Top 5 This Week

spot_img

Related Posts

আসন পুনর্বিন্যাস বিলে আত্মবিশ্বাসী কেন্দ্র! রাতেই মোদির বাসভবনে বৈঠক শাহ-নবীনের

RK NEWZ আসন পুনর্বিন্যাস বিল পাশ হবেই। গত এপ্রিল মাসে ধাক্কা খেলেও এবার এই নিয়ে কেন্দ্র যথেষ্ট আত্মবিশ্বাসী। গত কয়েকদিন ধরেই রাজনৈতিক মহলে খবর ছড়াচ্ছে, বহুচর্চিত এই বিল পাশ করাতে কেন্দ্র বিশেষ অধিবেশন ডাকতে চলেছে। সেই জল্পনা আরও উসকে দিয়ে বুধবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে উপস্থিত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি সভাপতি নীতিন নবীন। আসন পুনর্বিন্যাস বিল নিয়ে আলোচনা করতেই তিন নেতার জরুরি বৈঠক, এমনটাই সূত্রের খবর। মহিলা সংরক্ষণ এবং সীমানা পুনর্বিন্যাস-দুই বিল ঘিরে সংসদের বাইরে রাজনৈতিক জমি তৈরির লড়াই তীর হচ্ছে। একদিকে বিলের পক্ষে বিরোধী শিবিরের সমর্থন আদায়ে মরিয়া কেন্দ্র। অন্যদিকে, বিরোধীদের ঐক্যবদ্ধ রাখার জোরদার চেষ্টা চালাচ্ছে ইন্ডিয়া জোট। সোমবার সোনিয়া গান্ধীর বই প্রকাশ অনুষ্ঠানে এক মঞ্চে হাজির হয়েছিলেন ইন্ডিয়া জোটের বিভিন্ন দলের প্রথম সারির নেতারা। কিন্তু একই দিনে অমিত শাহর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি শরদ শিবিরের নেত্রী সুপ্রিয়া সুলে। ফলে গুঞ্জন চলছে, তিনি কি আসন পুনর্বিন্যাস বিলে সম্মতি দিতে রাজি? অখিলেশ যাদবের সমাজবাদী পার্টিও (সপা) এই বিলের বিষয়ে অবস্থান বদলে কেন্দ্রকে সমর্থন করতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। তবে উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে অখিলেশ এই ঝুঁকি নেবেন কিনা, তা নিয়ে নানা মহলে সংশয় রয়েছে। শুরুতে বিরোধিতা করলেও, সুপ্রিয়া শর্তসাপেক্ষে কেন্দ্রের এই বিলকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ও সমর্থন করতে পারেন এই বিলে। সবমিলিয়ে কংগ্রেসের আশঙ্কা, মহিলা সংরক্ষণের প্রশ্নে বিরোধীদের একাংশকে পাশে টেনে নিয়ে সীমানা পুনর্বিন্যাসের প্রস্তাবও পাস করিয়ে নিতে পারে সরকার। সূত্রের খবর, সব রাজ্যে সমান হারে আসন সংখ্যা বাড়ানো হবে এমন প্রতিশ্রুতি দিয়েই বিলের সপক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করছে কেন্দ্র। শেষ পর্যন্ত বিলের খসড়ায় কী কী লেখা হবে, সম্ভবত সেসব নিয়ে আলোচনা করতেই বুধবার রাতে মোদির বাভবনে পৌঁছে যান বিজেপির দুই ‘মাথা। সবকিছু ঠিক থাকলে ২০ নভেম্বরের পরেই বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে সংসদের শীতকালীন অধিবেশন ৩০ নভেম্বর অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles