RK NEWZ ১৯ জুলাই বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। এ বার যারাই চ্যাম্পিয়ন হোক, তারা প্রথম দেশ হিসাবে পাবে ফিফার ‘চ্যাম্পিয়নশিপ রিং’। বিশ্বকাপ ট্রফি, সোনার পদক ছাড়াও একটি বিশেষ পুরস্কার পাবেন এ বারের বিশ্বচ্যাম্পিয়নেরা। বিশ্বজয়ী দলের ফুটবলারদের একটি বিশেষ স্মারক আংটি দেবে ফিফা। এ বারই প্রথম দেওয়া হবে এই পুরস্কার। ফাইনালে পর পুরস্কার বিতরণী মঞ্চেই চ্যাম্পিয়ন দলের কোচ-ফুটবলারদের দেওয়া হবে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা জানিয়েছে, প্রথমবার বিশ্বজয়ীদের জন্য এই সম্মাননা স্মারক তৈরি করা হয়েছে। আমেরিকার এনবিএ, এনএফএলের মতো প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের ‘চ্যাম্পিয়নশিপ রিং’ দেওয়ার প্রথা রয়েছে। সেই আমেরিকার মাটিতেই ফুটবল বিশ্বকাপের সঙ্গে যুক্ত হচ্ছে ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফিফা সমাজমাধ্যমে প্রকাশ করেছে বিশেষ আংটির ছবি। ফিফা জানিয়েছে ২০২৬-এর বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২০২৬টি রিং বা আংটি তৈরি করানো হচ্ছে। এর মধ্যে ৩০টি থাকবে চ্যাম্পিয়ন দলের ফুটবলার এবং কোচদের জন্য। বাকিগুলি সরকারি লাইসেন্স প্রাপ্ত পণ্য হিসাবে গোটা বিশ্বের ফুটবলপ্রেমীদের জন্য বাজারে আনা হবে। আংটির এক দিকে থাকছে বিশ্বকাপের নকশা। অন্য দিকে থাকবে চ্যাম্পিয়ন দলের পরিচয়, প্রতীক এবং রং। চ্যাম্পিয়ন দলের জন্য নির্দিষ্ট আংটিগুলিতে থাকবে আলাদা নম্বর। প্রাপকদের প্রত্যেকের আঙুলের মাপ অনুযায়ী আংটি তৈরি করিয়ে দেবে ফিফা। ১৯ জুলাইয়ের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন। লিয়োনেল মেসিরা গত বারের চ্যাম্পিয়ন। মোট তিন বার বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। স্পেন বিশ্বকাপ পেয়েছে এক বার। এ বার যারা চ্যাম্পিয়ন হোক, তারা প্রথম দেশ হিসাবে পাবে ফিফার ‘চ্যাম্পিয়নশিপ রিং’। ফাইনালের পর পুরস্কার বিতরণী মঞ্চে চ্যাম্পিয়ন দলের কোচ এবং অধিনায়ককে স্মারক হিসাবে দেওয়া হবে অস্থায়ী আংটি। পরে প্রত্যেকের আঙুলের মাপ নিয়ে আংটি তৈরি করিয়ে আনুষ্ঠানিক ভাবে তুলে দেওয়া হবে।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি আর্জেন্তিনা ও স্পেন। মেগা ফাইনালের আগে সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করবেন ম্যাডোনা, শাকিরা, বিটিএসের মতো বিশ্বখ্যাত তারকারা। ৪৮ দলের বিশ্বকাপের সফলতম পরিসমাপ্তি। রবিবার নিউ ইয়র্কের মাঠে শিরোপার চূড়ান্ত লড়াইয়ে মুখোমুখি আর্জেন্তিনা ও স্পেন। লিওনেল মেসির বিশ্বচ্যাম্পিয়ন দলের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দেবে রড্রির ইউরোপ-সেরা স্পেন। আর এই মেগা মহারণের আগেই থাকছে বিশাল চমক। ফুটবল আর বিনোদনের চূড়ান্ত মেলবন্ধন দেখতে চলেছে গোটা বিশ্ব। টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানসূচি রীতিমতো চোখধাঁধানো। গান, সংস্কৃতি আর ফুটবলের মহামিলনে হাজির হবেন বিশ্বের তাবড় বিনোদন তারকারা। রবিবারের মেগা ফাইনাল শুধু বল দখলের লড়াই নয়। হতে চলেছে এক অবিস্মরণীয় বিনোদন-সন্ধ্যাও। কিক-অফের ঠিক আগে মঞ্চ মাতাবেন একঝাঁক মহাতারকা। লরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং আইশোস্পিড-এর মতো নামজাদা শিল্পী ও ইউটিউবাররা লাইভ পারফর্ম করবেন। এখানেই শেষ নয়। বিশেষ অতিথি হিসেবে দেখা যাবে হলিউড সুপারস্টার টম ক্রুজকে। মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী জেনিফার হাডসন। ফিফা ওয়ার্ল্ড কাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শির্গি এই আয়োজন প্রসঙ্গে বলেন, ‘কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্বোধনী আসরকে স্পিরিটকে মাথায় রেখেই সাজানো হয়েছে সমাপ্তি অনুষ্ঠান। ফুটবল, সংস্কৃতি আর সঙ্গীতের মেলবন্ধনে এক পূর্ণাঙ্গ বৃত্ত। এরপরই শুরু হবে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ, যা টুর্নামেন্টের চ্যাম্পিয়ন বেছে নেবে।’ বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম মার্কিন ফুটবলের সুপার বোলের ধাঁচে হাফ-টাইম শো-এর আয়োজন করতে চলেছে ফিফা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্তিনা বনাম স্পেন ম্যাচের বিরতিতে টানা ২৫ মিনিট ধরে চলবে মেগা অনুষ্ঠান। মঞ্চে উঠবেন পপ-সম্রাজ্ঞী ম্যাডোনা থেকে শুরু করে শাকিরা, জাস্টিন বিবারের মতো গ্লোবাল আইকন! বাদ নেই তুমুল জনপ্রিয় কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস-ও। গোটা অনুষ্ঠান নিখুঁতভাবে কিউরেট করছেন কোল্ডপ্লে ব্যান্ডের ক্রিস মার্টিন। এই চোখধাঁধানো আয়োজনের নেপথ্যে রয়েছে এক মহৎ উদ্দেশ্য: ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডের জন্য বিশাল অঙ্কের অর্থ সংগ্রহ। সারাবিশ্বের অগণিত শিশুদের মানসম্মত শিক্ষা ও ফুটবলের সুযোগ করে দিতে ১০০ মিলিয়ন মার্কিন ডলার তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে ফুটবলের নিয়ামক সংস্থা। সারা দুনিয়ার কোটি কোটি ফুটবলপ্রেমীর চোখ থাকবে নিউ জার্সি স্টেডিয়ামের ঐতিহাসিক মঞ্চে। ভারতে বসেও এই বর্ণাঢ্য অনুষ্ঠানের সাক্ষী থাকতে পারবেন আপামর দর্শক। রবিবার রাত ঠিক ১১টায় শুরু হবে বিশ্বকাপের জমকালো সমাপ্তি অনুষ্ঠান। চলবে টানা দেড় ঘণ্টা! এরপর রাত ১২টা ৩০ মিনিটে রেফারির বাঁশিতে শুরু হবে মেগা ফাইনালের কিক-অফ। একদিকে বিশ্বজয়ের মুকুট ধরে রাখার অদম্য লড়াই। অন্যদিকে এক দশকেরও বেশি সময় পর স্প্যানিশ আর্মাডার বিশ্বজয়ের দুর্নিবার হাতছানি। দুই ফুটবলশক্তির রুদ্ধশ্বাস লড়াইয়ের আগে চোখধাঁধানো বিনোদনের প্যাকেজ দর্শকদের উন্মাদনা যে বহুগুণ বাড়িয়ে দেবে, তা আর বলার অপেক্ষা রাখে না।




