Top 5 This Week

spot_img

Related Posts

দিদির সঙ্গে দেখা হল দিপকের!‌ এসআইআর-আন্দোলনের প্রশংসা করে কলকাতায় আমন্ত্রণ মমতার

RK NEWZ দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের সঙ্গে দেখা মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভোটাধিকার রক্ষার আন্দোলনে সিজেপির ভূমিকার প্রশংসা করে দিপকে-সহ দলের সদস্যদের কলকাতায় আমন্ত্রণ জানালেন তৃণমূল নেত্রী। দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মেগা সমাবেশ। তার আগে শনিবার রাজধানীতে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন ‘ককরোচ জনতা পার্টি’-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ভোটাধিকার রক্ষার দাবিতে সিজেপির ভূমিকার প্রশংসা করে দিপকের পাশে থাকার বার্তাও দিলেন তিনি। মমতার কথায়, অধিকার বুঝে নিতে তরুণ প্রজন্মকে সাহস জোগাচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’। ভোটচুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদত্যাগের দাবিতে রবিবার রামলীলা ময়দানে সভা করতে চলেছে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। সেই কর্মসূচিতেই যোগ দিতে দিল্লিতে পৌঁছেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগেই এই সভায় সমর্থন জানিয়েছিল সিজেপি। তবে বিরোধীদের এই কর্মসূচির অনেক আগে থেকেই ভোটাধিকার রক্ষার আন্দোলন শুরু হয়েছে বলে মনে করিয়ে দিয়েছেন মমতা। তাঁর কথায়, “এই আন্দোলনের সূচনা হয়েছে দিপকেদের হাত ধরেই।” দিপকেকে পাশে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, “আমি ওদের উপর অত্যন্ত গর্বিত। সবসময় ককরোচ জনতা পার্টির পাশে আছি। ওরা আগামিকালের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে। যদিও ওরাই এই আন্দোলন শুরু করেছে। অধিকার রক্ষায় লড়াই করতেও যে পিছিয়ে আসতে নেই, ওরা তরুণ প্রজন্মকে শিখাচ্ছে।” অভিজিৎ দিপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কা-সহ সিজেপির সদস্যদের কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন মমতা। মমতার সঙ্গে সাক্ষাৎ নিয়ে দিপকে বলেন, ছাত্র আন্দোলনের সময় থেকেই মমতা তাঁদের পাশে দাঁড়িয়েছেন। সেই সমর্থনের জন্য ধন্যবাদ জানাতেই তিনি দেখা করতে এসেছিলেন। তাঁর কথায়, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কাকে যখন অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, সেইসময়ও মমতা তাঁদের পাশে ছিলেন। সেই সহযোগিতার কথা তিনি ভোলেননি। রবিবারের সভায় সিজেপির সমর্থন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিজিৎ দিপকের এই সাক্ষাতের পর নতুন করে জল্পনা তৈরি হয়েছে। রামলীলা ময়দানে কি একই মঞ্চে দেখা যাবে ‘ইন্ডিয়া’ জোট এবং ‘ককরোচ জনতা পার্টি’র প্রতিনিধিদের? রাজনৈতিক মহলে এখন সেই প্রশ্নই ঘুরছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles