Tuesday, April 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

টস হারলেন শুভমন, প্রথম একাদশে জোড়া বদল টিম ইন্ডিয়ার!‌ সিডনিতে হারলেই ৪১ বছর পর চরম লজ্জার মুখে পড়বে ভারত?‌

ফের টস হারল ভারত। এই নিয়ে টানা ১৮টি একদিনের আন্তর্জাতিকে টস হারল টিম ইন্ডিয়া। যা এক বিরল লজ্জার নজির। তবে শনিবার সিডনি ম্যাচে টস জিতে শুরুতে বোলিং নয়, ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে বল করেন শুভমান গিলরা। ভারতের প্রথম একাদশে হয়েছে জোড়া বদল। একজন অলরাউন্ডার এবং একজন জোরে বোলারকে বাদ দেওয়া হয়েছে প্রথম একাদশ থেকে। পরিবর্তে দু’জন এসেছেন প্রথম একাদশে। প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন নীতীশ কুমার রেড্ডি এবং অর্শদীপ সিং। অলরাউন্ডার নীতীশকে প্রথম একাদশের বাইরে রেখে মাঠে নামার অর্থ ব্যাটিং শক্তি কিছুটা কমবে শুভমান গিলদের। শনিবার খেলছেন না অর্শদীপ সিংও। তাঁদের পরিবর্তে প্রথম একাদশে এসেছেন কুলদীপ যাদব এবং প্রসিধ কৃষ্ণা। সিডনির ২২ গজে স্পিনাররা সাহায্য পান। সে কথা মাথায় রেখেই সম্ভবত রিস্ট স্পিনার কুলদীপকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। নীতীশের জায়গায় তাঁকে প্রথম একাদশে নেওয়া হয়েছে। দলে রয়েছেন অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দরও। সব মিলিয়ে তিন স্পিনার নিয়ে খেলছে ভারত। বাঁহাতি অর্শদীপের পরিবর্তে প্রসিধকে দলে রাখা হয়েছে। জোরে বোলিংয়ের বৈচিত্র্যও কমছে সিডনিতে। কারণ ডানহাতি জোরে বোলার হিসাবে মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানা রয়েছেন। নীতীশের মিডিয়াম পেসের অভাবও অনুভূত হতে পারে। সার্বিক ভাবে শেষ ম্যাচে এক জন জোরে বোলারের পাশাপাশি এক জন ব্যাটার কম খেলাচ্ছেন শুভমানরা। বিরাট, রোহিত দু’‌জনেই রয়েছেন দলে। অস্ট্রেলিয়ার প্রথম একাদশে একটি বদল হয়েছে। বার্টলেটের বদলে এসেছেন ন্যাথান এলিস।

ইতিমধ্যেই সিরিজ হেরে গিয়েছে ভারত। সিডনিতে শনিবার নিয়মরক্ষার ম্যাচ। তবে একটা গুরুত্ব আছে এই ম্যাচের। সিডনিতে হেরে গেলে ভারতীয় ক্রিকেট এমন লজ্জার সম্মুখীন হবে, যা ৪১ বছরে কখনও হয়নি। সিডনিতে তৃতীয় একদিনের ম্যাচে ভারত যদি হেরে যায়, তা হলে ১৯৮৪ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে এটিই হবে ভারতের প্রথম হোয়াইটওয়াশ। সেবার পাঁচ ম্যাচের সিরিজে একটি ম্যাচও জিততে পারেনি ভারত। দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। ২০২৭ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট। কিন্তু তার আগে গত ৫ বছরে একদিনের ম্যাচে ভারতের পারফরম্যান্স খুবই খারাপ। শনিবার হারলে গত পাঁচ বছরে এটি হবে ভারতের তৃতীয় সিরিজ হোয়াইটওয়াশ। ২০২০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে এবং ২০২১–২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একদিনের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। ২০২০ সালের ফেব্রুয়ারির পর থেকে এটি ভারতের ১৩ নম্বর দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। এর মধ্যে তারা ৭টিতে হেরেছে। সিডনিতে একদিনের আন্তর্জাতিকে ভারতের রেকর্ড খুবই খারাপ। এই মাঠে ভারত–অস্ট্রেলিয়া মোট ১৯ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে অস্ট্রেলিয়া ১৬টি ম্যাচে জিতেছে এবং ভারত মাত্র দু’বার জিতেছে। চলতি সিরিজে বিরাট কোহলি এখনও এক রানও করতে পারেনি। পারথ ও অ্যাডিলেডে শূন্য রানে ফিরেছেন। তার উপর আবার সিডনিতে কোহলির রেকর্ড খুবই খারাপ। এখনও পর্যন্ত এই মাঠে চারটি একদিনের ম্যাচ খেলেছেন। ২০১২ সালে কমনওয়েলথ ব্যাঙ্ক সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১ রান এই মাঠে তাঁর সর্বোচ্চ। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিডনিতে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকতে পারে দিনের শুরুতে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ মেঘমুক্ত আকাশ। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৩ এবং ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকালের দিকে হাওয়ার গতিবেগ একটু বেশি থাকতে পারে বিক্ষিপ্তভাবে। সাধারণ ভাবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটারের মধ্যে হাওয়ার গতিবেগ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৬ থেকে ৬৯ শতাংশের মধ্যে।

ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles