Thursday, July 16, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

মহিলা ক্রিকেটের প্রবাদপ্রতিমকে ডক্টরেট!‌ রাজ্যপালের হাত থেকে পেলেন স্বীকৃতি কিংবদন্তি ঝুলন গোস্বামী

বাঁকুড়া বিশ্ববিদ্যালয় মহিলা ক্রিকেটের প্রবাদপ্রতিম ক্রিকেটারকে ডক্টরেট উপাধিতে ভূষিত করল। ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি। যে শহরে খেলে তাঁর উত্থান, ক্রিকেট মাঠে প্রতিষ্ঠা, সেই ইডেন গার্ডেন্সে তাঁর নামে রয়েছে স্ট্যান্ড। আরও এক বড় স্বীকৃতি পেলেন ঝুলন গোস্বামী বাঁকুড়া বিশ্ববিদ্যালয় থেকে। ফেসবুকে ঝুলন লিখেছেন, ‘‌জীবনের একটা নিজস্ব রীতি আছে, ধীরে ধীরে মনে করিয়ে দেওয়া যে, আমাদের প্রচেষ্টার এমন মূল্য রয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের তরফে সাহিত্যে সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়ে আমি সম্মানিত। ১১ নভেম্বর এই সম্মান পেয়েছিলাম। এই স্বীকৃতি আমাকে উৎসাহ দিচ্ছে আরও আন্তরিকতার সঙ্গে, আগ্রহ নিয়ে ও মন দিয়ে কাজ করে যাওয়ার। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়কে কৃতজ্ঞতা জানাই। সেখানকার শিক্ষকদের এবং রাজ্যপাল সম্মানীয় সি ভি আনন্দ বোসকে ধন্যবাদ জানাই।’‌

তিন বছর আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ঝুলন। তাঁর জীবনী নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’। সিনেমাটির মুক্তি নিয়ে ধোঁয়াশা। ২০২২ সালে এই ছবির শুটিং শুরু হয়। পর্দার ঝুলন হয়েছেন অনুষ্কা শর্মা। সেই সময় কলকাতায় এসে শুটিং করেন অনুষ্কা। কিন্তু শোনা যায়, যে ভাবে ছবিটি নির্মাণ করা হয়েছে, সেটা নাকি পছন্দ হয়নি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের। তাদের হাতেই রয়েছে এই ছবির স্বত্ব। অনুষ্কাও এখন সিনেমার জগৎ থেকে অনেক দূরে। সম্প্রতি এক অনুষ্ঠানে ঝুলনকে তাঁর বায়োপিকের মুক্তির সম্ভাব্য দিনক্ষণ নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ঝুলন বলেন, ‘এ সব বিষয়ে একেবারেই কিছু জানি না আমি। তাই কিছু বলতে পারব না।’ শোনা যাচ্ছে, সিনেমার মুক্তি নিয়ে বারবার টালবাহানায় ক্ষুব্ধ ঝুলন নিজেকে গোটা বিষয় থেকে দূরে রাখছেন সেই কারণেই।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles