পার্থে প্রথম এক দিনের ম্যাচে রান পাননি। চাপ ক্রমশই বাড়ছে। অ্যাডিলেড ম্যাচের আগে বুধবার ভারতের ঐচ্ছিক অনুশীলন থাকলেও কামাই করলেন না রোহিত শর্মা। পুরোদস্তুর ব্যাটিং অনুশীলন করলেন। অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া তিনি। ভারতের নেটে এ দিন হাজির হয়েছিলেন প্রধান নির্বাচক অজিত আগরকর। তাঁর সঙ্গে যশস্বী জয়সওয়ালের আলোচনা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। চলতি সিরিজ়ে ভাল খেলতে না পারলে হয়তো আর দেশের জার্সিতে খেলাই হবে না, এ কথা জানেন রোহিত। তাই এ দিন অনুশীলন শুরু হওয়ার ৪৫ মিনিট আগেই হাজির হয়ে যান। বেশ কিছুটা পরে বাকিরা আসেন। কোচিং স্টাফদের মধ্যে তখন স্রেফ কোচ গৌতম গম্ভীরই হাজির ছিলেন। সঙ্গে দুই থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানি এবং রাঘবেন্দ্র ছিলেন। রোহিত প্রথমে যে নেটে ঢোকেন সেটি স্যাঁতসেতে ছিল। বল ঠিকঠাক লেংথে পড়ছিল না। গম্ভীর ঠাহর পারেন এ ভাবে চললে চোট পেতে পারেন রোহিত। পাশের নেটে যেতে বলেন প্রাক্তন অধিনায়ককে। সেখানে রোহিতের মনোযোগ আরও বাড়ে। টানা অনুশীলন করেন। এক বারের জন্যও চোখ সরাননি গম্ভীর। বুধবার অনুশীলন আসেননি বিরাট কোহলি, শুভমন গিল-সহ একাধিক ক্রিকেটার। কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণকে অনেক ক্ষণ নেটে ঘাম ঝরাতে দেখা গিয়েছে। তবে অতীতে অনুশীলন করেও ম্যাচে সুযোগ পেতে দেখা যায়নি। দ্বিতীয় ম্যাচে ভারতের দলে যে পরিবর্তন হবে এমন সম্ভাবনা কম। কুলদীপকে এই ম্যাচেও বাইরে থাকতে হবে। বুধবার অনুশীলনের পর আগরকর ডেকে নেন যশস্বীকে। রোহিতের অনুশীলন শেষ হয়ে গিয়েছিল। তিনি ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে টিম বাসের দিকে এগোন। আগরকর, গম্ভীরদের সঙ্গে বেশ কিছু ক্ষণ আলোচনা করতে দেখা যায় যশস্বীকে।
বিরাট কোহলি এবং রোহিত শর্মার প্রত্যাবর্তন দেখার জন্য অপেক্ষা করে বসেছিল ক্রিকেটবিশ্ব। তবে ১৯ অক্টোবর পার্থে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম এক দিনের ম্যাচ বৃষ্টিতে বিঘ্নিত হয়েছে। দুই তারকা ক্রিকেটারও রান পাননি। বৃহস্পতিবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচ। সেখানেও কি বৃষ্টি বাদ সাধবে? আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার অ্যাডিলেডে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। মাত্র ১০-২০ শতাংশ বৃষ্টি হতে পারে। ম্যাচের মাঝে বৃষ্টি না হওয়ার সম্ভাবনাই বেশি। আকাশে মেঘ থাকবে সারা ক্ষণই। তাপমাত্রা থাকবে ১৯ ডিগ্রির কাছাকাছি। ফলে মনোরম পরিবেশে খেলার সুযোগ পাবে দুই দল। অ্যাডিলেডে এক দিনের ক্রিকেটে ছ’বার মুখোমুখি হয়েছে ভারত এবং অস্ট্রেলিয়া। ভারত জিতেছে দু’বার, অস্ট্রেলিয়া চার বার। ভারতের দু’টি জয়ই এসেছে শেষ দুই সাক্ষাতে। শেষ বার ২০১৯-এ এই মাঠে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে বিরাট কোহলি শতরান করে দলকে জিতিয়েছিলেন। বৃহস্পতিবার আবার তাঁর ব্যাট থেকে একটি শতরান দেখার আশায় ক্রিকেটবিশ্ব। অ্যাডিলেডের পিচে সাধারণত ব্যাটারেরা সুবিধা পেয়ে থাকেন। পিচ পাটা হয়। বাউন্সও ভাল পাওয়া যায়। ব্যাটারদের পক্ষে খেলা সুবিধার। ফলে রোহিত, কোহলি, শুভমন গিলদের সামনে রানে ফেরার একটি সুযোগ রয়েছে। পাশাপাশি এই মাঠে স্পিনারেরাও সাহায্য পান। ভারতের হাতে সেই অস্ত্রও রয়েছে। পার্থে বৃষ্টির কারণে ডাকওয়ার্থ-লুইস নিয়মে হেরেছে ভারত।





