Thursday, July 23, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

সুনামির হুমকি? সতর্কতা ভারতীয়দের উদ্দ্যেশে? ১৯৫২ সালের পর সবচেয়ে বড় ভূমিকম্প রাশিয়ায়!

১৯৫২ সালের পরে সবচেয়ে বড় ভূমিকম্প। বুধবার সকালে রিখটার স্কেলের ৮.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়ার পূর্ব উপকূলবর্তী কামচাটকা প্রদেশ এবং সংলগ্ন জাপান। প্রায় ১৩ ফুট উঁচু সুনামি আছড়ে পড়ে উপকূলেও। রাশিয়ায় কামচাটকা, সেরগেই লেবেডেব ইত্যাদি এলাকায় সুনামির ঢেউয়ের উচ্চতা ছিল ১০-১৩ ফুট। এরমধ্যেই ভূমিকম্পের পর একের পর এক বাড়ির বিপজ্জনক ভাবে দুলতে থাকার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োগুলি।কোথাও দেখা যাচ্ছে থরথর করে কাঁপছে গোটা ঘরদোর, তো কোনও ভিডিয়োতে দেখা যাচ্ছে যে আয়না ভেঙে খানখান হয়ে যাচ্ছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল পেত্রোপাভলভস্ক-কামচাৎস্কি এলাকা থেকে ১৩৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে ভূপৃষ্ঠ থেকে ৭৪ কিলোমিটার গভীরে। আভাচা বে নামের এক শহরে। এই ভূমিকম্পকে পৃথিবীর সবচেয়ে ভয়ানক ১০ ভূমিকম্পের একটি বলে মনে করা হচ্ছে। ২০১২ সালের পরে সবচেয়ে বড় এবং ভয়ানক ভূমিকম্প। ১৯৫২ সালের পরে রাশিয়ার এই এলাকায় এত বড় ভূমিকম্প আর হয়নি। কামচাটকা অঞ্চলে রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সুনামি আঘাত করছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়েছে এবং উপকূলের কাছাকাছি শহরগুলির বাড়িতেও ঢুকে গিয়েছে সমুদ্রের জল। উপদ্বীপের দক্ষিণে অবস্থিত ছোট শহর সেভেরো-কুরিলস্কে, সুনামির হুমকির কারণে কর্মকর্তারা লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন। কামচাটকা উপদ্বীপে ভূমিকম্প আঘাত হানার পর উপকূলবর্তী এলাকার বাড়িঘর কী ভাবে কম্পনের কারণে দুলছে। আবার কোনও কোনও ভিডিয়োতে দেখা গিয়েছে, ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির আসবাবপত্র থরথর কাঁপছে। মেঝেতে পড়ে তছনছ হয়ে যাচ্ছে। তবে এখনও পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।ভিডিয়োগুলি পোস্ট করা হয়েছে রাশিয়ার বিভিন্ন এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই সব ভিডিয়ো দেখে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন।এদিকে, মার্কিন কর্তৃপক্ষ আলাস্কার কিছু অংশের জন্য সুনামির সতর্কতা জারি করেছে।হাওয়াইয়ে বসবাসকারীদের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলাস্কা ও প্রশান্ত মহাসাগর উপকূলেও সতর্কতা জারির কথা বলেছেন তিনি। জাপানে, আবহাওয়া সংস্থা সুনামির সতর্কতা বাড়িয়ে জানিয়েছে, তিন মিটার (প্রায় ১০ ফুট) পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে।জাপান আবহাওয়া সংস্থার মতে, স্থানীয় সময় সকাল ১০:০০ টা থেকে ১১:৩০ টা পর্যন্ত দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে এই ঢেউগুলি আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কামচাটকার গভর্নর ভ্লাদিমির সোলোদেব সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বলেন, ‘দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।’ তবে তীব্র এই ভূমিকম্পে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি জানান।রাশিয়ার সাখালিনের গভর্নর ভ্যালেরি লিমারেঙ্কো জানিয়েছেন, ‘তিনটি শক্তিশালী সুনামি ঢেউ আছড়ে পড়েছে, যার মধ্যে শেষটি সবচেয়ে মারাত্মক।’ বন্দরে থাকা জাহাজগুলি ছিঁড়ে ভেসে গেছে প্রণালীতে।সিসমোলজিস্টরা বলছেন, ভূমিকম্পের সময়ে সমুদ্রতলের যে অংশে ফাটল তৈরি হয়েছিল, সেখান থেকে জলের চাপ এক নির্দিষ্ট দিকে ছুটে যায়, যাকে বলে ‘ডাইরেকশনাল এনার্জি ওয়েভ’। এবার সেই চাপ ছুটেছে মূলত হাওয়াই ও দক্ষিণ মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে। জাপানের তুলনায় এই দূরবর্তী অঞ্চলেই ঢেউয়ের উচ্চতা বেশি হবে বলে আশঙ্কা।

গভীর রাতে ক্যালিফোর্নিয়ায় আছড়ে পড়তে পারে সুনামির ঢেউ। রাশিয়ার পূর্ব উপকূলীয় এলাকায় ইতিমধ্যেই সুনামির ঢেউ আঘাত হেনেছে। এখনও পর্যন্ত কোনও প্রাণনাশের খবর না পাওয়া গেলেও ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রশান্ত মহাসাগরে মার্কিন দ্বীপগুলিতেও জারি করা হয়েছে সুনামির সতর্কতা। রিপোর্ট অনুযায়ী, আমেরিকা হাওয়াইতে সুনামি সতর্কতা জারি করেছে। এছাড়া গুয়াম এবং মাইক্রোনেশিয়া দ্বীপের জন্যেও সুনামি সতর্কতা জারি করেছে। উপকূল থেকে জগণদের দূরে সরতে বলা হয়েছে। এদিকে মার্কিন পশ্চিম উপকূলে অবস্থিত ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, ওরেগন এবং আলাস্কা প্রদেশগুলি ওপর সুনামির নজরদারি চালানো হচ্ছে। ক্যালিফোর্নিয়ায় বসবাসরত ভারতীয়দের উদ্দেশে উঁচু স্থানে চলে যাওয়ার বার্তা দিয়েছেন সান ফ্রান্সিস্কোর ভারতীয় কনস্যুলেট জেনারেল। এরই সঙ্গে স্থানীয় প্রশাসনের নির্দেশিকা এবং সতর্কতার দিকে নজর রাখার জন্য বলা হয়েছে ভারতীয় কনস্যুলেটের তরফ থেকে। এদিকে মার্কিন প্রেসিডেন্টও এই সুনামি নিয়ে মানুষজনকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। সঙ্গে মন শক্ত রাখতে বলেছেন ট্রাম্প। এদিকে এই ভূমিকম্পের পরে জাপান আবহাওয়া সংস্থা সুনামি সতর্কতা জারি করেছে। জাপানের সংস্থা জানায়, ০১০০ জিএমটি থেকে ৩ মিটার (১০ ফুট) পর্যন্ত উচ্চতার সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলীয় অঞ্চলে। সংবাদ সংস্থা এনএইচকে জানিয়েছে, সরকার কিছু এলাকা থেকে লোকজনকে সরানোর নির্দেশ জারি করেছে। কামচাটকার আঞ্চলিক জরুরি পরিস্থিতি মন্ত্রী সের্গেই লেবেদেভ নিশ্চিত করেছেন যে সেখানে বেশ কিছু জায়গায় ৩-৪ মিটার (১০-১৩ ফুট) উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে। এই আবহে জনগণকে উপকূলরেখা থেকে দূরে সরে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

সুনামির জেরে বিপর্যস্ত জাপানের বেশ কিছু এলাকা। প্রশান্ত মহাসাগরীয় উপকূলবর্তী এলাকায় সুনামির তেজ বেশি বলে জানাচ্ছে জাপানের আবহাওয়া সংস্থা। যদিও ঢেউয়ের উচ্চতা ভয়ঙ্কর আকার নেয়নি। রাশিয়ার পূর্ব কামচাটকা উপদ্বীপ এলাকায় ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৮.৮। সেই ভূমিকম্পের পরেই সুনামি আছড়ে পড়ে রাশিয়ায়। শুধু রাশিয়া নয়, সুনামির ফলে দুর্যোগের চেহারা নিয়েছে জাপানের অনেক এলাকা। এ ছাড়াও, চিন, পেরু ও ইকুয়েডরের মতো দেশগুলিতেও সুনামির সতর্কতা জারি করা হয়েছে। জাপানের আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, ইশিনোমাকি বন্দরে সুনামির প্রভাব সবচেয়ে বেশি। প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর সুনামি দক্ষিণে সরে যাওয়ায় আরও ১৬টি জায়গায় ঢেউ আছড়ে পড়েছে। সকাল থেকে জাপানের উপকূলবর্তী এলাকার কিছু এলাকায় সুনামি আছড়ে পড়তে শুরু করেছে। উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই ন’লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে গিয়েছে প্রশাসন। জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা জানিয়েছেন, তিনি পরিস্থিতির উপর নজর রাখছেন। পরিস্থিতি মোকাবিলা করার জন্য একটি জরুরি কমিটিও গঠন করেছে জাপান সরকার। সুনামির সতর্কতার কারণে ব্যাহত হয়েছে জাপানের পরিবহণ পরিষেবা। রাস্তায় অন্য দিনের তুলনায় যানবাহন অনেক কম। জাপানের হোনশু দ্বীপের উত্তর প্রান্তে হোক্কাইডো এবং আওমোরির মধ্যে ফেরি চলাচল স্থগিত রাখা হয়েছে। রাজধানী টোকিও এবং নিকটবর্তী দ্বীপপুঞ্জের সঙ্গে সংযোগকারী ফেরিগুলিও সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। ট্রেন এবং বিমান পরিষেবাও ব্যাঘাত ঘটেছে। জাপানের বেশ কয়েকটি রুটে ট্রেন চলাচল বন্ধ। রুটে নির্ধারিত সময়ের তুলনায় দেরি ট্রেন চলছে। দুর্যোগের সতর্কতা, সেন্দাই বিমানবন্দরে বিমান চলাচলও সাময়িক ভাবে স্থগিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles