RK NEWZ পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পার্থের নাকতলার বাড়িতে গিয়েছে। নিয়োগ মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ? প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের পৌঁছে গেল ইডি। শনিবার সকালে প্রচুর কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি পার্থের নাকতলার বাড়িতে গিয়েছে। ভোটের আগে নিয়োগ মামলাতেই ফের পার্থকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে মনে করা হচ্ছে। জামিন পাওয়ার পর একাধিক বার তাঁকে ইডি ডেকে পাঠিয়েছিল। কিন্তু পার্থ হাজিরা দেননি বলে অভিযোগ। প্রতি বারই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন। মনে করা হচ্ছে, সেই কারণেই এ বার পার্থকে জিজ্ঞাসাবাদ করতে তাঁর বাড়িতে পৌঁছে গেল কেন্দ্রীয় সংস্থা। একইসঙ্গে ইডির একটি দল পৌঁছে গিয়েছে নিউ টাউনে প্রসন্ন রায়ের দফতরেও। নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত ‘মিডম্যান’ এই প্রসন্ন। নাকতলার বাড়ি থেকেই নিয়োগ মামলায় পার্থকে গ্রেফতার করা হয়েছিল। শনিবার বেলা ১১টার কিছু আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ইডির একটি দল সেখানে পৌঁছোয়। সূত্রের খবর, এসএসসি মামলায় পার্থকে বার বার তলব করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। কিন্তু পার্থ জানিয়েছিলেন, তিনি অসুস্থ। প্রয়োজনে ইডি ভিডিয়ো কলের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করতে পারে। বাড়িতে এসেও জিজ্ঞাসাবাদ করা যাবে বলে ইডিকে জানিয়েছিলেন পার্থ। মনে করা হচ্ছে, তার পরেই ইডি নাকতলায় হানা দিল।





