এই মুহূর্তে ভারতের সামনে পাকিস্তান কোনও দলই নয়। ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়। ক্রিকেটে গত ১৫ বছরে ভারত আধিপত্য বিস্তার করেছে পাকিস্তানের উপর। ৩১টি ম্যাচের মধ্যে ২৩টিতেই জিতেছে ভারত। সব মিলিয়ে পরিসংখ্যানের বিচারে পাকিস্তান এখনও এগিয়ে। দুই দলের ২১০টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে পাকিস্তান ৮৮টি জিতেছে, ভারত জিতেছে ৭৮টি। টেস্টে ৫৯টি ম্যাচে পাকিস্তান জিতেছে ১২টি, ভারত ৯টি, ৩৮টি ম্যাচ ড্র হয়েছে। এক দিনের ক্রিকেটে ভারত জিতেছে ৫৮টি, পাকিস্তান ৪৩টি। টি-টোয়েন্টিতে ভারত ১৫টি ম্যাচের মধ্যে ১১টিতে জিতেছে, পাকিস্তান মাত্র ৩টি ম্যাচ জিতেছে। পর পর দু’টি রবিবার পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের কাটা ঘায়ে নুনের ছিটে দিলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বলে দিলেন, ভারত বনাম পাকিস্তান এখন আর কোনও লড়াই-ই নয়। এশিয়া কাপে গ্রুপ পর্বেরে ম্যাচে গত ১৪ সেপ্টেম্বর ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। এর পর গত রবিবার সুপার ফোরের ম্যাচে ভারত জেতে ৬ উইকেটে। সূর্য ‘ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা’ প্রশ্ন প্রসঙ্গে বলেন, এখনকার ভারত-পাক লড়াই নিয়ে নিজের বক্তব্য স্পষ্ট করে দেন সূর্য। ভারত অধিনায়ক বলেন, ‘‘এই প্রশ্নের উত্তরে আমি একটা কথা বলতে চাই। আমার মনে হয় আপনাদের সকলের ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার প্রশ্ন করা বন্ধ করা উচিত।’’ এখানেই থেমে থাকেননি ভারত অধিনায়ক। বলেন, ‘‘আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়।’’ সুপার ফোরের ম্যাচের আগে পাকিস্তানের নাম মুখে আনেননি সূর্য। ‘আরও একটা ম্যাচ’ বলেছিলেন গত রবিবারের লড়াইকে। ম্যাচের পর যা বললেন, তা নিয়ে চর্চা বাড়বে। এর আগ আর কোনও অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে খোলাখুলি এরকম মন্তব্য করেননি। বুঝিয়ে দেননি যে, এই মুহূর্তে ভারতের সামনে পাকিস্তান কোনও দলই নয়।
হ্যারিস রউফের সঙ্গে ঝামেলা অভিষেক শর্মার। বিষয়টি গুরুতর ছিল এটা ম্যাচের পরেই বুঝিয়ে দিয়ে অভিষেক জানান, পাকিস্তান বড্ড বেশি বাড়াবাড়ি করছিল। সেটারই জবাব ব্যাট হাতে দিয়েছেন। অভিষেক বলেন, “পাকিস্তানের বোলারেরা বেশি বাড়াবাড়ি করছিল। কোনও কারণ ছাড়াই আমাদের দিকে তেড়ে আসছিল, তর্ক করছিল। আমার সেটা একেবারেই পছন্দ হয়নি। তাই জন্যই ওদের জবাব দেওয়া দরকার ছিল। দলকে জেতাতে চেয়েছিলাম। সেটা পেরেছি।” গুরুত্বপূর্ণ ম্যাচে শুভমনের সঙ্গে শতরানের জুটি গড়ে ভারতের চাপ অনেকটাই হালকা করে দেওয়া অভিষেক। বলেন, “স্কুলে পড়ার সময় থেকেই আমরা একসঙ্গে খেলছি। একে অপরকে সঙ্গ দিতে পছন্দ করি। আগেই ঠিক করে নিয়েছিলাম, আজই কিছু একটা করতে হবে। যে ভাবে শুভমন খেলছিল সেটা দারুণ লেগেছে।” এশিয়া কাপের চারটি ম্যাচেই ভাল খেলেছেন অভিষেক। রবিবারই প্রথম অর্ধশতরান এল তাঁর ব্যাট থেকে। সাফল্যের নেপথ্যে দলের সমর্থনের কথা উল্লেখ করে অভিষেক বলেন, “যখন দেখবেন কোনও ব্যাটার এত ভাল খেলছে, তখন বুঝবেন নিশ্চয়ই তাঁর পাশে দল রয়েছে। কোচ এবং অধিনায়ক আমাকে খুবই সমর্থন করে। তাই জন্যই এত ভাল খেলার সাহস পাই।” অধিনায়ক সূর্যকুমারের কথায়, “ওদের চারিত্রিক দৃঢ়তা আশা করি সকলেই বুঝতে পেরেছে। বল করার সময় ১০ ওভারের পরেও ওরা শান্ত ছিল। জলপানের বিরতির পর ওদের বললাম, ম্যাচ এখন শুরু হচ্ছে। ওটাই ওদের মানসিকতা বদলে দিল। কোনও অসুবিধা নেই। সকলকে বুঝতে হবে যে বুমরাহ রোবট নয়। একটা খারাপ দিন যেতেই পারে। আজ শিবম দুবে খেলে দিয়েছে।” ফিল্ডিংয়ের সময় পাঁচটি ক্যাচ পড়েছে ভারতের। সূর্যর উত্তর, “যারা ক্যাচ ফেলেছে সকলকেই ফিল্ডিং কোচ টি দিলীপ ই-মেল করে দিয়েছে। দেখুন না কী হয়।”





