Top 5 This Week

spot_img

Related Posts

বিরাট চমক কলকাতার চোরবাগানের পুজোয়!‌ মোহনবাগান মেম্বারশিপ কার্ড থাকলেই মণ্ডপে ভিআইপি এন্ট্রি

RK NEWZ আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। উচ্ছ্বসিত সদস্যরা। তার উপর আবার মণ্ডপে ভিআইপি এন্ট্রি পাসের সুযোগের খবরে আপ্লুত মোহনবাগান সদস্যরা। বাঙালির কাছে সেরা খেলা ফুটবল। আবার সেরা উৎসব দুর্গাপুজো। দু’য়ে যদি মিলেমিশে একাকার হয়ে যায়, তবে মন্দ হয় না। যাকে বলে একেবারে সোনায় সোহাগা। কী ভাবছেন এসব অলীক কল্পনা? মোটেও নয়। এবার কলকাতার চোরবাগান সর্বজনীনের মণ্ডপে সত্যি খেলা এবং দুর্গাপুজো মিলেমিশে একাকার হতে চলেছে। কারণ, মোহনবাগানের মেম্বারশিপ কার্ড থাকলেই মণ্ডপে ‘ভিআইপি এন্ট্রি’র সুযোগ পাবেন দর্শনার্থীরা। কথা হচ্ছে, চোরবাগান সর্বজনীনের। ওই মণ্ডপে এবার মোহনবাগান রত্ন প্রয়াত টুটু বোসকে বিশেষ সম্মান জানানো হবে। পুজো উদ্যোক্তারা শুক্রবার সোশাল মিডিয়ায় একথা জানিয়েছেন। মোহনবাগানের সদস্য হলেই আগামী ১৬ অক্টোবর, মহাষষ্ঠী থেকে ২১ অক্টোবর, দশমী পর্যন্ত ‘ভিআইপি’ হিসাবে ঢোকা যাবে মণ্ডপে। মোহনবাগানের একজন সদস্যের সঙ্গে সর্বোচ্চ ৩ জন মণ্ডপে ঢুকতে পারবেন। একে তো বৃহস্পতিবারই আইএফএ শিল্ড জিতেছে মোহনবাগান। তাতে উচ্ছ্বসিত সদস্যরা। তার উপর আবার মণ্ডপে ভিআইপি এন্ট্রি পাসের সুযোগের খবরে আপ্লুত মোহনবাগান সদস্যরা। কলকাতার জনপ্রিয় পুজো এই চোরবাগান সর্বজনীন। প্রতিবার নানা থিমে সাধারণ দর্শকদের মুগ্ধ করেছেন উদ্যোক্তারা। তাই স্বাভাবিকভাবে ওই পুজো দেখার আগ্রহ থাকে প্রায় সকলেরই। চলতি বছর অবশ্য পুজোর আয়োজন ঘিরে ডামাডোল পরিস্থিতি তৈরি হয়। দু’বার করে খুঁটিপুজোও হয়। এই প্রসঙ্গে চোরবাগান সর্বজনীন পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা আগে জানিয়েছিলেন, “বছর দুয়েক আগে কার্তিক বন্দ্যোপাধ্যায় প্রভাব খাটিয়ে পুরসভার জায়গা দখল করে ক্লাব করে। তাতে পাড়ার লোকজনেরও সমস্যা হয়। পুরসভা, পুলিশের তরফে বারবার নোটিস দেওয়া হয়। তবে কার্তিক বন্দ্যোপাধ্য়ায় প্রভাব খাটিয়ে ক্লাব রেখে দেন।” বিজেপি সরকারের জমানায় বদলে যায় ছবি। রাজকুমারবাবু জানান, “নতুন সরকার আসার পর ওই বেআইনি ক্লাব ভাঙার নোটিস দেওয়া হয়। গত ২০ জুন ভাঙার নোটিস দেওয়া হয়েছিল। নোটিস হাতে পাওয়ামাত্রই গত ৫ জুন খুঁটিপুজো করা হয়।” কিন্তু সেদিনের খুঁটিপুজোয় নিয়ম মানা হয়নি বলেই দাবি তাঁর। তিনি জানান, সাধারণত ঈশান কোণে খুঁটিপুজো করা হয়। তবে সে রীতি মানা হয়নি। সেই কারণেই শিল্পীর পরামর্শ নিয়ে দ্বিতীবার খুঁটিপুজোর আয়োজন করা হয়। কমিটি বদল হতে বদলেছে শিল্পীও। এবার প্রথমবার সুশান্ত শিবানী পাল চোরবাগানের থিমসজ্জার দায়িত্ব নিয়েছেন। এই মণ্ডপ চলতি বছর দর্শকদের ঠিক কতটা অবাক করে তুলতে পারে, সেটাই এখন দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles