Thursday, April 23, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

দেব-বাণী, কোনঠাসা স্বরূপের হুমকি-‌রাজ?‌‌ টলিপাড়ায় আর নয় ‘ব্যান’! ৭২ ঘণ্টায় নিষিদ্ধদের ফেরানোর প্রতিশ্রুতি, শুটিং শুরু বুধ থেকেই!‌ লীনার সঙ্গে কোনও কাজ নয়!

“রাহুল আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল, কোনও সংগঠন নয়। টলিউডের প্রত্যেকে এক, এক পরিবারের”, টেকনিশিয়ান স্টুডিয়োয় বললেন দেব। একটা মৃত্যু, অনেকগুলো বড় সিদ্ধান্ত! মঙ্গলবারের টেকনিশিয়ান স্টুডিয়ো সাক্ষী রইল তার। চলে গিয়ে টলিউডকে মিলিয়ে দিয়ে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়! এ দিন টেকনিশিয়ান স্টুডিয়োয় সাংবাদিকদের সামনে প্রযোজক-অভিনেতা এবং সাংসদ দেব ঘোষণা করলেন, “আর কোনও ‘ব্যান কালচার’ নয়। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বৈঠকে জানিয়েছেন, যে সমস্ত পরিচালক, অভিনেতা এই ‘সংস্কৃতি’র কারণে দীর্ঘ দিন বসে রয়েছেন, বৈঠক করে ৭২ ঘণ্টার মধ্যে তাঁদের কাজে ফেরাবেন।” দেবের আরও ঘোষণা, “আমরা আর আর্টিস্ট ফোরাম বা ফেডারেশন নই। আমরা একটা ইন্ডাস্ট্রি, একটা ছাদ। অনেক অভিনেতা ব্যান হয়ে পড়ে রয়েছেন। অনেক পরিচালক ব্যান হয়েছেন। বুম্বাদা আমায় কথা দিয়েছেন, ৭২ ঘণ্টার মধ্যে তাঁরা আবার ফিরবেন। রাহুল চলে যাওয়ায় আমরা বুঝতে পেরেছি শুধু মৃত্যু নয়, কাজ করতে না দেওয়াটাও ভীষণ কষ্টের, ভীষণ যন্ত্রণার। আমার মনে হয়, যাঁদের কাজ নেই, তাঁরা সেটা বুঝতে পারবেন। এই জায়গা থেকেই বুম্বাদা ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলে ৭২ ঘণ্টার মধ্যে ‘ব্যান’ অভিনেতা, পরিচালকদের কাজে ফেরানোর আশ্বাস দিয়েছেন।” দেবের এই বক্তব্য ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে। নাম না করে প্রযোজক-অভিনেতা-সাংসদ কি অনির্বাণ ভট্টাচার্য, ঋদ্ধি সেন, পরিচালক সুদেষ্ণা রায়, পরিচালক বিদুলা ভট্টাচার্য-সহ সমস্ত ‘নিষিদ্ধ’কে ফিরে আসারই ইঙ্গিত দিলেন? তাঁর বক্তব্য থেকে উঠে এসেছে এমনই প্রশ্ন। এ দিন দেব শুরুতেই জানিয়েছেন, ‘ব্যান কালচার’, ‘বয়কট’ বা অসহযোগিতা টলিউডের সংস্কৃতি নয়। কিন্তু রাহুলের মৃত্যু মেনে নেওয়া যায় না। সেই জায়গা থেকেই টলিউডের সিদ্ধান্ত, যত দিন ‘ম্যাজিক মোমেন্টস’ নিজেদের নির্দোষ প্রমাণ করতে না পারবে, তত দিন প্রযোজনা সংস্থার সঙ্গে কেউ কাজ করবেন না।

আর এই বক্তব্যকে ঘিরেই এ দিনের সাংবাদিক বৈঠকে প্রকাশ্যে এল দেব এবং ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের দ্বন্দ্ব। দেব ঘোষণা করে উঠে যাওয়ার পরেই নিজের বক্তব্য জানান স্বরূপ বিশ্বাস। দেবের মুখে ‘ব্যান কালচার’ তুলে দেওয়ার কথা শুনে ক্ষোভ আড়াল করতে পারেননি ফেডারেশন সভাপতি। তাঁর পাল্টা কটাক্ষ, “আজ দেব ‘থ্রেট কালচার’-এর কথা বলছেন। এটা আমরা করিনি, ওঁরা আমাদের থ্রেট করেছিলেন এবং ভয় দেখিয়েছিলেন, টেকনিশিয়ানদের সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হবে। তাঁদের পথে বসানো হবে। সে ভাবেই কিন্তু মামলা সাজানো হয়েছিল।” এ প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন গত বছর ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকেরা রাজ্যের হাই কোর্টে যে মামলা দায়ের করেছিল তার কথা। তিনি আরও বলেন, “দেব টেকনিশিয়ানদের বিরুদ্ধে হাই কোর্টে গিয়েছিলেন। টেকনিশিয়ানরা যে কাজ করেন, সেটাকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। টেকনিশিয়ানদের পারিশ্রমিক নিয়ে চ্যালেঞ্জ করেছেন। দেবকে অনুরোধ জানাব, হাই কোর্টে গিয়ে দয়া করে যেন দেখে আসেন মামলার কাগজপত্র। তা হলেই জানতে পারবেন, সেখানে টেকনিশিয়ানদের কাজকে খর্ব করার জন্য, টেকনিশিয়ানদের অসুবিধায় ফেলার জন্য কী কী পদক্ষেপ করা হয়েছিল!” স্বরূপের আক্ষেপ, সে দিন দেব যদি এগিয়ে এসে পরিচালকদের বলতেন, এ ভাবে মামলা দায়ের করা ঠিক হচ্ছে না, তা হলে টেকনিশিয়ানরা খুশি হতেন। ফেডারেশন সভাপতি বিষয়টিতে ইতিবাচক সাড়া দেবেন কি না, সে বিষয়ে সন্দিহান টলিপাড়া। খবর, ইতিমধ্যেই আর্টিস্ট ফোরাম বৈঠকে বসেছে। এই বৈঠকশেষে সম্ভবত জানা যাবে ‘নিষিদ্ধ’রা কবে কাজে ফিরবেন। আদৌ তাঁদের ফেরানো হবে কি না।

‘টেকনিশিয়ান স্টুডিয়ো’য় একত্রিত হওয়ার কথা ছিল টলিপাড়ার শিল্পীদের। ‘আর্টিস্ট ফোরাম’, ‘ফেডারেশন’, ‘ইম্‌পা’, টেলিভিশন প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষের বৈঠক হওয়ার কথা ছিল। দফায় দফায় আলোচনার মাধ্যমে আর্টিস্ট ফোরামের সভাপতি রঞ্জিত মল্লিক এবং কার্যকরী সভাপতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কর্মবিরতি শেষের ঘোষণা করলেন। ‘ম‍্যাজিক মোমেন্টস’ প্রযোজনা সংস্থার কোনও কাজ আপাতত করবেন না শিল্পী বা টেকনিশিয়ানরা। বৈঠকে উপস্থিত হয়েছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, হরনাথ চক্রবর্তী, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব-সহ শিল্পীদের অনেকেই। অন্য দিকে ছিলেন ইম্‌পার সভাপতি পিয়া সেনগুপ্ত। আলোচনায় যোগ দেন ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস। শুটিংয়ে শিল্পী এবং কলাকুশলীদের নিরাপত্তা ছিল বৈঠকের মুখ্য বিষয়। বৈঠকে ছিলেন রাহুলের স্ত্রী, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারও। ২৯ মার্চ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু তুলেছে অনেক প্রশ্ন। লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজিত ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে তালসারি গিয়েছিলেন অভিনেতা। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, তালসারিতে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। ওড়িশা পুলিশ সূত্রে জানা যায়, প্রযোজনা সংস্থা পুলিশের তরফে কোনও অনুমতি নেয়নি। তার পরেই প্রযোজকের দিকে ওঠে আঙুল। রাহুলের মৃত্যুর কারণ জানতে চেয়ে আইনি পরামর্শ মাফিক আর্টিস্ট ফোরামের তরফে চিঠি পাঠানো হয় ‘ম্যাজিক মোমেন্টস্‌’ প্রযোজনা সংস্থাকে। কিন্তু যথাযথ উত্তর না মেলায় আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায়-সহ শিল্পীরা কলকাতার রিজেন্ট পার্ক থানায় মামলা দায়ের করে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে। সেই রাতে তালসারি থানায় ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়-সহ পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এগ্‌জ়িকিউটিভ প্রোডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা। আর্টিস্ট ফোরামের তরফে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়া হয় কর্মবিরতির। মঙ্গলবার থেকেই অনির্দিষ্টকালের কর্মবিরতির কথা ঘোষণা করা হয়েছিল। সেই মতো সোমবার বেশি ক্ষণ ধরে শুটিং হয়েছিল বাংলা ধারাবাহিকগুলির। মঙ্গলবার সকালে বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, আগামী দিনে ঠিক কী ভাবে কাজ এগোবে? আলোচনা করে স্থির হয়েছে, আগামী পনেরো থেকে ত্রিশ দিনের মধ্যে তৈরি করা হবে আদর্শ পরিচালনা পদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়োর (এসওপি)। ইন্ডাস্ট্রির নিরাপত্তাব্যবস্থা আরও কড়া, আরও আঁটোসাঁটো করতে এই সিদ্ধান্ত। শিল্পী এবং কলাকুশলীদের জন্য তৈরি হবে বীমা। এমনকি যাঁরা চুক্তিবদ্ধ নন, সেই সব কলাকুশলী এবং শিল্পীদের জন্যও বিশেষ ব্যবস্থা থাকবে। তবে যত দিন না সেই বীমা তৈরি হচ্ছে, তত দিন ঝুঁকি নিয়ে এমন কোনও জায়গায় শুটিং করা যাবে না বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles