গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে প্রথম টেস্ট ম্যাচ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট জিততেই হবে ভারতকে। গুয়াহাটিতে ড্র করলেও সিরিজ হারতে হবে ঋষভ পন্থদের। স্বভাবতই সব কিছু বিবেচনা করে প্রথম একাদশ নির্বাচন করতে হয়েছে কোচ গৌতম গম্ভীরকে। প্রথম টেস্টের প্রথম একাদশে দু’টি পরিবর্তন করেছে ভারতীয় দল। চোটের জন্য খেলতে পারছেন না শুভমন গিল। পরিবর্তে প্রথম একাদশে এসেছেন সাই সুদর্শন। তিনি তিন নম্বরে ব্যাট করবেন। গুয়াহাটির পিচ জোরে বোলারদের সাহায্য করতে পারে। সে কথা মাথায় রেখে এক জন স্পিনিং অলরাউন্ডারের পরিবর্তে এক জন পেস অলরাউন্ডার রাখা হয়েছে দলে। অক্ষর পটেলের জায়গায় খেলছেন নীতীশ কুমার রেড্ডি। এই প্রথম টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। তিনি হলেন ভারতের ৩৮তম টেস্ট অধিনায়ক। নেতৃত্ব বদল হলেও ভারতের টস ভাগ্য অবশ্য বদলাল না। পন্থও টস হারলেন। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।
ঋষভ পন্থ বলেন?
১. একটা ম্যাচের জন্য নেতৃত্ব পাওয়াটা ভাল বিষয় নয়। তবে এই সম্মান দেওয়ার জন্য আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে কৃতজ্ঞ। অনেক সময় আপনি বড় কোনও বিষয় নিয়ে ভাবতে পারেন। তাতে লাভ কিছু হয় না। আমিও এটা নিয়ে বেশি ভাবতে চাই না। প্রথম টেস্টটা আমাদের ভাল যায়নি। এই ম্যাচটা জেতার জন্য আমাদের যা যা করা প্রয়োজন, তা আমাদের করতে হবে।
২. আমরা সকলে জানি কী করে ক্রিকেট খেলতে হয়। মাঠে কেমন আচরণ করতে হয়। শেষ টেস্টটা আমরা ভাল খেলতে পারিনি। কিন্তু আমাদের সামনে দিকে তাকাতে হবে। সামনে এগোতে হবে। গুয়াহাটিতে জেতার জন্য যা যা করা প্রয়োজন, আমাদের করতে হবে। আমরা শুধু জয় নিয়েই ভাবতে চাইছি।
৩. আমাদের মধ্যে প্রচুর আলোচনা হয়। আগের টেস্টে আমাদের মনে হয়েছিল, বেশি স্পিনার খেলালে লাভ হবে। এক জন বাড়তি জোরে বোলার খেলানোর সুযোগ সব সময় থাকে। আবার অন্য কেউ উইকেট পেলে মানুষ প্রশ্ন তুলতে শুরু করেন। অধিনায়কদের কাছে এটা একটা চ্যালেঞ্জ। প্রশ্নের মুখে পড়তেই হয়। কিন্তু অভিজ্ঞতা, বিশ্বাসের উপর নির্ভর করে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। মাঠে বোলারদের পাশে থাকতে হয় অধিনায়ককে।
টেম্বা বাভুমা বলেন?
১. কাগিসো দ্বিতীয় টেস্টে খেলতে পারবে না। লুনগি এনগিডিকে খেলানোর ইচ্ছা অবশ্যই রয়েছে। তাই জন্যই ওকে এখানে ডাকা হয়েছে। ও জানে নতুন বলে কী করতে পারে। যদি সকালের দিকে পিচের সাহায্য পায় তা হলে নিঃসন্দেহে লুনগি আমাদের প্রধান অস্ত্র হবে। তবে সকালেই সিদ্ধান্ত নিতে চাই। দলে যে-ই আসুক না কেন, সকলের সমর্থন পায়।
২. পিচ অনেক তাজা লাগছে। কলকাতার তুলনায় এই পিচে অনেক বেশি ধারাবাহিকতা দেখা যাবে। পুরোপুরি উপমহাদেশীয় পিচ। প্রথম দু’দিন ব্যাট করা যাবে। তার পরে স্পিনারদের ঘূর্ণি দেখা যাবে।
৩. ছেলেরা দুর্দান্ত মেজাজে আছে। প্রথম টেস্টে যে ভাবে খেলেছিলাম সে ভাবেই খেলব। গুয়াহাটিতে প্রথম টেস্ট খেলতে পারব ভেবে উত্তেজিত। নিশ্চিত ভাবে উত্তেজক একটা টেস্ট হবে। সকলে সে দিকেই তাকিয়ে আছে।
ভারতের প্রথম একাদশ: যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।




