Friday, July 24, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

ওভাল টেস্টে বৃষ্টির থাবা!‌ দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে দিলেন সৌরভ!‌

ওভালে ভারত-ইংল্যান্ড সিরিজের অন্তিম টেস্ট। ম‌্যাচটা টিম ইন্ডিয়ার কাছে মরণবাঁচনের। জিততেই হবে। ড্র হলে চলবে না। শুভমান গিলরা জিততে না পারলে বিলেতের মাঠ থেকে সিরিজ হেরে ফিরতে হবে। মরণবাঁচন ম্যাচে চারটি বদল করেন শুভমান। ঋষভ পন্থের পরিবর্তে ধ্রুব জুরেল, শার্দূল ঠাকুরের পরিবর্তে করুণ নায়ার, জশপ্রীত বুমরাহর পরিবর্তে প্রসিদ্ধ কৃষ্ণ এবং অংশুল কম্বোজের পরিবর্তে আকাশ দীপকে খেলাচ্ছে ভারত। টস জিতে এদিন বল করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক অলি পোপ। চতুর্থ ওভারেই আউট হয়ে যান ওপেনার যশস্বী জয়সওয়াল। ১৬ তম ওভারে মাত্র ১৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন কেএল রাহুলও। তারপরেই বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ খেলা বন্ধ হয়ে যায়। প্রায় দু’ঘণ্টা পরে ফের মাঠে নামেন ক্রিকেটাররা। ধীরে ধীরে পার্টনারশিপ গড়ার চেষ্টা করেন অধিনায়ক গিল এবং সাই সুদর্শন। বিপজ্জনকভাবে রান নিতে গিয়ে উইকেট ছুড়ে দিয়ে আসেন গিল। ২১ রানে আউট হন। শুভমান আউট হওয়ার পর ফের ঝেঁপে বৃষ্টি আসে ওভালে। আবারও খেলা বন্ধ করতে বাধ্য হন আম্পায়াররা। প্রথম দিনের জন্য বরাদ্দ সময়ের অধিকাংশটা কেটে গেলেও মাত্র ২৯ ওভার খেলা হয়। প্রশ্ন, পুরো সময়টা কি আদৌ খেলা হবে ওভালে? পূর্বাভাস, পাঁচ দিন ধরে বৃষ্টির প্রভাব ম্যাচের উপর পড়বে বলেই মনে করা হচ্ছে। অ্যাকুওয়েদার বলছে, প্রথম দিন সকালের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। এমনকী এর জন্য হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৭৭ শতাংশ।

ইংল্যান্ডে ভারতের দল নির্বাচন নিয়ে প্রশ্ন। কেন কুলদীপ যাদবকে একটা টেস্টেও খেলানো হল না? কেন অংশুল কম্বোজকে টেনে নিয়ে গিয়ে অভিষেক করিয়ে দেওয়া হল? গৌতম গম্ভীরের একাধিক সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সৌরভ গঙ্গোপাধ্যায়ও। ইংল্যান্ড সিরিজে ভারতের দল নির্বাচন দেখে খুশি হতে পারেননি। প্রথম একাদশে দু’জন ক্রিকেটারকে দেখতে চেয়েছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সৌরভ বলেন, “আমি জাতীয় দলে মুকেশ কুমারকে দেখতে না পেয়ে অবাক হয়েছি। ঘরোয়া ক্রিকেটে ও দুর্দান্ত বল করছে। ইংল্যান্ডের পরিবেশে ও ভারতের বড় শক্তি হতে পারত। আশা করছি ভবিষ্যতে ওকে সুযোগ দেওয়া হবে। ইংল্যান্ড ওভালে চার পেসার খেলাচ্ছে। ওরা পিচে ঘাস রেখেছে। ইচ্ছা করেই ওরা এটা করেছে। আগে অশ্বিন ও জাডেজার মতো স্পিনারকে ভারত পেয়েছে। ভারত যাতে বেশি স্পিনার খেলাতে না পারে তার জন্যই ঘাস রাখা হয়েছে। আমি ম্যাঞ্চেস্টার, লর্ডস, এমনকি, বার্মিংহামেও কুলদীপকে দেখতে চেয়েছিলাম। ভাল স্পিনার না থাকলে পঞ্চম দিন একটা দলকে অল আউট করা কঠিন। ইংল্যান্ডের দলেও ভাল স্পিনার নেই। তাই ভারতের রান করতে সুবিধা হয়েছে। আগে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কায় ওয়ার্ন-মুরলিথরনের মতো স্পিনার ছিল। ইংল্যান্ডে সোয়ান, পানেসর ছিল। ভারতের কুম্বলে, হরভজন ছিল। এই পরিস্থিতিতে ভারত কুলদীপকে খেলাতে পারত। ও দলের ভবিষ্যতের জন্য খুব জরুরি।” ২০-২২ বছর আগের কথা স্মরণ করে সৌরভ বলেন, “২০০২-২০০৭ সাল পর্যন্ত ইংল্যান্ডে আমাদের ওপেনার থেকে শুরু করে মিডল অর্ডার শতরান করত। আমি করেছি। দ্রাবিড় করেছে। সহবাগও করেছে। এই সিরিজ়েও সেটা দেখতে পারছি। ভারতের ব্যাটিং অর্ডারের প্রায় সকলেই শতরান করেছে। তবে শুভমনের কথা আলাদা করে বলতে হয়। ও দুর্দান্ত ব্যাট করেছে।” ম্যাঞ্চেস্টারে অভিষেক টেস্টে কম্বোজের ১৮ ওভার বল করে ৮৯ রান দিয়েছেন। নিয়েছেন ১ উইকেট। ওভার প্রতি প্রায় ৫ রান করে দিয়েছেন। কম্বোজের বলের গড় গতি ১২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা নিয়েও সমালোচনা। সৌরভের মতে,“একটা টেস্ট দেখে কম্বোজকে বিচার করা ঠিক হবে না। ওর বয়স কম। ঘরোয়া ক্রিকেটে অনেক উইকেট নিয়েছে। সাত-আট টেস্ট দেখে তবেই কাউকে ভাল-খারাপ বলা উচিত।” বাংলার মুকেশের পাশাপাশি আরও এক বোলারকে না খেলানোয় অবাক সৌরভ। কুলদীপ যাদবকে দেখতে চেয়েছিলেন সৌরভ। ইংল্যান্ড দলেও ভাল স্পিনার না থাকায় ভারতের ব্যাট করতে সুবিধা হয়েছে বলে মনে করেন সৌরভ। চলতি সিরিজ়ে লর্ডসে দ্বিতীয় ইনিংস বাদে ভাল ব্যাট করেছে ভারত। প্রতি ইনিংসে রান করেছেন শুভমন গিলেরা। ভারতের ব্যাটিং দেখে খুশি সৌরভ।

ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে বৈভব সূর্যবংশী ছিল উজ্জ্বল। এবার অস্ট্রেলিয়া। সেপ্টেম্বর-অক্টোবরে রয়েছে অস্ট্রেলিয়া সফর। তার আগে অনূর্ধ্ব-১৯ দল দল ঘোষণা করেছে বিসিসিআই। সেখানে সুযোগ পেয়েছে বৈভব। অজিভূমে যুব দলের সঙ্গে তিনটি ওয়ানডে এবং দু’টো চার দিনের ম্যাচ খেলবে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দল। প্রথম ওয়ানডে ২১ সেপ্টেম্বর। সিরিজের তিনটি একদিনের ম্যাচই ব্রিসবেনের ইয়ান হিলি ওভালে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে ২৪ এবং ২৬ সেপ্টেম্বর। পাশাপাশি দু’টি চার দিনের ম্যাচের প্রথমটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর, ইয়ান হিলি ওভালে। দ্বিতীয় চার দিনের ম্যাচ ৭-১০ অক্টোবর, ম্যাকেয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরিনায়। দলের অধিনায়ক রেখে দেওয়া হয়েছে আয়ুষ মাত্রেকে। ইংল্যান্ডের বিরুদ্ধে বেসরকারি টেস্টে রান পেয়েছেন ১৮ বছর বয়সি এই ক্রিকেটার। চার টেস্টে তাঁর সংগ্রহ ৩৪০ রান। এর মধ্যে দু’টি সেঞ্চুরি এবং একটি হাফসেঞ্চুরি রয়েছে। সহ-অধিনায়ক বিহান মালহোত্রা। লাল বলের ক্রিকেটে সেভাবে রান না পেলেও ওয়ানডে’তে তুরীয় মেজাজে ছিল বৈভব। সম্প্রতি ইংল্যান্ডের বিরুদ্ধে মাত্র ৫২ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তৈরি করেছে বিশ্বরেকর্ড। তরুণদের ওয়ানডেতে পাকিস্তানের কামরান গুলামের ৫৩ বলে সেঞ্চুরির রেকর্ড ভেঙেছে ভারতের এই ‘বিস্ময় বালক’। সব মিলিয়ে পাঁচটি ওয়ানডে’তে ৩৫৫ রান এসেছিল তার ব্যাট থেকে। ২০২৪ সালে চেন্নাইয়ে যুব টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করেছিল বৈভব। প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়াই। তার লক্ষ্য থাকবে, অস্ট্রেলিয়ায় লাল বলের ক্রিকেটে নিজের দক্ষতা প্রমাণ করা।

ভারতের অনূর্ধ্ব-১৯ দল
আয়ুষ মাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সূর্যবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আরএস অম্বরীশ, কণিষ্ক চৌহান, নমন পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষাণ কুমার, আনোয়ান প্যাটেল, কিষান কুমার, আনোয়ান কুমার, ডি. চৌহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles