RK NEWZ সিজেপির তিনমূর্তিকে বিমানে উঠে আটক করল পুলিশ, সঙ্গে আরও অনেককেই! দিল্লি জুড়ে ধড়পাকড় চলছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি)-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-কে আটক করেছে পুলিশ। শনিবার সকালে দিল্লি বিমানবন্দরে তাঁর বিমান নামতেই পুলিশ সেখানে পৌঁছে যায়। বিমানে ছিলেন সৌরভ দাস, আশুতোষ রাঙ্কারাও। বিমানে উঠে তাঁদের পুলিশ আটক করে। বাকি যাত্রীদের তখন দাঁড় করিয়ে রাখা হয়েছিল বলে অভিযোগ। মুম্বই থেকে দিল্লিতে আসেন দীপকে-রা। সকাল ১০টা ১৯ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে নামে তাঁদের বিমান। সেখান থেকেই তাঁকে আটক করা হল। দীপকে-দের বিমান দিল্লিতে নামতেই পুলিশ তৎপর হয়ে ওঠে। আগে থেকেই তারা বিমানবন্দরে অপেক্ষা করছিল। ছিলেন অনেক মহিলা পুলিশকর্মীও। দীপকে-সহ সিজেপি নেতারা বিমানে বসে ইনস্টাগ্রামে ‘লাইভ’ করেন। সরাসরি সম্প্রচারে তাঁদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি দেখা যায়। দীপকে জানিয়ে দেন, গ্রেফতার হবেন জেনেই তিনি দিল্লিতে এসেছেন। দীপকে-দের আটক করার পর সিজেপি একটি বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বকে বিক্ষোভস্থলে পৌঁছোনোর আগেই আটকে দেওয়ার জন্য এটা দিল্লি পুলিশের পূর্বপরিকল্পিত পদক্ষেপ। সকলের চলাফেরার স্বাধীনতা রয়েছে। তার এই লঙ্ঘনের তীব্র নিন্দা করছে সিজেপি। অবিলম্বে দীপকে, দাস, রাঙ্কার নিঃশর্ত মুক্তি দাবি করা হচ্ছে।’’ এর আগে যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে গুরুগ্রামের বাড়ি থেকে ইউটিউবার ধ্রুব রাঠীকে আটক করে পুলিশ। তাঁকে দিল্লি না-যাওয়ার অনুরোধ করা হয়েছিল। তিনি কথা শোনেননি বলে অভিযোগ। এ ছাড়াও ইন্টারনেটে জনপ্রিয় একাধিক মুখ, ককরোচদের একাধিক নেতাকে পুলিশ আটক করেছে। সূত্রের খবর, রাত থেকে সকাল পর্যন্ত ৫০০ জনের বেশি আটক হয়েছেন। সিজেপি নেতা সৌরভ জানিয়েছেন, তাঁদের আইনি বিষয়গুলি যিনি দেখাশোনা করেন, সেই রত্না সিংহকে সকালে আটক করেছে পুলিশ। রত্না আইনজীবীদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন। তখন পুলিশ তাঁকে বাধা দেয়। সিজেপির কর্মসূচিকে মাথায় রেখে শুক্রবার রাত থেকেই ধরপাকড় শুরু করেছে পুলিশ। দিল্লির ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। একাধিক জায়গায় ১৬৩ ধারা জারি করা হয়েছে। বন্ধ রয়েছে ইন্টারনেট। শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দিল্লিগামী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। সকাল থেকে যন্তর মন্তর সংলগ্ন এলাকায় চলছে পুলিশের মাইকিং।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের তরুণ প্রজন্মকে ভয় পেয়েছেন। এমনটাই দাবি ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে-র। শনিবার সকালে মুম্বই থেকে তিনি দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন। পথে সংবাদসংস্থা এএনআই-কে একটি সাক্ষাৎকারে দীপকে জানান, তাঁদের উদ্দেশ্য রাজধানীতে শান্তিপূর্ণ জমায়েত এবং আন্দোলন। তাতে বাধা দেওয়ার চেষ্টা করায় বোঝা যাচ্ছে, ক্ষমতাসীন সরকার তাঁদের ভয় পেয়েছে। দিল্লির রাস্তায় ধরপাকড় শুরু করে দিয়েছে পুলিশ। সূত্রের খবর, রাত থেকে সকালের মধ্যে ৪০০-র বেশি মানুষকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশই তরুণ-তরুণী। সংবাদসংস্থা পিটিআই ১৫০ জনকে আটক করার খবর জানিয়েছে। ৪০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তারক্ষী দিল্লিতে মোতায়েন করা হয়েছে শুধু শনিবারের জন্য। তার মধ্যে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর জওয়ানেরাও রয়েছেন। মোদীকে ‘একনায়ক’ বলেও কটাক্ষ করেছেন দীপকে। বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী একনায়ক। উনি ভয় পেয়েছেন, তাই দিল্লির মেট্রো, রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছেন। দেশের তরুণ প্রজন্মকে যদি উনি এতটাই ভয় পান, তাহলে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন কেন?’’ উল্লেখ্য, শনিবার সিজেপি-র ডাকে যন্তর মন্তরের সামনে বিপুল জমায়েত হতে চলেছে আন্দাজ করে আগে থেকেই সতর্ক দিল্লি পুলিশ। শুক্রবার রাত থেকে রাজধানীর ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর ৪টে থেকে দুপুর ২টো পর্যন্ত দিল্লিগামী সমস্ত মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল। এমনকি, বিস্তীর্ণ অংশে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেটও। ককরোচদের জমায়েতের অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। তা ঠেকাতে ১৬৩ ধারা জারি করা হয়েছে নির্দিষ্ট কিছু জায়গায়। পুলিশের এই প্রস্তুতিকে কটাক্ষ করে দীপকে-র বার্তা, ‘‘নিজের দেশের মানুষের বিরুদ্ধেই কি নরেন্দ্র মোদী, অমিত শাহ যুদ্ধ ঘোষণা করতে চান? জ্ঞানেশ কুমার ওঁদের এতই প্রিয় যে, দেশের নাগরিকদের বিরুদ্ধে পুলিশ ও সেনাবাহিনীকে কাজে লাগাতে হচ্ছে?’’ দীপকে-র দাবি, এর পর বিজেপিকে আর কেউ ভোট দেবেন না, সেই ভয়ে আছেন মোদী-শাহ। যন্তর মন্তরের প্রতিবাদ কর্মসূচিকে সমর্থন করে দীপকে বলেছেন, ‘‘প্রতিবাদ আমাদের মৌলিক অধিকার। সংবিধানের ১৯ নম্বর ধারায় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিত প্রতিবাদের অধিকার সকলকে দেওয়া হয়েছে। আমরা সেটাই করতে চাই।’’ রাজধানী শহরের বিভিন্ন হোটেল, গেস্ট হাউস, পেয়িং গেস্ট পরিষেবায় পুলিশ গিয়ে খোঁজ নিচ্ছে। কমবয়সি তরুণ-তরুণীর দল দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে যে কোনও ধরনের জমায়েত ও প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে চলছে অনবরত মাইকিং। রাতেই দীপকে একটি ভিডিয়োবার্তায় জানিয়েছিলেন, তিনি দিল্লি গেলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। কিন্তু তাতে যেন প্রতিবাদ থেমে না যায়।
সিজেপি-র কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে কেন্দ্র। শুক্রবার রাত থেকে শহরের ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। শনিবার সকালে গুরুগ্রামে ধ্রুব রাঠীর বাড়িতে যায় পুলিশ। দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেবেন, আগেই জানিয়েছিলেন ইউটিউবার ধ্রুব রাঠী। যন্তর মন্তরের উদ্দেশে রওনা দেওয়ার আগে শনিবার সকালে গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হল জনপ্রিয় বিষয়স্রষ্টা ধ্রুবকে। গুরুগ্রাম পুলিশ এই তথ্য জানিয়েছে। অভিযোগ, পুলিশের নির্দেশ অমান্য করেছেন ধ্রুব। সিজেপি-র কর্মসূচিকে কেন্দ্র করে দিল্লিকে কার্যত দুর্গে পরিণত করেছে কেন্দ্র। শুক্রবার রাত থেকে শহরের ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ। ভোর থেকে দুপুর পর্যন্ত বাতিল করা হয়েছে দিল্লিগামী যাবতীয় মেল ও এক্সপ্রেস ট্রেন। সেই সঙ্গে রাজধানীর রাস্তা সকাল থেকে পুলিশে পুলিশে ছয়লাপ। রয়েছে কেন্দ্রীয় আধাসেনা বাহিনীও। জমায়েত ও প্রতিবাদ কর্মসূচির বিরুদ্ধে মাইকিং চলছে। এই পরিস্থিতিতে সকালেই গুরুগ্রামের সেক্টর ৫৬-র কেন্দ্রীয় বিহার সোসাইটিতে ধ্রুবের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। সূত্রের খবর, তাঁকে যন্তর মন্তরে না-যাওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি কথা শোনেননি। তার পরেই তাঁকে আটক করা হয়। ধ্রুবের বিরুদ্ধে পুলিশের পদক্ষেপের নিন্দা করে সমাজমাধ্যমে সরব হয়েছে সিজেপি। লিখেছে, ‘‘ধ্রুব রাঠী আটক। একনায়ক সেই সমস্ত তরুণ-তরুণীকে দেখে আতঙ্কিত, যারা তাঁর অপকর্ম নিয়ে প্রশ্ন তুলছে এবং চুপ করে বসে থাকতে চাইছে না।’’ উল্লেখ্য, শুধু ধ্রুব নয়, একাধিক জনপ্রিয় বিষয়স্রষ্টাকে আটক করা হয়েছে শনিবার। এঁরা প্রত্যেকেই ইন্টারনেটে জনপ্রিয়।
মুম্বই থেকে দিল্লির উদ্দেশে সকালে রওনা দিয়েছেন সিজেপি-র প্রতিষ্ঠাতা তথা আহ্বায়ক অভিজিৎ দীপকে। রাতেই তিনি জানান, দিল্লিতে নামলে তাঁকে গ্রেফতার করা হতে পারে। তাঁর উপর একাধিক ধারায় মামলা রুজু করা হতে পারে। কিন্তু জেলের ঘানি টানতে তিনি ভয় পান না। তাঁকে আটক করা হলে আন্দোলন যাতে থেমে না-যায়, সেই বার্তাও দিয়েছেন দীপকে। দিল্লির বিস্তীর্ণ অংশে ১৬৩ ধারা জারি করেছে পুলিশ। সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিতে তারা অনুমতি দেয়নি। রাত থেকে সকালের মধ্যে বহু মানুষকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে অধিকাংশ তরুণ-তরুণী। সংবাদসংস্থা পিটিআই ১৫০ জনকে আটকের খবর নিশ্চিত করেছে। ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আটকের সংখ্যা হাজারের বেশি। এ ছাড়া, জনপথ-কর্তব্যপথের সংযোগস্থল থেকে চার কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে শনিবার রাস্তায় নামছে সিজেপি। সেই সঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রত্যাহার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগের আইন পরিবর্তনের দাবিও জানিয়েছে তারা। এই সমস্ত দাবি সামনে রেখে শনিবার ‘যন্তর মন্তর ২.০’-র ডাক দেওয়া হয়েছে। তা ঠেকাতেই পুলিশের প্রস্তুতি তুঙ্গে। দীপকে একে কটাক্ষ করে বলেছেন, ‘‘নরেন্দ্র মোদী ভয় পেয়েছেন। দেশের তরুণ প্রজন্মকে ভয় পেলে উনি এখনও প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন কেন? মোদী-শাহ কি দেশের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চলেছেন?’’ মহাত্মা গাঁধীর পথে শান্তিপূর্ণ আন্দোলনই তাঁদের হাতিয়ার, দাবি করেছেন দীপকে।




