হয়েছিল, সেখানে ফলা আলু পৃথিবীর মাটিতে (বিশেষ ভাবে ওরেগনের মাটিতে) ফলা আলুর মতোই। গত বৃহস্পতিবার ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে এই গবেষণাটি প্রকাশিত হয়েছে। এই গবেষণার জন্য গয়ার এবং তাঁর সঙ্গীরা গ্রিন হাউসে (কাচ, পলিথিন বা স্বচ্ছ পলিমারের তৈরি এমন একটি ব্যবস্থা, যেখানে আলো ও তাপ নিয়ন্ত্রণ করে গাছপালা চাষ করা হয়) সূর্যের আলো এবং কৃত্রিম আলো উভয়েই প্রয়োজন মতো ব্যবহার করেছিলেন। দিনের বেলা সেখানে তাপমাত্রা রাখা হয়েছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের বেলা তা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস।
এই গবেষণার জন্য ব্যবহার করা হয়েছিল ‘মোডক’ নামে এক বিশেষ জাতের আলু। এই জাতের আলুর ফলন দ্রুত হয়। গবেষকদলের প্রধান গয়ারের কথায়, “অন্য অনেক ফসলের তুলনায় নির্দিষ্ট পরিমাণ জমিতে অনেক বেশি ক্যালোরির জোগান দিতে পারে আলু। এটি খুবই পুষ্টিকর। কলার চেয়েও বেশি পটাশিয়াম থাকে এতে। রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি এবং প্রোটিন। এটি খেলে পেটও অনেকক্ষণ ভরা থাকে।” যদিও এই আলু খেতে কেমন হয়েছিল, তা আর পরীক্ষা করে দেখেননি গবেষকেরা। গয়ার জানান, যে টুকু ফলন হয়েছে তার পুরোটাই গবেষণাগারে পাঠানো হয়েছে বিশ্লেষণের জন্য। চাঁদের মাটিতে চাষ নিয়ে ইতিমধ্যে আরও বেশ কিছু গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। গত মার্চে জৈব সার মেশানো কৃত্রিম রিগোলিথে ছোলা চাষ নিয়ে একটি গবেষণার খবর প্রকাশ্যে এসেছিল। পাশাপাশি টমাটো, শাক এবং শিমজাতীয় গাছ নিয়েও কিছু গবেষণা চলছে। আমেরিকা এবং চিন। দুই দেশই চন্দ্রপৃষ্ঠ নিয়ে আরও বিশদ গবেষণা করছে। চাঁদে শুধু মহাকাশচারী পাঠানোই নয়, সেখানে লম্বা সময়ের অভিযান চালাতে চাইছে। সেখানেই আস্তানা গেড়ে বসে গবেষণা চালানোর। সেই ভাবনার পথে অন্যতম প্রতিবন্ধকতা হয়ে উঠেছে খাবারের জোগান। কারণ, এত লম্বা সময়ের জন্য পৃথিবী থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাওয়ার ভাবনা বাস্তবসম্মত নয়। এ বার সেই প্রতিবন্ধকতা কাটার এক সম্ভাবনা তৈরি হল। চাঁদের মাটিতে সফল ভাবে আলু চাষ করে দেখালেন বিজ্ঞানীরা।





