RK NEWZ অপেক্ষার অবসান। দীর্ঘদিন পরে ফের মঞ্চে দেখা যাবে অলকাকে। সৌজন্যে পরিচালক সুভাষ ঘাই। শ্রবণশক্তি হারিয়ে সঙ্গীতের সফর বন্ধ হয়ে গিয়েছিল অলকা যাজ্ঞিকের। চলতি বছরেই হুইলচেয়ারে বসা অবস্থায় গায়িকার ছবি দেখে উদ্বিগ্ন হয়েছিলেন অনুরাগীরা। অলকার কণ্ঠে ফের গান শোনার অপেক্ষায় ছিলেন সকলেই। সুভাষ ঘাইয়ের চলচ্চিত্রজীবনের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘কেয়া জ়মানা থা’-এ হাজির থাকবেন গায়িকা। ১১ ডিসেম্বর মুম্বইয়ের বসবে এই সুরের আসর। আর সেই অনুষ্ঠানে অলকাকে আমন্ত্রণ জানাতে নিজেই তাঁর বাড়িতে হাজির হয়েছিলেন সুভাষ। পরিচালকের আমন্ত্রণে খুশি মনে সাড়া দিয়েছেন গায়িকা। হাসিমুখে অনুষ্ঠানে যোগ দেওয়ার সম্মতিও জানিয়েছেন তিনি। সমাজমাধ্যমে সেই বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করে নিয়েছেন সুভাষ ঘাই। তিনি লিখেছেন, “অলকা যাজ্ঞিক আবার উজ্জ্বল হয়ে উঠছেন। তাঁর কণ্ঠ, তাঁর ঔজ্জ্বল্য এবং প্রাণশক্তি, সব কিছুতেই সেই পরিচিত জাদু রয়েছে এখনও। গত রাতে ওঁর বাড়িতে গিয়ে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর সময়ে বিষয়টি আরও গভীর ভাবে অনুভব করেছি।” অলকার প্রতিক্রিয়ার কথাও জানিয়েছেন পরিচালক। তাঁর কথায়, “আমন্ত্রণ পেয়ে তিনি উঠে দাঁড়ালেন। মুখে হাসি নিয়ে বললেন, ‘আমি আসব।’ ওঁর এই উত্তর আমাদের সকলকে আনন্দে ভরিয়ে দিয়েছে। এটাই অলকা যাজ্ঞিক। তিনি যেন সবসময় ভাল থাকেন।” সুভাষ ঘাই ও অলকা একসঙ্গে বহু কাজ করেছেন। ‘খলনায়ক’, ‘তাল’, ‘পরদেশ’, ‘ইয়াদেঁ’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন। শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন ধরেই জনসমক্ষে উপস্থিতি থেকে দূরে ছিলেন অলকা। ২০২৪ সালে নিজেই জানিয়েছিলেন, আকস্মিক ভাইরাস সংক্রমণের জেরে তাঁর শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসার পরেও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে গায়িকা জানিয়েছিলেন, এখনও নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁকে। এমনকি, কাজের প্রস্তাব এলেও সব সময় তা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এই দীর্ঘ বিরতির পরে তাঁকে মঞ্চে দেখার জন্য উদ্গ্রীব অনুরাগীরা।





