Monday, July 13, 2026

Top 5 This Week

spot_img

Related Posts

কলকাতা ফুটবল লিগের জমকালো উদ্বোধন নৈহাটিতে!‌ বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম লেজার শো থেকে আতস বাজি প্রদর্শনীতে ঝলমলে

নৈহাটিতে কলকাতা প্রিমিয়ার ডিভিশনের জমকালো সূচনা। লেজার শো থেকে বাজি প্রদর্শনী। বাংলার ফুটবলপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৫ জুন নৈহাটির বঙ্কিমাঞ্জলি ১২৭তম কলকাতা ফুটবল লিগের শুভসূচনা। কলকাতার ফুটবলপ্রেমীদের ফুটবল প্রেম, ঐতিহ্য, আবেগের, ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা। জমকালো এক সাংস্কৃতিক অনুষ্ঠান আর ক্রীড়া‌ গৌরবের সমাবর্তন উদ্বোধনী অনুষ্ঠান। এবছর কলকাতা লিগ উৎসর্গ করা হয়েছে ভারতীয় ফুটবলের অন্যতম কিংবদন্তি, প্রয়াত প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়ের স্মৃতির প্রতি। বাংলার মাঠে তাঁর অবদান আজও অম্লান, আর সেই সম্মানেই ২০২৫-২৬ মরসুমে তাঁকে উৎসর্গ করে শুরু হল এই লিগ।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল কালীঘাট মিলন সংঘ ও বেহালা এসএস স্পোর্টিং ক্লাব। আকর্ষণের কেন্দ্রবিন্দু প্রাক-ম্যাচ অনুষ্ঠান। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়াক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। মঞ্চে ছিলেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব অনির্বাণ দত্ত, ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক, নৈহাটির বিধায়ক সনৎ দে এবং শ্রাচী গ্রুপের কর্ণধার রাহুল টোডি। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। সাংস্কৃতিক অনুষ্ঠানে ঝলমল করে উঠেছিল মঞ্চ। সুরের জাদু ছড়িয়ে দর্শকদের মন জয় করে নেন জনপ্রিয় গায়িকা পৌষালী চক্রবর্তী। তাঁর কণ্ঠে একের পর এক গান যেন ফুটবল উন্মাদনার আবহকে আরও তীব্র করে তোলে। এক মনোমুগ্ধকর লেজার শো ও বাজি প্রদর্শনী, যা স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শকের মন উদ্বেলিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে আইএফএ কর্মকর্তারা বল ছুঁড়ে দেন দর্শকদের উদ্দেশ্যে, যা ছিল ঐতিহ্যের এক প্রতীকী চিত্র। সেই মুহূর্তে গ্যালারির জনস্রোত যেন একযোগে চিৎকারে ফুটিয়ে তোলে ফুটবলের প্রতি বাঙালির ভালোবাসা। নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল এক উৎসবমুখর প্রাঙ্গণ। চারদিকের সাজসজ্জা, রঙিন আলো, আবেগময় মুহূর্তগুলোর মধ্যে দিয়ে কলকাতা লিগের ১২৭তম সংস্করণ শুরু হল এক অনন্য আয়োজনে। সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া ঐতিহ্যের উদযাপন।

গত মরসুমের কলকাতা লিগ চ্যাম্পিয়ন দলের নাম এখনও ঘোষণা হয়নি। হাইকোর্টে ঝুলে আছে মামলা। ইস্টবেঙ্গল না ডায়মন্ডহারবার এফসি, কার কোর্টে বল যাবে তা আদালতেই পরিষ্কার হবে। আইএফএ-র সঙ্গে আইনি লড়াইয়ে নেমেছে ডায়মন্ডহারবার এফসি। প্রাথমিক ভাবে সাতটি রাউন্ডের সূচি ঘোষণা করেছে আইএফএ। ২০ জুলাই পর্যন্ত সূচি ঘোষণা করেছে আইএফএ। ডুরান্ডের সূচি ঘোষণার পর লিগের বাকি ম্যাচের দিনক্ষণ স্থির করবে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা। ২৫ তারিখ থেকে শুরু কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলায় নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বেহালা এসএস আর কালীঘাট মিলন সংঘ। উদ্বোধনী অনুষ্ঠানের পর নৈশালোকে শুরু হয় ম্যাচ। সূচিতে ২ জুলাই পর্যন্ত সব ম্যাচের ভেনু ঠিক হলেও বাকি ম্যাচের ভেনু ঠিক হয়নি।

২৭ তারিখ মাঠে নামছে ইস্টবেঙ্গল। নৈহাটি স্টেডিয়ামে লাল-হলুদের প্রতিপক্ষ মেসারার্স ক্লাব। ৩০ তারিখ নৈহাটিতে লিগ অভিযান শুরু মোহনবাগানের। প্রতিপক্ষ পুলিশ এসি। ২৯ তারিখ বারাকপুরে পিয়ারলেসের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লিগ শুরু করবে মহমেডান স্পোর্টিং। ২ তারিখ বিধাননগর গ্রাউন্ডে শ্রীভূমি এফসির বিরুদ্ধে মাঠে নামবে ডায়মন্ডহারবার এফসি। কলকাতা লিগের ডার্বি ১৯ জুলাই। ভেনু এখনও সরকারি ভাবে ঘোষণা না হলেও, সূত্রের খবর ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি হচ্ছে বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে। দীর্ঘ কয়েক বছর পর বারাসতে বল গড়াচ্ছে। নতুন ভাবে সাজিয়ে তোলা হয়েছে বারাসত বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনকে। ফিল্ড টার্ফ সরিয়ে নতুন ভাবে ঘাসের মাঠে সেজে উঠছে এই স্টেডিয়াম। ইস্টবেঙ্গল-মোহনবাগান কলকাতা লিগের ডার্বি দিয়েই বারাসতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনের দরজা ফের খুলতে চলেছে।

ইস্টবেঙ্গলের সূচি:
২৭ জুন, মেসারার্স, নৈহাটি
৩ জুলাই, সুরুচি সংঘ
৮ জুলাই, বেহালা এসএস
১২ জুলাই, কাস্টমস
১৫ জুলাই, পাঠচক্র
১৯ জুলাই, মোহনবাগান

মোহনবাগানের সূচি:
৩০ জুন, পুলিশ এসি, নৈহাটি
৩ জুলাই, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন
৭ জুলাই, রেলওয়ে এফসি
১১ জুলাই, জর্জ টেলিগ্রাফ
১৬ জুলাই, কালীঘাট মিলন সংঘ
১৯ জুলাই, ইস্টবেঙ্গল

মহমেডানের সূচি:
২৯ জুন, পিয়ারলেস, বারাকপুর
৫ জুলাই, কলকাতা পুলিশ
৯ জুলাই, ইউনাইটেড স্পোর্টস
১৩ জুলাই, রেনবো
১৭ জুলাই, খিদিরপুর
২০ জুলাই, ডায়মন্ডহারবার এফসি

লিওনেল মেসির সই করা জার্সি পৌঁছেছে মোহনবাগান তাঁবুতে। মহাতারকার জন্মদিনের দিনই এই উপহার পেল শতাব্দীপ্রাচীন ক্লাব। ক্রীড়া উদ্যোগপতি শতদ্রু দত্তের মারফত নিজের সই করা জার্সি মোহনবাগান ক্লাবকে উপহার দেন ফুটবলের রাজপুত্র। সন্ধেয় আর্জেন্টিনার এই জার্সি মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং সচিব সৃঞ্জয় বসুর হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন শতদ্রু দত্তও। তাঁর মাধ্যমে মেসিকে জন্মদিনের শুভেচ্ছাবার্তাও পাঠানো হয়। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের উদ্দেশ্যে ছিল একটি ফুলের স্তবকও। ডিসেম্বরে কলকাতায় আসার প্রবল সম্ভাবনা রয়েছে মেসির। শেষপর্যন্ত ঐতিহ্যবাহী মোহনবাগান তাঁবুতে পা রাখবেন কিনা জানা নেই। জন্মদিনের শুভক্ষণে এই অনুরোধ রাখেন মোহনবাগানের দুই শীর্ষকর্তা। মোহনবাগান ক্লাবে বহু কিংবদন্তির পা পড়েছে। এসেছেন দিয়েগো মারাদোনাও। একবছর আগে ঘুরে গিয়েছেন মেসির সতীর্থ আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। ক্লাবের ঐতিহ্য, সমর্থকের ঢল দেখে মুগ্ধ হয়ে জানিয়েছিলেন, এরকম পরিবেশে মেসি অবশ্যই আসতে চাইবে। বন্ধু এবং সতীর্থকে নিয়ে আরও একবার ভারতে, তথা কলকাতায় আসার ইচ্ছাপ্রকাশ করেন এমি। মেসির জন্মদিনের শুভক্ষণে ক্লাবতাঁবুতে জার্সি পৌঁছনোর ঘটনা আরও একটি দৃষ্টান্ত।

গত কয়েক মাস আগেই যোগ দিয়েছিলেন আইএফএ-র সিইও-র পদে। সেই পদ থেকেই এবার পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায় দায়িত্ব নিতে চলেছেন গায়ানা ফুটবলের। ফিফার মাধ্যমে সে দেশের ফুটবল সচিব হলেন এই বাঙালি ফুটবল কর্তা। আইএফএ-তে যোগ দেওয়ার আগে তিনি দীর্ঘ এক দশকের বেশি কাজ করেছেন ভারতীয় ফুটবল ফেডারেশনে। গত মাসেই আইএফএ-তে ইস্তফার কথা জানিয়ে দিয়েছেন পুষ্পার্ঘ্য। এখন চলছে কাগজপত্র তৈরির কাজ। এই মুহূর্তে ফিফা সামিটে যোগ দিতে আমেরিকায় বাঙালি ফুটবল কর্তা। জানালেন, “এই সুযোগটা আসে ফিফার মাধ্যমে। আমার আগস্ট মাসে যোগ দেওয়ার কথা।” ফিফা র‍্যাঙ্কিংয়ে গায়ানা ফুটবল রয়েছে ১৫২তম স্থানে। পুষ্পার্ঘ্যের লক্ষ্য এই স্থান থেকে দেশটিকে আরও উপরে তুলে আনা। অন্যদিকে গায়ানা ফুটবল ফেডারেশনের থেকেও জানানো হয়, “পুষ্পার্ঘ্য চট্টোপাধ্যায়কে তাঁর অসাধারণ যোগ্যতা এবং ফুটবল ফেডারেশনের কৌশলগত পদ্ধতির সঙ্গে তাঁর পরিকল্পনার সাদৃশ্যের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে।” ফেব্রুয়ারি থেকে গায়ানা ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা শুরু হয়েছিল পুষ্পার্ঘ্যর। এই চার মাসে চার রাউন্ড ইন্টারভিউ হয়েছে তাঁর। ফিফা এই মুহূর্তে পিছিয়ে থাকা দেশগুলোকে সহায়তা করছে। সেই রকমই র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা দেশগুলোকে সচিবের মতো পদে নিয়োগ করছে। ১ আগস্ট থেকে এই নতুন দায়িত্ব পালন করবেন পুষ্পার্ঘ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular Articles