Monday, July 20, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ফুটবল রাজপুত্রের মোমের মূর্তি শিল্পীর হাতেই তৈরী!‌ শ্যামাপ্রসাদের স্মৃতি বিজড়িত আশ্রমের শিশুদের জার্সি উপহার মুখ্যমন্ত্রীর

RK NEWZ নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। ফুটবলের মহারণ দেখতে আজ রাত জাগবে গোটা বিশ্ব। আশ্রমের সাদামাটা জীবনে এই আবহ থেকে কেন বঞ্চিত থাকবে খেলাপাগল শিশুরা? মাঠের লড়াইয়ের সেই উষ্ণতার আঁচ দিতে অভিনব উদ্যোগ নিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত দক্ষিণ কলকাতা সেবাশ্রমের শিশুদের জন্য বিশেষ ফ্যান জার্সি উপহার পাঠালেন তিনি। সেইসঙ্গে একটি চিঠি, যাতে লেখা – ফুটবলের প্রতি পশ্চিমবঙ্গের গভীর অনুরাগ বিশ্বব্যাপী সুপরিচিত। ফাইনাল ম্যাচের উন্মাদনা শিশুদের মধ্যে আনন্দ, অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস বাড়াবে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। শহরের ঐতিহাসিক এক প্রতিষ্ঠান দক্ষিণ কলিকাতা সেবাশ্রম। ১৯২৪ সালের ১১ মার্চ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি শতাব্দীপ্রাচীন এক গৌরবময় ঐতিহ্যের ধারক। নেতাজি কলকাতার মেয়র থাকাকালীন এই আশ্রমের স্থায়ী ক্যাম্পাসের জন্য জমি বরাদ্দ করেছিলেন এবং বর্তমানে এই প্রতিষ্ঠানের সঙ্গে স্যর আশুতোষ মুখোপাধ্যায়ের পৌত্র, ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভাইপো চিত্ততোষ মুখোপাধ্যায়ের নামও নিবিড়ভাবে জড়িয়ে। বর্তমানে এখানে ৫৭ জন অনাথ শিশু থাকে। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের দিন সেই শিশুরা যাতে খেলার মাঠের উত্তেজনা অনুভব করতে পারে, তার জন্য এগিয়ে আসেন শুভেন্দু অধিকারী।

বিশ্বকাপের ফাইনাল ম্যাচ খেলতে নামছেন মেসি। স্পেনকে হারিয়ে তাঁর হাতে উঠুক বিশ্বকাপ। বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে রেকর্ড করুন ফুটবলের রাজপুত্র। এই আশায় এখন বুক বাঁধছেন আর্জেন্টিনার মানুষ। মেসি ম্যাজিক দেখার অপেক্ষায় গোটা বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর ফ্যান-ফলোয়াররা। বিশ্বের অন্যান্য জায়গার পাশাপাশি মেসিজ্বর দেখা গিয়েছে আসানসোলেও। সেই আবহে বানানো হল ফুটবল রাজপুত্র লিওনেল মেসির মোমের মূর্তি। আসানসোল শিল্পাঞ্চলের শিল্পী সুশান্ত রায়। দীর্ঘ সময় ধরে তিনি বিশিষ্টদের মোমের মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন। আসানসোলের মহিশিলায় ওয়াক্স মিউজিয়ামে তাঁর তৈরি বহু খেলোয়ার, মনীষীদের মোমের মূর্তি জায়গা পেয়েছে। শিল্পী এবার তৈরি করে ফেললেন মেসির মোমের মূর্তি। অবিকল দেখতে মেসির মূর্তি নিয়ে হইচই পড়েছে এলাকায়। ওয়াক্স মিউজিয়ামে ওই মূর্তি বসানো হয়েছে। ফিফা বিশ্বকাপের রেপ্লিকা ও ফুটবলও বানিয়ে রাখা হয়েছে মেসির সামনে। শিল্পী সুশান্ত রায় বরাবর মেসিভক্ত। এবারের বিশ্বকাপে মেসির খেলা দেখে তিনি মুগ্ধ। একেকটা ম্যাচ জিতে ক্রমে বিশ্বকাপ সফরে ফাইনালের দিকে ক্রমে এগিয়েছে আর্জেন্টিনা। সেসময়ই মাথায় এসেছিল ওই মোমের মূর্তি তৈরি করার। যেমন ভাবা তেমন কাজ, ধীরে ধীরে তৈরি হতে থাকে রাজপুত্রের মূর্তি। ইতিমধ্যেই ফাইনালে উঠে গিয়েছে আর্জেন্টিনা। দুরন্ত মেসি ৩৯ বছর বয়সেও যেন তরুণ। একের পর এক গোল করছেন। এবার ফাইনাল ম্যাচে স্পেনের মুখোমুখি আর্জেন্টিনা। ফাইনালের আগে কাজ শেষ করে ফেলেছেন শিল্পী সুশান্ত রায়ও। ওয়াক্স মিউজিয়ামে জায়গা পেয়েছে মেসি মূর্তির। মেসিভক্তরাও এই মূর্তি দেখতে ভিড় জমিয়েছেন। শিল্পী নিজেও এই মূর্তি নিয়ে যথেষ্ঠ আবেগাপ্লুত। এদিন তিনি মেসির মূর্তিকে ফুল দিয়ে পুজো করেন। মেসির পাশে রয়েছে ফুটবল বিশ্বকাপের রেপ্লিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles