RK NEWZ বিভিন্ন জেলার ২২ জন পদাধিকারীকে শোকজ করা হয়েছে। বারবার নরমে-গরমে বুঝিয়ে, সতর্কবার্তা দিয়েও কাজ হচ্ছে না। শাসকদলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের ভূরি ভূরি অভিযোগ জমা পড়ছে দলের অন্দরে। সেসবের জেরে ফের দলের পদাধিকারীদের সাসপেনশনের পথে হাঁটতে চলেছে বিজেপি। সূত্রের খবর, ইতিমধ্যে বিভিন্ন জেলার মণ্ডল সভাপতি, বুথ সভাপতি-সহ ২২ জনকে শোকজ করা হয়েছে। এঁদের মধ্যে রয়েছেন একজন জেলা সভাপতিও। তাঁদের বিরুদ্ধে দলবিরোধী কাজ ও দলের নির্দেশ অমান্য করে বলপূর্বক অন্য দলের কার্যালয় দখলের মতো গুরুতর অভিযোগ উঠেছে বলে সূত্রের খবর। রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা বারবার দলীয় কর্মীদের সতর্ক করেছেন। বারবার বার্তা দিয়েছেন, শাসকদল বলে কোনওরকম গা-জোয়ারি করে কিছু করা চলবে না। দলের শৃঙ্খলা মেনেই চলতে হবে। আসলে তৃণমূল জমানার ‘দখল সংস্কৃতি’র পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকেই নজর ছিল তাঁদের। কিন্তু দলের শীর্ষ নেতৃত্বের সেসব কথা বিশেষ কানে তোলেননি সংগঠনের নিচুস্তরের নেতারা। মণ্ডল সভাপতি, বুথ সভাপতিরা নানা জায়গায় একাধিক শৃঙ্খলাভঙ্গের কাজ করছেন বলে অভিযোগ উঠেছে। এসব নালিশ কানে গিয়েছে শমীক ভট্টাচার্যদেরও। শুক্রবারই দলের মধ্যে অরাজকতা প্রসঙ্গে এক অনুষ্ঠানে কড়া বার্তা দিয়েছেন শমীক। তাঁর সতর্কবার্তা, ‘‘দলের কোনও কোনও মণ্ডল সভাপতি ভাবছেন, তাঁরাই পুলিশমন্ত্রী। আবার কোনও কোনও জেলায় কয়েকজন পুলিশও ভাবছে, তাঁরা যেন মণ্ডল সভাপতি। এসব কোনওটাই চলবে না।” বিজেপিতে শৃঙ্খলাই সবচেয়ে বড় কথা। তা রক্ষা করতে বদ্ধপরিকর শীর্ষ নেতৃত্ব। তাই প্রয়োজনে কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে দল। ইতিমধ্যে ২২ জনকে শোকজ করা হয়েছে। তাঁদের জবাবে দল সন্তুষ্ট না হলে সাসপেন্ড করা হতে পারে বলে খবর। এনিয়ে অগ্নিমিত্রা পালও বলেছেন, ‘‘পুলিশরা যদি ভাবে যে তারাই সংগঠনের সবকিছু, তারাই মণ্ডল সভাপতি বা জেলা সভাপতি, সেই ভাবাটাও যেরকম খুব বাতুলতা, সেরকমই আমার মণ্ডল সভাপতিরা যদি ভাবেন যে তাঁরা পুলিশমন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাহলে তার থেকে বেশি বোকামো আর কিছু হতে পারে না বলে আমার মনে হয়। সুতরাং আমার মনে হয় আমরা যে যার নিজের দায়িত্বটা পালন করি। মণ্ডল সভাপতিদের সংগঠনের দায়িত্ব, তিনি সংগঠনটাকে ঠিক করে করুন।”





