Top 5 This Week

spot_img

Related Posts

ইডেনে ব্যাটিং ব্যর্থতা বাংলার!‌ ইডেনে সৌরভ-পৃথ্বী সাক্ষাৎ!‌‌‌ ব্যাটিং ধারাবাহিকতার অভাব প্রকট লক্ষ্মীরতন শুক্লার দলে!‌

ব্যাটিং বিপর্যয় বাংলার। খারাপ আলোর জন্য প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায়। রনজিতে জয়ের হ্যাটট্রিক হয়ে গেলেও ব্যাটিং ধারাবাহিকতার কোনও সমাধান খুঁজে পাচ্ছে না লক্ষ্মীরতন শুক্লার দল। এদিন ঘরের মাঠে ইডেনে মহারাষ্ট্রের বিরুদ্ধে দেড়শো রানও তুলতে পারলেন না অভিমন্যু ঈশ্বরণ। খারাপ আলোর জন্য প্রথম দিনের খেলা নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ হয়ে যায়। তার আগে বাংলাকে ম্যাচে ফেরানোর আপ্রাণ চেষ্টা করছেন মহম্মদ শামিরা। ইতিমধ্যে জোড়া উইকেট তুলে নিয়েছেন তারকা পেসার। বাংলার টপঅর্ডার প্রতি ম্যাচেই ধসে পড়ছে। তারপর কোনও দিন অভিষেক পোড়েল, কোনও দিন শাহবাজ আহমেদ টেনে তুলছে। তারপর ম্যাচ জেতাচ্ছে বোলিং বিভাগ। এদিনও গল্পটা অনেকটা একই রকম। পার্থক্য হচ্ছে, ইডেনে মিডল অর্ডারও রানের দেখা পায়নি। একবছর পর ইডেনে ফিরেছে বাংলা। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র। অধিনায়ক অভিমন্যু ফিরলেন ১০ রানে। এরপর অঙ্কুর পালও (১) আউট। রান পাননি সুদীপ কুমার ঘরামি (১৯)। সুরজ সিন্ধু জয়সওয়ালকে (০) উপর দিকে তুলে এনেও লাভ হয়নি। সুদীপ চট্টোপাধ্যায়ের (৭) দুরবস্থা অব্যাহত। অভিষেকের হাফসেঞ্চুরি (৫৪) ও প্রদীপ্ত প্রামাণিকের ৩১ রানের সৌজন্যে কোনও মতে ১৪৩ রান তুলে গুটিয়ে যায় বাংলা।

জবাবে বাংলার বোলিংও ছেড়ে কথা বলেনি। দু’টো উইকেট তুলে নিয়েছেন মহম্মদ শামি। পৃথ্বী শ’কে ১২ রানের মাথায় উইকেট ছিটকে দেন। এরপর দিগ্বিজয় পাটিলকেও ফেরান। মহারাষ্ট্রের রান দু’উইকেট হারিয়ে ২১। দুপুর দু’টো নাগাদ খারাপ আলোর জন্য ম্যাচ বন্ধ রাখা হয়। এরপর পৌনে চারটে নাগাদ দিনের খেলা শেষ করে দেওয়া হয়। এদিন খেলার পর দেখা যায় মহারাষ্ট্র অধিনায়ক পৃথ্বী শ’র সঙ্গে কথা বলছেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। যিনি কি না আবার দিল্লি ক্যাপিটালসের কোচ। পৃথ্বীও আইপিএলে দিল্লির হয়ে খেলেন। তবে গতবার কোনও ম্যাচে সুযোগ পাননি। এবার কী হয় সেটাই দেখার। ইডেনে সৌরভ-পৃথ্বী সাক্ষাৎ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles