RK NEWZ আইএফএ শিল্ডের ডার্বি। শুরু হবে সন্ধ্যা ৬.১৫ মিনিট থেকে। মঙ্গলবার সরকারিভাবে সূচি ঘোষণা করেছে আইএফএ। একই সঙ্গে ঘোষণা করে দেওয়া হয়েছে, এবার ডার্বি তথা ফাইনালের টিকিট মিলবে অনলাইনেই। টিকিটের দামও ঘোষণা করে দেওয়া হয়েছে। দুই প্রধানের যা সূচি তাতে আইএসএল শুরু হচ্ছে ১০ অক্টোবর থেকে। অর্থাৎ শিল্ড ফাইনালের ঠিক দু’দিন পর। প্রথম দিন দুই প্রধানের খেলা নেই। আবার ইস্টবেঙ্গলের এএফসি চ্যাম্পিয়ন্স লিগের খেলা রয়েছে ১৩ অক্টোবর ঘরের মাঠে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারই শিল্ড ফাইনাল করতে হচ্ছে আইএফএকে। এর মধ্যে কলকাতায় ভারতের সঙ্গে রাশিয়ার মেয়েদের দুটি ফিফা ফ্রেন্ডলি রয়েছে। তার প্রথম ম্যাচটি আবার ৮ অক্টোবরই। প্রথমে ভারতের মহিলা দলের এই ম্যাচটি কিশোরভারতীতে হওয়ার কথা থাকলেও এই ম্যাচটিকে যুবভারতীতে আনার চেষ্টা করা হয়েছিল। কিন্তু পরে আবার ম্যাচটি সরিয়ে নেওয়া হয় কিশোরভারতীতেই। ফলে ডার্বি হচ্ছে যুবভারতীতেই। তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। শিল্ড ফাইনালের (IFA Shield Final) টিকিট পাওয়া যাবে ডিস্ট্রেক্ট অ্যাপে। আইএফএ সূত্র অনুযায়ী টিকিটের সর্বনিম্ন দাম ধার্য করা হয়েছে ১০০ টাকা। সর্বোচ্চ ১২৫০ টাকা। এছাড়াও ১৫০, ২০০, ২৫০, ৩৫০, ৬৫০ টাকার টিকিট থাকছে। সবকিছু ঠিক থাকলে বুধবারের সকাল থেকেই টিকিট পাওয়া যাবে। তবে এই ডার্বির টিকিট অফলাইনে পাওয়া যাবে না বলে জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। তিনি বলেন, “আমাদের লক্ষ্য এই সর্বস্তরের ফুটবল প্রেমীদের ডার্বি দেখার সুযোগ করে দেওয়া। সেই কথা মাথায় রেখেই টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা। তবে সব টিকিটই অনলাইনে পাওয়া যাবে। যে অনলাইন প্ল্যাটফর্ম থেকে এই টিকিট পাওয়া যাবে তারা দ্রুত কাজ করছে। মঙ্গলবার রাতে সম্ভব না হলে বুধবার থেকেই অনলাইন অ্যাপে টিকিট পাওয়া যাবে।”



