Top 5 This Week

spot_img

Related Posts

ফোন বাজতেই শোনা গেল ছটের গান! মুখ্যমন্ত্রীর কলার টিউন শুনে উচ্ছ্বসিত জগদ্দলবাসী

RK NEWZ প্রয়াত লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার ছটের গান কলার টিউন হিসেবে সেট করেছেন শুভেন্দু অধিকারী। ছটপুজোর অনুষ্ঠান চলছিল জগদ্দলে। সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানের মাঝে বেজে ওঠে তাঁর মোবাইল ফোনটি। তা মাইক্রোফোনের সামনে ধরতেই গান শুনে উচ্ছ্বসিত জগদ্দলবাসী! এত উচ্ছ্বাসের কারণটা কী? প্রয়াত লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহার কণ্ঠে ছটের গান ‘ছটি মাইয়া আই না দুয়ারিয়া’ শুনতে পেলেন যে সবাই। এই গানটিই নিজের কলার টিউনে রেখেছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার জগদ্দলের জিলেপি মাঠে ছটপুজোর অনুষ্ঠানে মন্ত্রী অর্জুন সিং-সহ বিধায়কদের সামনে সেই গান বেজে উঠতেই আপ্লুত দর্শকরা। পরে মুখ্যমন্ত্রী নিজেই জানান, শারদা সিনহার প্রয়াণের দিনই তাঁর গাওয়া গানটি কলার টিউন হিসেবে সেট করেছিলেন। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত। অনুষ্ঠানের শেষ পর্বে ভোজপুরী গায়ক অরবিন্দ আকেলা কাল্লুর গানের মাঝে প্রসঙ্গটি ওঠে। মুখ্যমন্ত্রীকে ফোন করে মাইক্রোফোনের সামনে ধরতেই শোনা যায় সেই গান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চ থেকেই অবশ্য উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে রাজনৈতিক বার্তাও দেন মুখ্যমন্ত্রী। বীজপুর থেকে টিটাগড় পর্যন্ত বহু পূর্বাঞ্চলী মানুষের বসবাসের কথা উল্লেখ করে তাঁদের উত্তরপ্রদেশে গিয়ে প্রচারে নামার আহ্বান জানান তিনি। বলেন, ‘‘বিহার নির্বাচনে আপনারা যেভাবে আত্মীয়দের বাড়ি গিয়ে কাজ করেছিলেন, উত্তরপ্রদেশ নির্বাচনেও গিয়ে ওদের উপযুক্ত শিক্ষা দেবেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা-মাকে নিয়ে যাঁরা অপমানজনক মন্তব্য করেছেন, ভোটে তাঁদের জবাব দেওয়ার ডাকও দেন শুভেন্দু। ছটপুজোর প্রাক্কালে ব্রতীদের হাতে পুজোর উপকরণ ও উপহার তুলে দিতেই এদিন জগদ্দলের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। ছট উপলক্ষে রাজ্যে এটি ছিল তাঁর তৃতীয় অনুষ্ঠান। ছটের দিন নিজে গঙ্গার ঘাটে উপস্থিত থেকে ব্রতীদের স্বাগত জানাবেন বলেও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটি জেলায় মন্ত্রী ও বিধায়কদের পাঠানো হয়েছে। জেলা প্রশাসন, পুলিশ, পুরসভা ও পঞ্চায়েতের সমন্বয়ে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles