RK NEWZ ভারতের ফুটবল ফেডারেশনে মেধাবী ক্রীড়াবিদদের (এসওএম) নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার জন্য বৃহস্পতিবারই ছিল শেষ দিন। মোট ৯ জন ফুটবলার নির্বাচনে অংশগ্রহণ করতে চলেছেন। তার মধ্যে রয়েছেন ভারতের মহিলা ও পুরুষ দলের প্রাক্তন অধিনায়ক যথাক্রমে বেমবেম দেবী এবং জো পল আনচেরি। ফেডারেশনের তরফে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। দু’জন পুরুষ এবং দু’জন মহিলা ফুটবলার এসওএম হিসাবে নির্বাচিত হবেন ২৩ নভেম্বর। ২০ জন করে মহিলা ও পুরুষ ফুটবলারের ইলেক্টোরাল কলেজ তৈরি হয়েছে। তাঁরা ভোট দিয়ে এসওএম নির্বাচক করবেন। নির্বাচিত চার এসওএম আগামী ২০ ডিসেম্বর ফেডারেশনের নতুন কর্মসমিতির নির্বাচনে ভোট দিতে পারবেন। বেমবেম ছাড়াও মহিলা বিভাগে বাকি প্রার্থীরা হলেন শুক্লা দত্ত, বেন্টলা ডি’কোথ, কল্পনা দাস এবং শ্রদ্ধাঞ্জলী সামন্তরায়। পুরুষ বিভাগে আনচেরি ছাড়াও রয়েছেন ইউ শরাফ আলি, ব্রুনো কুটিনহো এবং মুশতাক আলি। ৪০ জন ভোটারের মধ্যে ভাইচুং ভুটিয়া, আইএম বিজয়ন, ক্লাইম্যাক্স লরেন্স, আশালতা দেবী এবং অদিতি চৌহানেরা রয়েছেন। স্ক্রুটিনির পর ফেডারেশন নিযুক্ত ইলেক্টোরাল অফিসার রাজীব শর্মা ১৯ নভেম্বর বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করবেন। ২১ নভেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে। দু’দিন পর নির্বাচন।





