RK NEWZ ৩২তম কলকাতা চলচ্চিত্র উৎসব ঘিরে এই বছর ছবিপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। রাজ্যে পালাবদলের পরে, এটাই নতুন সরকার আয়োজিত প্রথম চলচ্চিত্র উৎসব। প্রথম থেকেই রাজ্য সরকার জানিয়েছে, এ বারের উৎসবে রয়েছে নানা চমক। তেমনই রবিবার ঘোষণা হল, ২০২৬-এর চলচ্চিত্রে উৎসবের ‘ফোকাস’ দেশ হিসেবে থাকছে আয়ারল্যান্ড। পাশাপাশি অতিথি তালিকাতেও আরও নতুন চমকের কথা ঘোষণা করা হল। ২৭ অক্টোবর চলচ্চিত্র উৎসব কমিটির মুখ্য উপদেষ্টা মিঠুন চক্রবর্তী জানিয়েছিলেন, উদ্বোধনের দিন উপস্থিত থাকবেন প্রভাস, রজনীকান্ত, অনুপম খের। কঙ্গনা রনৌত ও পরেশ রওয়ালও আসবেন বলেজানিয়েছিলেন তিনি। রবিবারের বৈঠকে জানা গেল, বলিউড থেকে অক্ষয় কুমার ও সঞ্জয় দত্তও এ বারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আসছেন। জনি লিভার ও অনুরাগ বসুও আসবেন বলে খবর। পাশাপাশি কমিটির চেয়ারম্যান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন, এখানেই শেষ নয়। আন্তর্জাতিক ক্ষেত্র থেকেও অভিনেতা ও শিল্পীরা আসছেন। থাকছে ফিল্ম বাজারও। তাঁর কথায়, নানা রকম নতুন ভাবনা রয়েছে চলচ্চিত্র উৎসবকে ঘিরে। আন্তর্জাতিক স্তরের অভিনেতাদের নিয়ে আসার ভাবনা রয়েছে। সেগুলি ক্রমশ প্রকাশ্য। কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান এ বার হবে ভিক্টোরিয়া। ১৬ ডিসেম্বর থেকে শুরু হবে চলচ্চিত্র উৎসব, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। গত বছর বলিউড থেকে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শত্রুঘ্ন সিন্হা, সুজয় ঘোষ ও তিলোত্তমা সোম। এর আগে উদ্বোধনী মঞ্চে উপস্থিত থাকতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খান, জাভেদ আখতার, শবানা আজ়মী, বিদ্যা বালন, রানি মুখোপাধ্যায়, অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কইফ, সোনাক্ষী সিন্হাকে। এ বার বলিউডের পাশাপাশি দক্ষিণের ইন্ডাস্ট্রি থেকেও আসছেন তারকারা।




