RK NEWZ ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে মোবাইলে তারস্বরে গান শুনলে, ভিডিয়ো চালালে এ বার থেকে কড়া পদক্ষেপ করা হবে। যিনি ওই কাজ করবেন, সহযাত্রীর অভিযোগের ভিত্তিতে তাঁর জেল বা জরিমানা অথবা দুটোই হতে পারে। শুধু তা-ই নয়, দীর্ঘক্ষণ সজোরে কথা বলা বা মোবাইলের রিংটোন জোরে বাজলেও ‘শাস্তি’র সম্ভাবনা রয়েছে। সম্প্রতি পূর্ব রেল এই সংক্রান্ত একটি নির্দেশিকা জারি করেছে। যেখানে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, ট্রেনের ভিতরে বা স্টেশন চত্বরে তারস্বরে মোবাইলে গান বাজানো, ভিডিয়ো দেখা এবং সজোরে রিংটোন বাজানো যাবে না। এমন অভিযোগ পেলে কড়া পদক্ষেপ করার কথাও জানানো হয়েছে ওই নির্দেশিকায়। পূর্ব রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীদের একটা বড় অংশ। পাশাপাশি তাঁদের দাবি, এ বার মেট্রো বা বাসের মতো অন্যান্য গণপরিবহণেও এমন নির্দেশিকা জারি করা হোক। নির্দেশিকা জারি করেছিল দক্ষিণ রেল। সেই সময়েও দাবি উঠেছিল এ রাজ্যের গণপরিবহণেও এমন ‘শাস্তি’র বিধান রাখা হোক। পূর্ব রেলের সদর দফতর কলকাতায়। শিয়ালদহ, হাওড়া এবং কলকাতা স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের পাশাপাশি তারা লোকাল ট্রেনও চালায়। দীর্ঘদিন ধরে যাত্রীদের একাংশের কাছ থেকে মোবাইলে বেগালাম গান বাজানো নিয়ে অভিযোগ জমা পড়ছিল পূর্ব রেলের কাছে। এ বার তারই ভিত্তিতে পূর্ব রেল পদক্ষেপ করবে বলে নির্দেশিকা জারি করেছে। বিজ্ঞপ্তি দিয়ে রেল জানিয়েছে, ট্রেন বা স্টেশন চত্বরে যদি কোনও যাত্রী জোরে মোবাইলে গান শোনেন বা ভিডিয়ো দেখেন, কিংবা জোরে জোরে কথা বলেন তবে সংশ্লিষ্ট ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ জমা পড়লে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। অথবা নিয়মভঙ্গের জন্য ছ’মাস পর্যন্ত হতে পারে জেলও। এ বিষয়ে যাত্রীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে যাত্রীদের সতর্ক করার জন্যও কর্মীদের পরামর্শ দিয়েছে পূর্ব রেল। নিজেদের কর্মীদের প্রতি তাদের নির্দেশ, রেলের কামরায় এই সতর্কবার্তা নোটিস বা স্টিকার আকারে সাঁটাতে হবে। স্টেশনগুলিতে মাইকে বার বার ঘোষণা করার কথাও বলা হয়েছে নির্দেশিকায়। হিন্দি, ইংরেজি বা আঞ্চলিক ভাষায় যাত্রীদের কী জানাতে হবে তা-ও বলা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী সেই ঘোষণায় বলতে হবে, ‘‘ভ্রমণের সময় ট্রেনে বা স্টেশন চত্বরে জোরে জোরে গান বাজানো বা ভিডিয়ো দেখা বা তারস্বরে কথা থেকে বিরত থাকুন। মোবাইলের রিংটোন কমিয়ে রাখুন। প্রয়োজনে মোবাইল সাইলেন্ট মোডে রাখুন।’’ এর পরেই নির্দেশিকায় বলা হয়েছে, এমন কাজ যদি উপদ্রবের পর্যায়ে পৌঁছোয়, তবে রেল আইনের ১৪৫ ধারা অনুযায়ী শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। টিকিট পরীক্ষক বা তাঁর উচ্চপদস্থ আধিকারিকেরা অভিযোগ পাওয়ার পরে পদক্ষেপ করতে পারবেন। পূর্ব রেলের সদর দফতর থেকে সমস্ত স্টেশনে এ বিষয়ে চিঠি পাঠানো হয়েছে। শুধু তা-ই নয়, পূর্ব রেলের আওতায় থাকা হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদহ ডিভিশনের সমস্ত স্টেশনে এ বিষয়ে যাত্রীদের সচেতন করার নির্দেশ দেওয়া হয়েছে। একই পদক্ষেপের কথা জানিয়েছিল দক্ষিণ রেল। তাদের মতো পূর্ব রেলও এ প্রসঙ্গে ২০১২ সালের ২৩ জুলাইয়ের একটি নির্দেশিকার উল্লেখ করেছে। মোবাইল ফোনে জোরে জোরে কথা বলা বা মোবাইলের রিংটোন যাতে জোরে না হয়, সে বিষয়ে যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে ওই নির্দেশিকায়। রেলের যুক্তি, এই ধরনের কাজে সহযাত্রীদের অসুবিধা হতে পারে। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রিত কামরায়।
তবে কলকাতা মেট্রোর পাশাপাশি অন্যান্য গণপরিবহণেও এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় যাত্রীদের। কসবার বাসিন্দা সুমন দাস। তাঁর কর্মস্থল চাঁদনি চকে। সুমনের কথায়, ‘‘ভিড় মেট্রোর মধ্যে প্রায়ই কোনও কোনও যাত্রী মোবাইলে জোরে রিল্স দেখেন। অনেক বার বারণ করেছি। কিন্তু কেউ কথা শোনেন না। এখন তো বলা ছেড়েই দিয়েছি।’’ সুমনের সঙ্গে সহমত পোষণ করেন বাঁশদ্রোণীর বাসিন্দা অরুণিমা পাল। তাঁর মতে, ট্রেনের মতো মেট্রোতেও যদি এমন হয়, তবে খুব ভাল হয়! এ ব্যাপারে মেট্রো কর্তৃপক্ষ জানান, তাঁরা এখনও পর্যন্ত এই বিষয়ে পদক্ষেপ করার মতো কোনও সিদ্ধান্ত নেননি। রাজ্য পরিবহণ দফতরেরও বিষয়টি নিয়ে এখনই কোনও পদক্ষেপ করার চিন্তাভাবনা নেই।





