Top 5 This Week

spot_img

Related Posts

কঠোর বার্তার সলতে পাকিয়ে দিলেন শমীক ভট্টাচার্য। শেষ বক্তা সুনীল বনসল তাতে আগুনটা ধরিয়ে দেন।

‘সেবাদূত’ কর্মসূচি রূপায়ণের পরিকল্পনা তৈরির লক্ষ্যে বৈঠক। সেই বৈঠক হয়ে উঠল দলের একাংশকে কঠোরতর বার্তা দেওয়ার মঞ্চ। পশ্চিমবঙ্গে জনপ্রতিনিধিদের অনেকের মধ্যে সংগঠনকে অমান্য করার প্রবণতা নিয়ে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল শুক্রবার কড়া বার্তা দিলেন দিয়েছেন বলে বিজেপি সূত্রের খবর। তবে একাধিক সূত্রের দাবি, বনসল যা বলেছেন, তাকে ‘কড়া বার্তা’ বললে কমই বলা হবে। কর্মসূচির রূপরেখা বুঝিয়ে দিতেই শুক্রবার রাজ্য পদাধিকারী, জ়োন ইনচার্জ, জেলা ইনচার্জ, জেলা সভাপতিদের বৈঠকে ডেকেছিলেন বিজেপি নেতৃত্ব। সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসল এবং রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য সে বৈঠকে তো ছিলেনই। ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী এবং পাঁচ সাধারণ সম্পাদকও। কিন্তু শুধুমাত্র ‘সেবাদূত’ সংক্রান্ত আলোচনায় বৈঠকটি সীমাবদ্ধ থাকেনি। বিজেপির একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, বনসল এবং শমীক সংগঠনকে অমান্য করার প্রবণতার বিরুদ্ধে যে ভাষায় বার্তা দিয়েছেন ওই বৈঠকে, ততটা কঠোর বার্তা সাম্প্রতিক কালে নেতৃত্বের তরফ থেকে শোনা যায়নি।

রাজ্য বিজেপির এক গুরুত্বপূর্ণ পদাধিকারীর কথায়, ‘‘প্রথম বক্তা ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। শেষ বক্তা ছিলেন বনসলজি। কঠোর বার্তার সলতেটা শমীকদা-ই পাকিয়ে দিয়েছিলেন। বনসলজি তাতে আগুনটা ধরিয়ে দেন।’’ বিজেপি সূত্রের দাবি, বিধায়ক, সাংসদ বা মন্ত্রী যাঁরা হয়েছেন, তাঁরা যেন নিজেদেরকে সংগঠনের ঊর্ধ্বে না ভাবেন, শমীকই শুক্রবার প্রথমে সে হুঁশিয়ারি দেন। নির্বাচিত জনপ্রতিনিধিদের একাংশের মধ্যে যে প্রবণতা দেখা যাচ্ছে, তা নিয়ে শমীক রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন বলে বিজেপি সূত্রে জানা গিয়েছে। নবনির্বাচিত বিধায়কদের কারও কারও জীবনযাত্রা এবং প্রাচুর্য নিয়ে তিনি প্রশ্ন তোলেন বলে খবর। নিজের নিজের এলাকায় বা জেলায় দল তথা সংগঠনকে অনেক বিধায়ক অস্বীকার করার চেষ্টা করছেন বলে শমীক উষ্মা প্রকাশ করেন। দলের এক বিধায়ক পুলিশকে বলেছেন জেলা সভাপতিকে গ্রেফতার করতে, এমন এক প্রসঙ্গ উল্লেখ করে শমীক বিস্ময় প্রকাশ করেন বলে জানা গিয়েছে। এক বিধায়কের ‘এত সাহস হয় কী করে’, প্রশ্ন তোলেন রাজ্য বিজেপির সভাপতি। একাধিক মন্ত্রী সংবাদমাধ্যমে প্রয়োজনের অতিরিক্ত কথা বলছেন বলেও শমীক মন্তব্য করেন। তিনি সেখানে জানান যে, তিনি মুখ্যমন্ত্রীকে বলবেন, সরকারের অবস্থান বা বক্তব্য জানানোর দায়িত্ব যে কোনও একজন মন্ত্রীকে দিতে। মন্ত্রীরা যে কোনও বিষয় নিয়ে যেখানে সেখানে নিজের খেয়ালখুশি মতো মন্তব্য করুন, এমনটা দল চাইছে না বলে রাজ্য সভাপতি স্পষ্ট করে দেন। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন আপাতত স্থগিত! ‘অনিবার্য পরিস্থিতিতে’ সিদ্ধান্ত নির্বাচন কমিশনের শমীকের পরে ‘সেবাদূত’ কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত নেতাদের বক্তব্য নির্ধারিত ছিল। তাঁরা কেউ ‘সংগঠন বনাম জনপ্রতিনিধি’ প্রসঙ্গে ঢোকেননি। কিন্তু বৈঠকের শেষ বক্তা সুনীল বনসল ফের শমীকের তোলা প্রসঙ্গ ফিরিয়ে আনেন। তিনি এতটাই কঠোর ভাষায় পরিস্থিতির সমালোচনা করেন, যা সাম্প্রতিক অতীতে কখনও শোনা যায়নি বলে বিজেপির একাংশের দাবি। বিজেপিতে থাকতে গেলে সংগঠনকে এড়িয়ে কোনও কিছু করা চলবে না বলে বনসল বার্তা দেন। তিনি সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন যে, এমন কোনও আচরণ কেউ করবেন না, যাতে দল ব্যবস্থা নিতে বাধ্য হয়। প্রয়োজনে কোনও মন্ত্রীকে ছেঁটে ফেলতেও দল বেশিক্ষণ ভাববে না বলে বনসল সতর্ক করেন। বিধায়কদের অনেকে নিজেদের এলাকায় বা জেলায় বিভিন্ন সাংগঠনিক বৈঠকে নিজেরা না গিয়ে প্রতিনি‌ধি পাঠাচ্ছেন কেন, তা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তিনি প্রশ্ন করেন, ‘‘বিধায়করা কি এতই ব্যস্ত যে সংগঠনের বৈঠকে আসতে পারছেন না?’’ বিরক্তি প্রকাশ করে তিনি জানান, এর পর থেকে বিধায়করা নিজেরা যদি কোনও বৈঠকে উপস্থিত হতে না পারেন, তা হলে প্রতিনিধি পাঠানোরও দরকার নেই। শুধু রাজ্য স্তরের বৈঠকের ক্ষেত্র নেয়, জেলা স্তরের বৈঠকেও এই নিয়ম কার্যকর হবে বলে তিনি জানিয়ে দেন। সংগঠনের রাশ শক্ত হাতে ধরতে জেলা ইনচার্জদের বনসল আরও সক্রিয় হতে বলেছেন বলে খবর। ‘সেবাদূত’ বৈঠকে উপস্থিত জেলা ইনচার্জদের উদ্দেশে তাঁর বার্তা— আপনারা এ বার নিজেদের সক্ষমতা দেখানো শুরু করুন। উপযুক্ত কারণ থাকলে জেলা ইনচার্জরা যে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবেন, কার বিরুদ্ধে পদক্ষেপ করছেন, সে সব নিয়ে ভাবতে হবে না, বার্তা তাঁর। জেলা ইনচার্জ হিসেবে দায়িত্ব পাওয়া যে কোনও আলঙ্কারিক বিষয় নয়, তা শুক্রবার স্পষ্ট করে দেন পশ্চিমবঙ্গ বিজেপির পর্যবেক্ষক বনসল। রাজ্য স্তরের পদাধিকারী হিসেবে বেশ কিছু বিধায়কও শুক্রবারের বৈঠকটিতে হাজির ছিলেন। তাই বিজেপির একাংশের ব্যাখ্যা, বুঝেশুনেই শমীক এবং বনসল একযোগে শুক্রবার কঠোর বার্তা দিয়েছেন। সমন্বয় বাড়াতে খুব তাড়াতাড়িই সাংগঠনিক পদাধিকারী এবং জনপ্রতিনিধিদের একসঙ্গে নিয়ে নেতৃত্ব বৈঠকে বসা শুরু করবেন বলে বিজেপি সূত্রের খবর। এখন থেকে দলের জেলা বা স্থানীয় স্তরে অভ্যন্তরীণ সমস্যা তৈরি হলে তা জেলা, বিভাগ বা জ়োন স্তরের নেতাদের সঙ্গে কথা বলেই মিটিয়ে নিতে হবে বলে বিজেপি নেতৃত্ব শুক্রবার বার্তা দিয়েছেন। যে কোনও বিবাদে সরাসরি রাজ্য সভাপতি বা রাজ্য নেতৃত্বের কাছে হাজির হওয়া যাবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপি ঘোষণা করেছিল ‘সেবাসেতু’ কর্মসূচি। এ বার প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর জন্মমাসে শুরু হচ্ছে ‘সেবাদূত’ কর্মসূচি। শুরু হবে ১ ডিসেম্বর। শেষ হবে ২৫ ডিসেম্বর অর্থাৎ বাজপেয়ীর জন্মদিনে। সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চলা কর্মসূচি উপলক্ষে দলীয় কর্মীদের বিভিন্ন সামাজিক বা সেবামূলক কাজে যুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সরকারি প্রকল্পের সুযোগসুবিধা নাগরিকদের কাছে পৌঁছে দিতে শিবির খোলা হয়েছিল। এ বার ‘সেবাদূত’ কর্মসূচিতে বিজেপির বিভিন্ন স্তরের পদাধিকারীদেরকে নিজের নিজের রাজ্যের, জেলার বা এলাকার বাইরে গিয়ে জনসাধারণের সমস্যা খতিয়ে দেখতে হবে। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা কারা পাচ্ছেন না, কেন পাচ্ছেন না, সে সব খতিয়ে দেখতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সমস্যার সমাধানের পথও খুলে দিতে হবে। সাধারণ জনতার অন্যান্য অভিযোগ-অনুযোগও শুনতে হবে। যে নেতা বা পদাধিকারী যে এলাকায় এই কর্মসূচির দায়িত্ব পাবেন, তাঁকে সেই এলাকায় রাত্রিবাসও করতে হবে। দলেরই কারও বাড়িতে থাকতে হবে, বিলাসবহুল হোটেলে নয়— এমনও নির্দেশিকা তৈরি করেছে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles