RK NEWZ দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিল, নির্বাচনের মাত্র দু’দিন আগে পর্যন্ত ট্রাইবুনাল যে সমস্ত ভোটারদের নাম তালিকায় তোলার ক্ষেত্রে ছাড়পত্র দেবে, তাঁরা আসন্ন নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটের আগে এক নজিরবিহীন নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া কয়েক লক্ষ মানুষের অধিকার ফিরিয়ে দিতে সংবিধানের ১৪২ ধারা প্রয়োগ করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আদালত জানিয়ে দিল, নির্বাচনের মাত্র দু’দিন আগেও ট্রাইব্যুনাল যদি কোনও ভোটারকে বৈধ হিসেবে ছাড়পত্র দেয়, তবে তিনিও আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারবেন। সাধারণত প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে কমিশন ভোটার তালিকা ‘ফ্রিজ’ করে দেয়। এরপর আর কোনও নাম তালিকায় ঢোকানো যায় না। কিন্তু সুপ্রিম কোর্ট এ দিন সেই প্রথা ভেঙে বিশেষ নির্দেশিকা জারি করেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রথম দফায় যে এলাকাগুলিতে ভোট রয়েছে, সেখানকার বাতিল ভোটাররা যদি ২১ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল থেকে ছাড়পত্র পেয়ে যান, তবে তাঁরা ভোট দিতে পারবেন। দ্বিতীয় দফার ক্ষেত্রে আবেদনের নিষ্পত্তির সময়সীমা রাখা হয়েছে ২৭ এপ্রিল পর্যন্ত। আদালত স্পষ্ট করে দিয়েছে, ট্রাইব্যুনাল যদি কোনও আবেদনকারীর নাম বাদ দেওয়ার সিদ্ধান্তে অটল থাকে, তবে তিনি ভোট দিতে পারবেন না। অর্থাৎ, স্রেফ আবেদন করলেই হবে না, ট্রাইব্যুনালের চূড়ান্ত ছাড়পত্র থাকা আবশ্যিক। রাজ্যে মোট ৯১ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ। তাঁদের সুবিধার্থে ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতির একটি প্যানেল তৈরি করা হয়েছে, যাঁরা বর্তমানে ‘আপিল ট্রাইব্যুনাল’-এ নথিপত্র খতিয়ে দেখছেন। সুপ্রিম কোর্ট ইতিমধ্যে জানিয়েছে, ভোটাররা নির্বাচন কমিশনের মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। তবে ট্রাইব্যুনালে সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক নয়। জেলাশাসক বা মহকুমা শাসকের দফতরেও নথি জমা দেওয়া যাবে। রাজ্য বিধানসভা ভোটের প্রাক্কালে সুপ্রিম কোর্টের এই ‘ব্যতিক্রমী’ হস্তক্ষেপে রাজ্যে রাজনৈতিক পারদ যেমন চড়ল, তেমনই কয়েক লক্ষ মানুষের ভোটদানের পথ প্রশস্ত হল। নির্বাচনের মাত্র ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত ভোটার তালিকা সংশোধনের এই সুযোগ সত্যিই ঐতিহাসিক।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আই অ্যাম সো হ্যাপি…সবাইকে বলেছিলাম ধৈর্য রাখুন। অ্যাজুডিকেশন হলে আবেদন করুন ট্রাইব্যুনালে। সবাই হয়তো করেছে। আমি নিজে কেস করেছিলাম। আমার কেসের উপর…আজ আমার থেকে খুশি আর কেউ নেই।’ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, প্রথম দফার ভোটের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে ২১ এপ্রিল। মমতা বলেছেন, ‘নেতা-কর্মীদের বলব, রাতের মধ্যে ভোটার স্লিপ তৈরি করে বাড়ি বাড়ি পৌঁছে দিতে। যাতে তাঁরা ভোট দিতে পারেন।’ ২৯ এপ্রিল শেষ দফার ২ দিন আগে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, সেক্ষেত্রেও এই কাজ করা হবে বলে জানিয়েছেন। ভোটের ৪৮ ঘণ্টা আগেও ভোটার তালিকায় উঠতে পারে নাম। SIR-এ যাঁদের নাম বাদ গিয়েছে এবং যাঁদের নাম বিচারাধীন, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করেছেন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ২১ ও ২৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালের ছাড়পত্র পাওয়া ভোটারদের তালিকা প্রকাশ করতে হবে কমিশনকে। ফলে, সেই ভোটাররা ভোট দিতে পারবেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়ে উত্তরবঙ্গ থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।





