সিএবি টিকিটের ন্যুনতম দাম ৬০ টাকা। চাহিদা আরও দ্বিগুণ। বিশেষ করে প্রথম তিনদিনের টিকিট সোল্ড আউট। টেস্ট ক্রিকেটের উন্মাদনা ভারতে যে এরকম হতে পারে, তা ইডেন না দেখলে বিশ্বাস করা যায় না। একেবারে হাউসফুল গ্যালারি বলা চলে। মধ্যাহ্নভোজনের পর তো গ্যালারির কোথাও সেভাবে ফাঁকা দেখাই গেল না। টেস্ট ক্রিকেটেও ইডেনের গ্যালারি যেন টি-টোয়েন্টির মেজাজ দেখাল। বুমরা, সিরিজ, কুলদীপদের জন্য দর্শকদের চিৎকার আর চেনা মেক্সিকান ওয়েভ। ইডেন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিন গ্যালারিতে উপস্থিত ৩৬৫১৩ দর্শক। ইডেন জুড়ে এবারে নিরাপত্তা বেশ জোরদার করা হয়। রাজধানীতে বিস্ফোরণের জেরে আরও টাইট সিকিউরিটি শহরের একাধিক জায়গায়। টেস্টের প্রথম আধঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও দেখা গেল একাধিক গেটের বাইরে লম্বা লাইন। কড়া চেকিংয়ের পরই গ্যালারিতে ঢুকতে পারছেন দর্শকরা। গ্যালারিতেও দেখা গেল পুলিশের কড়া নজরদারি।

জসপ্রীত বুমরা ইডেন টেস্টের প্রথম দিনেই ইনিংসে পাঁচ উইকেট নিলেন। ইডেনে শেষবার ২০১৯ সালে গোলাপি বলের টেস্ট খেলার সময় ইশান্ত শর্মা ইনিংসে পাঁচ উইকেট নেন। নতুন মাইলস্টোনও ছুঁয়ে ফেললেন তারকা পেসার। ২০০৮ সালে শেষবার কোন ফাস্ট বোলার কোনও টেস্টের প্রথম দিনেই পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন। এরপর গত ১৭ বছরে এই নজির কারও ছোঁয়া সম্ভব হয়নি। সেই তালিকায় এবার নাম লেখালেন জসপ্রীত বুমরা। ২০০৮ সালে এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ডেল স্টেন। শুক্রবার জসপ্রীত বুমরা ইডেন টেস্টের প্রথম দিনেই ইনিংসে পাঁচ উইকেট নিলেন। নিজের ১৪ ওভারের স্পেলে পাঁচটি ওভার মেডেন দেন। ২৭ রান খরচ করে ৫ উইকেট তুলে নেন। এই নিয়ে কেরিয়ারে ১৬ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন ডানহাতি পেসার। এদিন প্রোাটিয়া ব্যাটিং লাইন আপের মধ্যে মারক্রাম, রিকেলটন, জোর্জি, হারমার ও মহারাজের উইকেট তুলে নেন বুমরা।

চা বিরতির পর ৩ ওভার টিকল দক্ষিণ আফ্রিকার ইনিংস। এক ওভারে ২ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস শেষ করে দিলেন বুমরাহ। ৫ উইকেট নিলেন তিনি। দক্ষিণ আফ্রিকা করল ১৫৯ রান। ছ’বছর পর ইডেনে ফিরেছে টেস্ট ক্রিকেট। ২০১৯ সালে বাংলাদেশের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টের পর ২০২৫ সালে ইডেনে বসেছে টেস্টের আসর। টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচ শুরুর আগে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে তা হল ইডেনের পিচ। ব়্যাঙ্ক টার্নার হবে নাকি দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে বল ঘুরবে নাকি স্পোর্টিং উইকেট হবে তা নিয়ে চলছিল জল্পনা। ম্যাচের প্রথম দিনেই সব জল্পনার অবসান ঘটিয়ে দিলেন জসপ্রীত বুমরা একাই। টার্নিং উইকেট তো দূরের কথা, স্পিনারদের বেশি পরিশ্রমই করতে দিলেন না। সাউথ আফ্রিকার প্রথম ইনিংসে একাই পাঁচ উইকেট নিয়ে ধসিয়ে দিলেন ব্যালান্সড প্রোটিয়া লাইন আপকে। তাঁকে যোগ্য সঙ্গ দিলেন মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা তুলেছে ১৫৯। ইডেনে প্রথম ইনিংসে পিচ যথেষ্ট ভাল। তবে কিছু বল নিচু হতে দেখা গিয়েছে, যার শিকার হয়েছে প্রোটিয়া ব্যাটাররা। তবে বলাই যায়, ঠিক লাইন লেন্থে বল করতে পারলে সুবিধা পাবে পেসার, স্পিনার দুই বিভাগই। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। প্রথম উইকেট পড়তেও বেশি সময় লাগেনি। ৫৭ রানের মাথায় প্রথম উইকেট পড়ে প্রোটিয়াদের। রায়ান রিকলটন(২৩) মেরে খেলতে শুরু করেছিলেন। দুর্দান্ত ডেলিভারিতে তাঁর স্টাম্প ছিটকে দেন বুমরা। মার্করামও ফেরেন তার পরপরেই (৩১)। বল একটু পুরনো হলে কুলদীপ যাদবকে একদিক থেকে বল করাচ্ছিলেন গিল। পরিকল্পনার ফল মিলল হাতেনাতেই। তাঁর বলেই লেগ স্লিপে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক টেম্বা বাভুমা(৩)। মিডল অর্ডার থেকে বেশির ভাগ উইকেটই নিলেন পেসাররা। টনি ডি জর্জিকে ফেরালেন বুমরা(২৪)। এক ওভারে দুটি দুর্দান্ত ডেলিভারিতে দুই উইকেট নিয়ে সিরাজ ফেরালেন কাইল ভারানে এবং মার্কো জেনসেনকে। কর্বিন বস্চকে এলবিডব্লিউতে ফেরান অক্ষর।

বাকি থাকা দুই উইকেট নিয়ে কফিনে শেষ পেরেক পোঁতেন বুমরাই। আউট করেন হার্মার এবং কেশব মহারাজকে। ১৪ ওভার বল করে মাত্র ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন ভারতের তারকা পেসার। চোটের জন্য দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশে নেই কাগিসো রাবাদা। যা প্রোটিয়াদের কাছে বড় ধাক্কা। এদিকে, চার স্পিনারে খেলছে ভারত। চার মাস পর টেস্ট দলে ফিরলেন ঋষভ পন্থ। রয়েছেন ধ্রুব জুরেলও। তবে প্রথম একাদশে জায়গা হয়নি সাই সুদর্শনের। ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে অসন্তোষ ছিল গৌতম গম্ভীরের। প্রথম দিন থেকেই বল ঘুরবে এমন পিচ চেয়েও পাননি তিনি। শুভমান গিল বৃহস্পতিবার জানান, পিচ ঠিক মতো বুঝতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের জন্য প্রথম একাদশে ভারতীয় শিবিরে থাকলেন চার স্পিনার। ফলে জায়গা হল না সাই সুদর্শন কিংবা আকাশদীপের। আরেক পেসার মহম্মদ সিরাজ ২ উইকেট নেন। এছাড়া কুলদীপ যাদবকে খেলানো হয়েছিল। তিনিও ২ উইকেট নেন। রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর যদিও বল হাতে কোনও সাফল্য পাননি। সেক্ষেত্রে চারজন স্পিনার নিয়ে খেলানোর ছক কিছুটা হলেও প্রথম ইনিংসে কিন্তু কাজে এল না। প্রথম দিনের শেষে ভারতীয় দল এক উইকেট হারিয়ে করে ৩৭ রান। যশস্বী ১২ রান করে বোল্ড হন মার্কো জানসেনের বলে। ক্রিজে দুই ব্যাটার রাহুল ও সুন্দর। প্রথম ইনিংসে ভারত পিছিয়ে ১২২ রানে।




