RK NEWZ মহালয়ার সকালে হাওড়ায় ভয়াবহ আগুন। চ্যাটার্জিহাট এলাকার নতুন রাস্তা চত্বরে একটি তিনতলা বাড়িতে ভয়াবহ আগুন। চারটি দোকান ও একটি তিনতলা বাড়ি পুরোটাই ভস্মিভূত। বাড়ি পাঁচ সদস্য উদ্ধার করা হয়েছে। গুরুতর আহত একজন। তিনি চিকিৎসাধীন। খবর পাওয়ার পর পৌঁছয় দমকল বাহিনী। আগুন এখন নিয়ন্ত্রণে। কী করে দুর্ঘটনা তা জানা যায়নি। মহালয়ার ভোরে হাওড়ার তিনতলা ওই বাড়িটিতে আগুন লাগে। জানা গিয়েছে, তিনতলা বাড়িটির নিচের তলায় রয়েছে রাবারের গোডাউন। সেখান থেকেই আগুন ছড়িয়েছে বলে প্রাথমিক অনুমান। শনিবার সকালে আগুন লাগার পর দ্রুত তা বাড়ির অন্যান্য অংশে ছড়িয়ে ছড়িয়ে পড়ে। খবর যায় দমকলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। পরে আরও একটি ইঞ্জিন পাঠানো হয়। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন কর্মীরা। স্থানীয় যুবকরা আগে থেকেই আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। প্রায় ২ ঘণ্টা ধরে আগুন নেভানোর কাজ চলে। তারপর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারেন কর্মীরা। ওই বাড়ি থেকে শেখ নাজির হোসেন নামে প্রৌঢ়কে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাঁকে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে হাওড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দেবব্রত চৌধুরী নামে স্থানীয় এক বাসিন্দা বললেন, “ভোরবেলা আচমকাই দেখলাম ওই বাড়িটিতে আগুন লাগে। ওই বাড়ির বাসিন্দারা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন। না হলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারতো।” কী করে আগুন তা স্পষ্ট না হলেও, অনুমান শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে। দমকল সূত্রে জানা গিয়েছে, বাড়িতেই রাবার কারখানা থেকেই আগুন ছড়িয়েছে। সেখানে কোনও অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না। কারখানার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে দমকল। আগুন পুরোটাই নিয়ন্ত্রণে। কী কারণে এই অগ্নিকাণ্ড তা তদন্ত করে দেখেছেন আধিকারিকরা।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।



