Saturday, April 25, 2026
spot_imgspot_img

Top 5 This Week

spot_img

Related Posts

৭৭ বলে সেঞ্চুরি করে রেকর্ড স্মৃতি মন্ধানার!‌ এশিয়া কাপে অবশেষে ম্যাচ খেলতে নামল পাকিস্তান

নিউ চণ্ডীগড়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন স্মৃতি মন্ধানা। ঝোড়ো এই ইনিংসের পর ভারতীয় মহিলা ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও গড়েন। একগুচ্ছ নজির স্মৃতির নামের পাশে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষপর্যন্ত ৯১ বলে ১১৭ রানে আউট হন স্মৃতি। তাঁর ইনিংসে ছিল ১৪টি চার এবং ৪টি ছক্কা। স্মৃতির ঝকঝকে রানে ভর করে অস্ট্রেলিয়াকে ২৯৩ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও তাঁর দখলে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৭০ বলে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। তালিকায় তৃতীয় স্থানে হরমনপ্রীত কৌর। তিনি ৮২ বলে সেঞ্চুরি করেছিলেন। আরও একটা নজির ছুঁয়েছেন স্মৃতি। এদিন ওপেনার হিসাবে ১২তম সেঞ্চুরি হাঁকালেন। মহিলাদের ওয়ানডেতে ওপেনার হিসাবে সবচেয়ে বেশি শতরানের রেকর্ড এতদিন ছিল কিউয়ি ব্যাটার সুজি বেটস এবং ইংল্যান্ডের ট্যামি বিউমেন্টের দখলে। ১২টি করে সেঞ্চুরি রয়েছে তাঁদের। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির পর ওপেনার হিসাবে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড স্পর্শ করলেন স্মৃতি। চলতি বছরে সবথেকে বেশি রান করার রেকর্ডও গড়েছেন স্মৃতি। এ বছর ১৩টি ম্যাচে ৮০৩ রান করেছেন। দীপ্তি শর্মাকে পিছনে ফেলেছেন। ২০১৭ সালে ২০টি ম্যাচ খেলে ৭৮৭ রান করেছিলেন তিনি। একই বছরে ১৯ ম্যাচে ৭৮৩ রান করেছিলেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চারটি সেঞ্চুরি করে প্রথম স্থানে ইংল্যান্ডের ন্যাট শিভার ব্রান্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এদিন তৃতীয় সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে উঠে এলেন স্মৃতি।

এদিকে, এশিয়া কাপে টালবাহানার পর অবশেষে ম্যাচ খেলতে নামল পাকিস্তান। বুধবার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে ম্যাচ বয়কটের হুঁশিয়ারি দিয়েছিলেন সলমন আলি আঘারা। কিন্তু সারা বিকেল ধরে পরতে পরতে নাটকের পর অবশেষে মাঠে এসে পৌঁছয় পাক দল। একঘণ্টা দেরিতে টস হয়। টসে হেরে প্রথমে ব্যাট করতে হবে পাকিস্তানকে। হ্যান্ডশেক বিতর্কের জেরে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিলেন শাহিন আফ্রিদিরা। ভারতীয় বোর্ডের নির্দেশে কাজ করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট, এমন বিস্ফোরক অভিযোগ আনে পিসিবি। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে বহিষ্কার না করলে পাকিস্তান ম্যাচ বয়কটের হুমকিও দেয়। কিন্তু আইসিসি সাফ জানিয়ে দেয়, পাইক্রফটকে কোনওমতেই সরানো হবে না। বুধবার সকালেও পাইক্রফটকে সরানোর আবেদন করে পিসিবি। সেই আবেদন আইসিসি পত্রপাঠ খারিজ করে দেয়। বয়কটের সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলে পাকিস্তান। পিসিবির তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও ক্রিকেটার মাঠে যাবেন না। যাঁরা বাসে উঠেছেন, তাঁদের দ্রুত নেমে গিয়ে হোটেলে ফিরতে বলা হয় বোর্ডের তরফে। কিন্তু খানিকক্ষণের মধ্যেই পরিস্থিতি পালটাতে শুরু করে। পিসিবির মুখপাত্র জানান, পাকিস্তানের তরফে অনুরোধ জানানো হয়েছে ম্যাচ যেন একঘণ্টা পিছিয়ে দেওয়া হয়। যাঁকে ঘিরে এত নাটক, সেই পাইক্রফটকে ডেকে পাঠানো হয় আইসিসি হেডকোয়ার্টারে। কিন্তু ম্যাচ পিছিয়ে দেওয়ার অনুরোধে কে মান্যতা দিল, সেই নিয়ে প্রশ্ন থেকেই যায়। পাক বোর্ডের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ভারত-পাক ম্যাচে নিজের ব্যবহারের জন্য ক্ষমা চেয়েছেন পাইক্রফট। ভুল বোঝাবুঝির কারণেই দুই দলের অধিনায়ককে হ্যান্ডশেক করতে বারণ করেছিলেন বলে জানান ম্যাচ রেফারি। ওই ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের অভিযোগ তদন্ত করবে বলেও জানিয়েছে আইসিসি। এই বিবৃতি জারি হওয়ার পরে টস করতে নামেন পাক অধিনায়ক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles