চন্দননগর এখন জগদ্ধাত্রীময়। প্রতি বছর আলোর শহরে হৈমন্তীকার টানে আসেন বহু মানুষ। এ বারও তার ব্যাতিক্রম হয়নি। সপ্তমী ও অষ্টমীর পর নবমীতেও ভিড়ের সাক্ষী চন্দননগর। বুধবার সন্ধ্যা থেকেই দর্শনার্থীদের ভিড় কার্যত জনস্রোতের চেহারা নেয়। মণ্ডপে মণ্ডপে লম্বা লাইন। চারপাশে নানা রঙের আলোর খেলা। বিভিন্ন বারোয়ারি পুজোগুলি তাদের মণ্ডপের থিম অনুযায়ী আলোর ব্যবস্থা করেছে। আর সেই রূপ দেখতেই দূরদূরান্ত থেকে আসছেন মানুষ। বুধবার, নবমীতে সেই ভিড় জনস্রোতে পরিণত হয়েছে। সন্ধ্যায় মানকুন্ডু স্টেশন রোড, তেমাথা, দৈবকপাড়া, নোনাটোলা, বারাসত গেট, দিনেমারডাঙা, মহাডাঙা, পালপাড়া, ফটকগোড়া— সব জায়গাতেই উপচে পড়া ভিড়। চন্দননগর আর মানকুন্ডু স্টেশনের রাস্তায় দর্শনার্থীদের ঢল। একই রকমের ভিড় গঙ্গাপারের ফেরিঘাটগুলিতেও। ষষ্ঠীতে ভিড়ের নজিরবিহীন ভিড় ছিল। পুলিশের হিসাবে প্রায় ১৮ লক্ষ দর্শনার্থী সে দিন চন্দননগরে এসেছিলেন। তার পর সপ্তমীতে ১২ লক্ষ। অষ্টমীতে কিছু কমে ১০ লক্ষ। পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত নবমীতে প্রায় ১২ লক্ষ লোক জগদ্ধাত্রী দর্শন করেছেন চন্দননগরে। ষষ্ঠী ও সপ্তমীতে মানকুন্ডু স্টেশন রোড এলাকায় দর্শনার্থীর ভিড়ে পরিস্থিতি সামাল দিতে সাময়িক ভাবে বেশ কয়েকটি মণ্ডপে দর্শন বন্ধ রাখতে বাধ্য হয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ফের দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, দর্শনার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবং চোরবাগানের মতো কোনও দুর্ঘটনার পুনরাবৃত্তি আটকাতেই এই পদক্ষেপ করা হচ্ছে। চন্দননগরের জগদ্ধাত্রীপুজোকে সম্প্রতি ‘রাজ্য উৎসবে’র স্বীকৃতি দেওয়া হয়েছে। পুজো উপলক্ষে প্রায় তিন হাজার পুলিশকর্মী এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রে খবর, চন্দননগর ও মানকুন্ডু স্টেশন রোডের যে সব পুজোমণ্ডপে দর্শনার্থীদের ভিড় তুলনামূলক বেশি হয়, সেখানে অতিরিক্ত বাহিনী মোতায়েন রাখা হয়েছে। নবমীর রাত যত বেড়েছে, ভিড় তত বাড়ছে। চন্দননগর রবীন্দ্র ভবনে কন্ট্রোল রুম থেকে পরিস্থিতির নজর রাখছে পুলিশ। চাউলপট্টি ‘আদি মা’ পুজো কমিটির সদস্য বলেন, “এত বছর পুজোর সঙ্গে যুক্ত আছি, এত ভিড় এর আগে কখনও দেখিনি। কাতারে কাতারে মানুষ ঠাকুর দেখছেন। সুশৃঙ্খল ভাবে।” তিনি জানান, ‘আদি মা’র ভোগপ্রসাদ নিয়েছেন ২০ হাজার মানুষ।

জগদ্ধাত্রী পুজোর উন্মাদনায় মেতে চন্দননগর। তবে জগদ্ধাত্রী পুজোর এই আনন্দের মাঝেই প্রতি বছর শহরবাসীর কাছে বড় সমস্যা হয়ে দাঁড়ায় তীব্র যানজট ও ‘নো-এন্ট্রি’। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল বন্ধ থাকায় জরুরি পরিস্থিতিতে অসুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে যাওয়া কার্যত কঠিন। বিশেষ করে শিশু ও প্রবীণদের আচমকা অসুস্থতায় চরম দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই মানবিক উদ্যোগ চন্দননগরের দুই বাল্যবন্ধু। একজন চিকিৎসক, অন্যজন পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। তাঁদের যৌথ উদ্যোগে চালু হয়েছে ‘ডক্টর অন হুইলস’। জগদ্ধাত্রী পুজোর দিনগুলিতে বাইকে চেপে রোগীর বাড়িতে পৌঁছে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিচ্ছেন তাঁরা। এই উদ্যোগের কারণ কী? গত ২০২২ সালের জগদ্ধাত্রী পুজোর সময় চিকিৎসক অভ্র ঘোষের বাবা গুরুতর স্নায়ুরোগে আক্রান্ত হন। সেই সময় শহরের রাস্তায় নো এন্ট্রির কড়াকড়ি। বাবাকে হাসপাতালে বা চিকিৎসকের কাছে নিয়ে যেতে চরম সমস্যায় পড়েছিলেন। সেই ভয়াবহ অভিজ্ঞতা থেকে এই উদ্যোগের কথা মাথায় আসে। নিজের ভাবনা বাল্যবন্ধু দীপ্তনু মুখোপাধ্যায়কে জানান। কলকাতার একটি কর্পোরেট সংস্থায় কর্মরত মেকানিক্যাল ইঞ্জিনিয়ার দীপ্তনুও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। দুই বন্ধুর অভিজ্ঞতা ও ভাবনা মিলে যেতেই জন্ম ‘ডক্টর অন হুইলস’-এর। ২০২৩ সাল থেকে চন্দননগরের জ্যোতির মোড়ের স্বপ্না বাজার সংলগ্ন একটি ক্লিনিককে কেন্দ্র করে জগদ্ধাত্রী পুজোর পাঁচ দিন এই পরিষেবা চালু রয়েছে। বাইকেই চিকিৎসক পৌঁছে যাচ্ছেন রোগীর বাড়িতে। ফোনে অসুস্থতার খবর পাওয়া মাত্রই বাইকে চেপে চিকিৎসক অভ্র ঘোষ ও তাঁর বন্ধু দীপ্তনু পৌঁছে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা করা হয়। প্রয়োজন মতো ইসিজি, সাধারণ রক্ত পরীক্ষা এবং সোডিয়াম ও পটাশিয়াম পরীক্ষাও করা হয়। প্রয়োজনীয় ওষুধ রোগীদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেন। চন্দননগরের বারাসাত গেট থেকে তালডাঙা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় এই পরিষেবা দেওয়া হচ্ছে। জরুরি সাহায্যের জন্য চালু রয়েছে দু’টি হেল্পলাইন নম্বর। গত বছর জগদ্ধাত্রী পুজোর পাঁচ দিনে প্রায় ৩০ জন রোগীকে পরিষেবা দিয়েছিলেন দুই বন্ধু। এ বছর আরও বেশি। পুজোর সময় চিকিৎসা পাওয়া নিয়ে উদ্বেগ থাকলেও ‘ডক্টর অন হুইলস’ বড় ভরসা রোগীদের।




