Tuesday, April 28, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই রবি শাস্ত্রী সম্মানিত?‌ দিলীপ সারদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজি সম্মানিত

দেশের চার প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করার সিদ্ধান্ত নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন। রবি শাস্ত্রী, দিলীপ সারদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজিকে সম্মানিত করা হবে। সারদেশাই এবং সোলকার পাচ্ছেন মরণোত্তর সম্মান। টি-টোয়েন্টি বিশ্বকাপের মধ্যেই রবি শাস্ত্রীকে সম্মানিত করার সিদ্ধান্ত নিল মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ)। ভারতের প্রাক্তন অধিনায়কের সঙ্গে আরও তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন এমসিএ কর্তারা। ভারতের প্রাক্তন অলরাউন্ডার এবং কোচ ধারাভাষ্যকার হিসাবেও জনপ্রিয়। খেলা ছাড়ার পর অধিকাংশ সময় তাঁকে ধারাভাষ্যকারের ভূমিকাতেই দেখা গিয়েছে। তাই ওয়াংখেড়ে স্টেডিয়ামের প্রেস বক্সের নীচে লেভেল ওয়ান স্ট্যান্ডটি শাস্ত্রীর নামে করার সিদ্ধান্ত নিয়েছে এমসিএর অ্যাপেক্স কাউন্সিল। শাস্ত্রীর পাশাপাশি আরও তিন প্রাক্তন ক্রিকেটারকে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছেন মুম্বইয়ের ক্রিকেট কর্তারা। তাঁরা হলেন দিলীপ সারদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজি। প্রত্যেকের নামেই ওয়াংখেড়ের একেকটি অংশের নামকরণ করা হবে। স্টেডিয়ামের ৩ নম্বর গেটের নাম হবে প্রয়াত সারদেশাইয়ের নামে। ৬ নম্বর গেট হবে প্রয়াত সোলকারের নামে। ৫ নম্বর গেট হবে ভারতীয় মহিলা দলের প্রাক্তন অধিনায়ক এডুলজির নামে। সম্মানিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এডুলজি। তিনি বলেছেন, ‘‘এমসিএ সভাপতি এবং অ্যাপেক্স কাউন্সিলকে ধন্যবাদ। ওয়াংখেড়ে স্টেডিয়ামের পাঁচ নম্বর গেট আমার নামে করার সিদ্ধান্তে দ্বিগুণ সম্মানিত বোধ করছি। এটা শুধু আমার ক্রিকেট সাধনার স্বীকৃতি নয়। রেলওয়ে স্পোর্টসে আমার অবদানের স্বীকৃতিও।’’ এমসিএ সভাপতি অজিঙ্ক নায়েক বলেছেন, ‘‘আমরা রবি শাস্ত্রীর নামে একটি স্ট্যান্ডের নামকরণের সিদ্ধান্ত নিয়েছি। ক্রিকেটের বিভিন্ন ভূমিকায় শাস্ত্রীর অবদান অসাধারণ। মুম্বইয়ের অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে শাস্ত্রীর নাম নিয়ে আলোচনা হয়েছিল। সেখানেই সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া ভারতের তিন প্রাক্তন ক্রিকেটার দিলীপ সারদেশাই, একনাথ সোলকার এবং ডায়ানা এডুলজির নামে স্টেডিয়ামের তিনটি গেটের নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এমসিএ সব সময় প্রাক্তন ক্রিকেটারদের অবদানকে স্বীকৃতি দিতে আগ্রহী।’’‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles