Top 5 This Week

spot_img

Related Posts

মহিলা ফুটবল নিয়ে বড় সিদ্ধান্ত সবুজ মেরুন শিবিরে!‌ মোহনবাগানের ক্লাবের বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ স্থির

RK NEWZ মহিলা ফুটবল নিয়ে বড় সিদ্ধান্ত মোহনবাগানের। মোহনবাগানের এক্সিকিউটিভ কমিটি মিটিংয়ের পর সাংবাদিক সম্মেলনে সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বোস। সুখবর জানালেন ক্লাব সভাপতি দেবাশিস দত্ত ও সচিব সৃঞ্জয় বোস। এদিন ক্লাব তাঁবুতে এক্সিকিউটিভ কমিটির মিটিংয়ের পর সাংবাদিক সম্মেলন করেন দুই কর্মকর্তা। সেখানে ক্লাবের মহিলা ফুটবল নিয়ে আলোকপাত করেন তাঁরা। এর সঙ্গে ম্যাচ পিছনো নিয়ে ইস্টবেঙ্গলকে খোঁচা দিলেন ক্লাব সভাপতি। এছাড়া জানিয়ে দিয়েছেন, আগামী ৪ ডিসেম্বর ক্লাবের বার্ষিক সাধারণ সভা।
মহিলা ফুটবল নিয়ে সভাপতি বলেন, “পরিকাঠামো নিয়ে আজকেও আমাদের আলোচনা হয়েছে। ফুটবল কোম্পানির সঙ্গে এই নিয়ে আমাদের কথা চলছে। আমরা চেষ্টা করছি, ড্রেসিং রুম-সহ একটা আলাদা মাঠের ব্যবস্থা করতে। সেটা পেলেই আমরা মহিলা ফুটবল শুরু করে দেব।” ক্লাব সচিব সৃঞ্জয় বোসও জানান, “মহিলাদের স্পোর্টসের জন্য আলাদা পরিকাঠামো দরকার। এখনও তো অনেক ক্লাব ক্রিকেটের পরিকাঠামোই তৈরি করতে পারেনি। আমরা একটু সময় নিচ্ছি। পিছিয়ে যাচ্ছি না। আমরা করব।”

সম্প্রতি আইএসএলে ইস্টবেঙ্গলের ম্যাচ পিছিয়ে গিয়েছে। যুবভারতীতে দিলজিৎ দোসাঞ্ঝের অনুষ্ঠানের জন্য ম্যাচ পিছিয়ে গিয়েছে বলে খবর। তা নিয়ে পড়শি ক্লাবের নাম না করে খোঁচা দিয়ে দেবাশিস দত্ত বলেন, “যুবভারতীর সঙ্গে আমাদের অনুশীলন ও ম্যাচের আগে-পরে তিনদিনের চুক্তি। যা সরকার বিনামূল্যে করে দিয়েছে। আমার খেলা এগিয়ে বা পিছিয়ে গেলে, আমি নিশ্চয়ই প্রশ্ন তুলতাম। কোনও ক্লাবের তো ভালো ফর্ম নেই। এই অছিলায় হয়তো ম্যাচ পিছিয়ে গেলে সুবিধা হবে, এরকম ভাবতে পারে।” ক্লাব সচিব বলেন, “এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে। এই ধরনের অনুষ্ঠানে মাঠে কোনও প্রভাব পড়ে না।” এই মুহূর্তে আইএসএলে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান। শেষ চারটে ম্যাচই জিতেছে। তবে অনেকে খেলার ধরন নিয়ে অখুশি। যদিও কর্মকর্তাদের বক্তব্য, তাঁরা একটা করে ম্যাচ নিয়ে ভাবছেন। দল ভালো খেলছে কি না, সেটার থেকেও গুরুত্বপূর্ণ হল ৩ পয়েন্ট পাওয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles