Saturday, July 4, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

প্লে অফ যুদ্ধে লড়াই শুরু সাত দলের?‌ কলকাতা নাইট রাইডার্স শামিল বিরাট সমরে!‌

আইপিএলে এবার সাত দলের তীব্র লড়াই। চার প্লে অফ স্পট। করবে লড়বে জিতবে কারা। কলকাতা নাইট রাইডার্স শামিল।

রয়‍্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ১১ ম্যাচে পয়েন্ট ১৬। নেট রান রেট ০.৪৮২। খেলা বাকি ৩ প্রতিপক্ষের সঙ্গে। লখনউ, সানরাইজার্স, কেকেআর। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতে লিগ টেবলে এক নম্বরে আরসিবি।লিগ টেবিলের প্রথম পাঁচটা টিমের পক্ষেই ১৮ বা তার বেশি পয়েন্টে লিগ পর্ব শেষ করা সম্ভব। প্লে অফ নিশ্চিত করতে আরও একটা ম্যাচ জিততে হবে আরসিবিকে। ১৬ পয়েন্টেও প্লে অফ যাওয়া সম্ভব। সেক্ষেত্রে নেট রান রেট ভালো হতে হবে।

পাঞ্জাব কিংসের ১১ ম্যাচে পয়েন্ট ১৫। নেট রান রেট ০.৩৭৬। খেলা বাকি ৩ প্রতিপক্ষের, দিল্লি, মুম্বই, রাজস্থান। রবিবার লখনউকে হারিয়ে লিগ টেবলে দু’নম্বরে পাঞ্জাব। শেষ ছ’টা ম্যাচের মধ্যে মাত্র একটায় হেরেছেন শ্রেয়স আইয়াররা। চারটে জিতেছেন। একটা ম্যাচ অর্থাৎ ইডেনে কেকেআরের সঙ্গে ম্যাচ পরিত্যক্ত হয় বৃষ্টির কারণে। পয়েন্টও ভাগাভাগি হয়ে যায়। প্লে অফ নিশ্চিত করতে হলে শেষ তিনটে ম্যাচের মধ্যে দু’টোয় তাদের জিততেই হবে। একটা জিতলেও তারা যেতে পারে প্লে অফে। সেক্ষেত্রে তাদের নেট রান রেট অনেক বেশি থাকতে হবে। ১৫ পয়েন্টে ১৫ পয়েন্টে দাঁড়িয়ে প্লে অফের টিকিট পেতে ভাগ্যের সাহায্য লাগবে পাঞ্জাবের।

মুম্বই ইন্ডিয়ান্স ১১ ম্যাচে পয়েন্ট ১৪। নেট রান রেট ১.১৭৪। বাকি ৩ পরবর্তী প্রতিপক্ষের সঙ্গে খেলা গুজরাট, পাঞ্জাব, দিল্লি। টানা ছ’ম্যাচ জিতে মুম্বই শুধুমাত্র প্লে অফে ঢুকে পড়ার দৌড়ে জোরালো ভাবে নেই। প্রথম দুইয়ে শেষ করার ব্যাপারেও সমান দাবিদার। মোমেন্টাম হার্দিক পান্ডিয়াদের দিকে। নেট রান রেট এ মুহূর্তে মুম্বইয়েরই সবচেয়ে ভালো। বড় অ্যাডভান্টেজ, শেষ তিনটে ম্যাচের দু’টোই ওয়াংখেড়েতে। মুম্বইয়ের ঘরের মাঠে।

গুজরাট টাইটান্স ১০ ম্যাচে পয়েন্ট ১৪। নেট রান রেট ০.৮৬৭। খেলা বাকি ৪। প্রতিপক্ষ মুম্বই, দিল্লি, লখনউ, চেন্নাই। চার ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্টে পৌঁছে যাওয়া। ভালো নেট রান রেট শুধুমাত্র টাইটান্সের প্লে অফ যাত্রা নিয়ে ভালো ইঙ্গিত দিচ্ছে না, একই সঙ্গে তারা প্রথম দুইয়ে শেষ করার ব্যাপারেও জোরালো দাবিদার। শুভমান গিলদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, শেষ চারের মধ্যে দু’টো ম্যাচ তাদের ঘরের মাঠে। যেখানে এ বারের আইপিএলে তাদের জয়-পরাজয়ের রেকর্ড ৪-১।

দিল্লি ক্যাপিটালস ১০ ম্যাচে পয়েন্ট ১২। নেট রান রেট ০.৩৬২। খেলা বাকি ৪। প্রতিপক্ষ সানরাইজার্স, পাঞ্জাব, গুজরাট, মুম্বই। প্রথম ছ’টা ম্যাচের মধ্যে পাঁচটায় জিতেছিল দিল্লি ক্যাপিটালস। পরের চারটে ম্যাচের মধ্যে তারা জিতেছে মাত্র একটায়। দিল্লির পরের ম্যাচ সানরাইজার্সের বিরুদ্ধে। হায়দরাবাদের ঘরের মাঠে ম্যাচ। অ্যাওয়ে ম্যাচে এ পর্যন্ত দিল্লির রেকর্ড ভালো। তারা চারটের মধ্যে জিতেছে তিনটেয়। শেষ চারটে ম্যাচের মধ্যে তিনটে অ্যাওয়ে কেন্দ্রে খেলতে তাদের খারাপ লাগবে না। লিগের বাকি টিমের মতো প্লে অফ নিশ্চিত করতে তাদেরও ১৮ পয়েন্ট লাগবে।

কলকাতা নাইট রাইডার্স ১১ ম্যাচে পয়েন্ট ১১। নেট রান রেট ০.২৪৯। খেলা বাকি ৩। প্রতিপক্ষ চেন্নাই, সানরাইজার্স, আরসিবি। রাজস্থানের বিরুদ্ধে কেকেআরের ১ রানে জয়ে অজিঙ্ক রাহানেরা প্লে অফ দৌড়ে। সব ম্যাচ জিতলে সর্বোচ্চ তারা শেষ করতে পারে ১৭ পয়েন্টে। লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে পাঁচটা টিম ১৮ কিংবা তার বেশি পয়েন্টে লিগ পর্বে শেষ করতে পারে। সব ম্যাচ জিতলেও নাইটদের প্লে অফ নিশ্চিত নয়। বাকি তিন ম্যাচের মধ্যে তিনটে জিতলে সবচেয়ে ভালো। নিদেনপক্ষে দু’টো জিততেই হবে।

লখনউ সুপার জায়ান্টস ১১ ম্যাচে পয়েন্ট ১০। নেট রান রেট -০.৪৬৯। খেলা বাকি ৩। প্রতিপক্ষ আরসিবি, গুজরাট, সানরাইজার্স। পাঞ্জাবের কাছে হারলেও প্লে অফ দৌড়ে লখনউয়ের ১৬ পয়েন্টে পৌঁছানোর সুযোগ। কাজটা সহজ হবে না তাদের জন্য, আরসিবি এবং গুজরাট টাইটানের মতো দলের সঙ্গে খেলা বাকি লখনউয়ের। ১৬ পয়েন্টে পৌঁছেও তাকিয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। নেট রান রেটের বিচারে বিশেষ ভালো জায়গায় নেই লখনউ।

রাজস্থান রয়্যালস ম্যাচটা ছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে মরণবাঁচন। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে রাজস্থানকে ১ রানে হারিয়ে প্লে অফ যাওয়ার স্বপ্ন এখনও জিইয়ে রেখেছেন নাইটরা। রুদ্ধশ্বাস জয়ে উচ্ছ্বসিত কেকেআর মালিক শাহরুখ খান। রবিবার নিউ ইয়র্কে থাকার কারণে ইডেনে উপস্থিত থাকতে পারেননি ‘বাদশা’। সেখান থেকেই নাইটদের জন্য বার্তা পাঠিয়েছেন। কেকেআর কর্ণধার দলের ক্রিকেটারদের সেই বার্তা পড়ে শুনিয়েছেন। দলের প্রত্যেককে অভিনন্দন জানান শাহরুখ খান। শাহরুখ লিখেছেন, ‘রুদ্ধশ্বাস একটা ম্যাচ ছিল। রাসেলকে ফর্মে ফিরে আসতে দেখে খুব ভালো লাগল। তুমি একজন কিংবদন্তি। বরুণ তো পুরো ম্যাজিক দেখিয়ে দু’টি উইকেট তুলে নিয়েছে। দুর্দান্ত গুগলি! সুনীলও খুব ভালো। হর্ষিতও দারুণ। মনে হচ্ছে আগ্রাসন ফিরে এসেছে। আর বৈভবও মুগ্ধ করেছে। অসাধারণ বোলিংয়ের জন্য শুভেচ্ছা। অঙ্গকৃষ তুমি তো একজন রত্ন। এভাবেই শক্তিশালী হও।’ নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানে সম্পর্কে বাদসার সংযোজন, ‘অসাধারণ ক্যাচ। অসাধারণ ব্যাটিং। গোটা ম্যাচে দারুণ নেতৃত্ব দিয়েছ। মইন ভাই, গ্যালারিতে তোমার সন্তানদের দেখে ভালো লাগল। তারাও নিশ্চয়ই বাবাকে দেখে খুব খুশি হবে। গুরবাজ, দারুণ শুরুটা দারুণ করেছিলে। এভাবেই আরও শক্তিশালী হও। রিঙ্কু, তুমি ঈশ্বরের দান। তোমাদের দেখে সত্যিই খুব আনন্দিত। অসাধারণ বেটা। তোমাদের ভালোবাসি। তোমরা ম্যাচ উইনার। নিউ ইয়র্কে শেষ দুই ওভার দেখেছি। উফ! প্রচণ্ড টেনশনের ম্যাচ ছিল! সুস্থ থেকো বন্ধুরা। অভিনন্দন, কেকেআর।’ প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ২০৬ রান। জবাবে শেষ বল পর্যন্ত লড়াই করে রাজস্থান। শেষমেশ ১ রানে জিতে প্লে অফের স্বপ্ন জাগিয়ে কেকেআর পয়েন্ট টেবিলের ষষ্ঠস্থানে।‌

কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায় ডেকে নিলেন ১৪ বছরের বিস্ময় কিশোর ক্রিকেটার বৈভব সূর্যবংশীকে। দিলেন একের পর এক টিপস। ব্যাটিং ভঙ্গিমাও দেখালেন কিশোর বৈভবকে। তারিয়ে তারিয়ে সেই মূহুর্ত উপভোগ করলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জ্জী। পরের ম্যাচেই বৈভব রানে ফিরবে বলেই আশা। আন্দ্রে রাসেলও বেশ খুশি ‘‌দাদা’‌ সৌরভ গাঙ্গুলিকে দেখে। বেশ খানিক কথাবার্তা। আরও দু বছর আইপিএল খেলবেন রাসেল। এককালের সতীর্থ রাহুল দ্রাবিড় বেজায় খুশি সৌরভকে দেখে। অনেকক্ষণ কথা হল ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তির। আর ছোট্ট বৈভব, ইডেনে প্রবেশ করেই সটান কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের দিকে। দু দুবার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন পণ্ডিত কোচকে। রাজস্থান জয়ের পর বলিউড অভিনেত্রী জুহি চাওলা মাঠে নেমেই ক্রিকেটারদের উৎসাহিত করেন। পরের ম্যাচেগুলোতে এভাবেই জয় ছিনিয়ে নেওয়ার প্রচ্ছন্ন আবেদন জানালেন কেকেআরের অন্যতম মালকিন। সুনীল নারানকে বেশী করে উৎসাহিত করলেন বলিউডের গ্ল্যমার গার্ল। এভাবেই একের পর এক অনবদ্য ছবি ধরা পড়ল সজাগ লেন্সে।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles